এবার রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ করা অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের বিরুদ্ধে। প্রভাবশালী সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট বলেছে, গত বছরের জুলাই ও সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে দুবার বৈঠক করেছিলেন সেশনস। কংগ্রেসে মনোনয়ন চূড়ান্ত হওয়ার শুনানিতে সেশনস যা বলেছিলেন, এ খবর দৃশ্যত তার বিপরীত। শুনানিতে তিনি রুশ কোনো কর্মকর্তার সঙ্গে ট্রাম্পের নির্বাচন নিয়ে কথা বলার বিষয়টি অস্বীকার করেছিলেন।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে রুশ সংশ্লিষ্টতার জেরেই ট্রাম্প গত মাসের মাঝামাঝি তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে বরখাস্ত করতে বাধ্য হন।
ওয়াশিংটন পোস্ট-এ জেফ সেশনসের রুশ যোগাযোগের খবর প্রকাশ পাওয়ার পর বেশ বেকায়দায় পড়েছেন তিনি। ইতিমধ্যে তাঁর পদত্যাগের দাবি উঠেছে ডেমোক্র্যাট শিবির থেকে।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর ওয়াশিংটন পোস্টকে বলেছে, গত বছর সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য হিসেবে সেশনস রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছিলেন।
উপদেষ্টা মাইকেল ফ্লিন বরখাস্ত হওয়ার পর একই ধরনের কাজে অ্যাটর্নি জেনারেল সেশনসের জড়িত থাকার খবরে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের প্রচারণা শিবিরের যোগাযোগ এবং নির্বাচনে ‘তাঁর পক্ষে’ রুশ হ্যাকিংয়ের অভিযোগের বিষয়টি আবার সামনে এল। ট্রাম্প ও তাঁর সহযোগীরা অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
ট্রাম্পের অভিষেকের কিছুদিন আগে রাষ্ট্রদূত কিসলিয়াকের সঙ্গে রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করেছিলেন মাইকেল ফ্লিন। ফ্লিন তখন কোনো সরকারি পদে না থাকায় ওই বিষয়ে আলোচনা করে থাকলে মার্কিন আইনে তা হবে বেআইনি।
জেফ সেশনসের রুশ যোগাযোগের খবরের প্রতিক্রিয়ায় ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি বলেন, শপথ নিয়েও মিথ্যা বলায় তাঁর (সেশনস) অবিলম্বে পদত্যাগ করা উচিত। অন্য ডেমোক্র্যাট নেতারা বলছেন, রাশিয়ার কর্তৃপক্ষের হস্তক্ষেপের কারণেই সেশনসের বিরুদ্ধে তদন্তে পিছু হটে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
রাশিয়ার সঙ্গে ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠজনদের কথিত যোগাযোগ নিয়ে তদন্ত করছে এফবিআই। আর সেশনসের অধীনেই ওই সংস্থা। ফলে তিনি পদে বহাল থাকলে তদন্তও বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা ডেমোক্র্যাট নেতাদের।
জেফ সেশনস রুশ সম্পৃক্ততার কথা অস্বীকার করে এক বার্তায় বলেন, ‘আমি নির্বাচনী প্রচারণা বা এ-সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করতে রাশিয়ার কোনো কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করিনি। এই অভিযোগ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এটি ভুয়া অভিযোগ।’
সেশনসের মুখপাত্র সারাহ ইজগুর বলেন, গত বছর ২৫ জন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, উত্তর কোরিয়া, জাপান, ভারত, চীন, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, পোল্যান্ড ও রাশিয়ার রাষ্ট্রদূত। নিজের দায়িত্বের অংশ হিসেবেই এসব সাক্ষাৎ হয়।
হোয়াইট হাউসও এই অভিযোগ অস্বীকার করেছে। সেখানকার এক মুখপাত্র এ-সংক্রান্ত প্রতিবেদনকে ‘আক্রমণ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য হিসেবে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সেশনসের বৈঠক কোনো অনিয়ম নয়। এটি তাঁর শপথের লঙ্ঘনও নয়। কেননা, তিনি শুনানিতে বলেছেন, ট্রাম্পের নির্বাচন নিয়ে আলোচনার জন্য তিনি কোনো রুশ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেননি।
গত ১০ জানুয়ারি সিনেটের শুনানিতে সেশনস দাবি করেছিলেন, রাশিয়া ও ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের মধ্যকার কথিত যোগাযোগের ব্যাপারে তাঁর কোনো ধারণা নেই।
আলাবামা অঙ্গরাজ্যের সিনেটর জেফ সেশনস ৮ ফেব্রুয়ারি সিনেটের ভোটাভুটিতে কোনো মতে উতরে যান। তাঁর পক্ষে পড়ে ৫২ ভোট, বিপক্ষে ৪৭। একজন বাদে ডেমোক্র্যাট সিনেটরদের সবাই জেফের বিপক্ষে ভোট দেন। পরদিন শপথ নেন তিনি।
মানবাধিকার ইস্যুতে জেফের অতীতের ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। আফ্রিকান আমেরিকান ও অন্য সংখ্যালঘুদের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।