এবার পালা ভোটের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এত দিন নিজেদের পক্ষে ভোট চেয়ে এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্য চষে বেড়িয়েছেন প্রেসিডেন্ট প্রার্থীরা। চেষ্টা করেছেন ভোটারদের নিজের পক্ষে টানার। কে কতটুকু সফল হয়েছেন, সেই পরীক্ষার চূড়ান্ত দিন চলে এসেছে। ভোটকেন্দ্র প্রস্তুত আছে, এখন ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পালা। আগাম ভোট দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে অনেকে ভোট দিয়ে ফেলেছেন; তবে সেই সংখ্যা খুব বেশি না। বেশির ভাগ ভোটার এখনো ভোট দেননি, তাঁদের অপেক্ষাতেই আছে ভোটকেন্দ্রগুলো।
ভোটের আগে প্রধান দুই প্রেসিডেন্ট প্রার্থী জনগণের প্রতি শেষ আবেদন জানিয়েছেন। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ঐক্য আর সংহতির আবেদন জানিয়েছেন। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তেও হিলারির সমালোচনা করেছেন। বলেছেন, হিলারি ব্যর্থতার প্রতিচ্ছবি। আমেরিকার সম্পদ অন্যরা নিয়ে নিচ্ছে। দেশ বাঁচাতে, সম্পদ রক্ষা করতে, ওয়াশিংটনকে ব্যর্থতার হাত থেকে রক্ষা করতে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ছয়টা থেকে ভোট শুরু হওয়ার কথা। ভোট গ্রহণ চলবে রাত নয়টা পর্যন্ত। সোমবার মধ্যরাতে নগরকেন্দ্রের বড় বড় টিভি স্ক্রিনের সামনে চলেছে বিশ্লেষণের পর বিশ্লেষণ। খোদ প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা সাবেক ফার্স্ট লেডি হিলারির পক্ষে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ওবামা বলেন, মঙ্গলবারের নির্বাচনে আবার প্রমাণিত হবে আমেরিকা একটি মহান দেশ।
হিলারি ও ট্রাম্প সোমবার দিন থেকে মধ্যরাত পর্যন্ত ডজন খানেক সভা করেছেন। হিলারি ফিলাডেলফিয়াতে তাঁর প্রচারণা মৌসুমের সবচেয়ে বড় সমাবেশে বলেছেন, ‘আমাদের জীবনকালে কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা।’ ক্রোধ-বিভেদের পক্ষে নয়, সংহতি আর প্রত্যাশার পক্ষে ভোট দিয়ে আমেরিকার বিশালত্ব আবারও প্রমাণ করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। আর ডজন খানেক প্রচারণা সভায় ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যম, অবৈধ অভিবাসীদের কারণে আমেরিকার চাকরি বাজার সংকুচিত হওয়াসহ ভয়-জাগানিয়া নানা কথা বলেছেন। একই সঙ্গে তিনি মঙ্গলবারের নির্বাচনে তাঁর জয় নিয়ে নিশ্চিত বলে জানিয়েছেন।
আমেরিকার নির্বাচনে কারচুপির তেমন অভিযোগ ওঠেনি অতীতে। তারপরও নির্বাচন পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক রাখা হয়। এবার ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে কারচুপি হবে—এমন অভিযোগ করে আসছিলেন। কেন্দ্রীয় বিচার বিভাগ জানিয়েছে, ২৮টি রাজ্যে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৫০০ জন পর্যবেক্ষক থাকবেন। ৬৭ এলাকায় জনগণ কোনো ভয়ভীতি ছাড়া ভোট দিতে পারছেন কি না, তা দেখার জন্যও কেন্দ্রীয় বিচার বিভাগ থেকে লোক নিয়োগ দেওয়া হয়েছে।
আমেরিকার মানুষের কাছে এখন ২৭০ সংখ্যাটি নিয়ে আলোচনা চলছে একের পর এক। অঙ্গরাজ্যগুলো থেকে জয় লাভ করে ২৭০ ইলেকটোরাল ভোট কে পাচ্ছেন, তার হিসাব নিয়ে চলছে নানা সমীকরণ। ফ্লোরিডা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, মিশিগান ও নিউ হ্যাম্পশায়ারে ভোটের ফল কী হবে, এ নিয়ে আলোচনা এখন মুখে মুখে। কারণ, মুহূর্তে মুহূর্তে পাল্টাচ্ছে এসব রাজ্যের জনমতের জরিপের পারদ। প্রাক-জনমত জরিপে তুমুল প্রতিদ্বন্দ্বিতার এ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের জন্য ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা, ওহাইও ও আইওয়াতে জিততেই হবে। এসব রাজ্যের যেকোনো একটির ফলাফল-বিপর্যয় ডোনাল্ড ট্রাম্পের জন্য ২৭০ নম্বরে পৌঁছানো দুরূহ করে তুলবে। হিলারি ক্লিনটনের জন্য নীল রাজ্য হিসেবে পরিচিত পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিন ধরে রাখতে হবে। এই তিনটিতে জয় ধরে রাখার পর তিনি ফ্লোরিডা, ওহাইও ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের মধ্যে যেকোনো একটিতে জয়লাভ করলেই নির্বাচিত হতে পারবেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন