এবার ফার্গুসনে গুলিবিদ্ধ পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্গুসনে প্রতিবাদ সমাবেশ চলাকালে এক বিক্ষোভকারীকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে। গত বুধবার শহরের পুলিশপ্রধানের পদত্যাগের পর পুলিশ বিভাগের কার্যালয়ের বাইরে ওই বিক্ষোভ শুরু হয় l ছবি: এএফপি
ফার্গুসনে প্রতিবাদ সমাবেশ চলাকালে এক বিক্ষোভকারীকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে। গত বুধবার শহরের পুলিশপ্রধানের পদত্যাগের পর পুলিশ বিভাগের কার্যালয়ের বাইরে ওই বিক্ষোভ শুরু হয় l ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন উপশহরে এবার গুলিবিদ্ধ হলেন দুই পুলিশ সদস্য। পুলিশি নির্মমতার বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের বিক্ষোভ চলার সময় গত বুধবার গভীর রাতে পুলিশের দুই সদস্যের ওপর গুলি করা হয়েছে। বর্ণবাদী হিসেবে অভিযুক্ত স্থানীয় পুলিশ বাহিনী ও প্রশাসনের বিরুদ্ধে ধিকিধিকি ক্ষোভের আগুনের মধ্যে এ ঘটনা ঘটল। খবর রয়টার্স, এএফপি ও বিবিসির।
স্থানীয় পুলিশ সদর দপ্তরের বাইরে গুলিবিদ্ধ হন দুই পুলিশ সদস্য। এ ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই পদত্যাগ করেছিলেন শহরটির পুলিশপ্রধান টমাস জ্যাকসন।
স্থানীয় কালো মানুষদের প্রতি ফার্গুসনের শ্বেতাঙ্গ সংখ্যাগরিষ্ঠ পুলিশ বাহিনী বর্ণবাদী আচরণ করে বলে দীর্ঘদিনের অভিযোগ। মাইকেল ব্রাউন নামের (১৮) কৃষ্ণাঙ্গ এক নিরস্ত্র তরুণ গত বছরের ৯ আগস্ট শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিহত হওয়ার পর সেন্ট লুইসের ফার্গুসন শহরতলিতে বিক্ষোভ শুরু হয়। পরে গ্র্যান্ড জুরি হত্যাকাণ্ডের অভিযোগ থেকে শ্বেতাঙ্গ পুলিশ ড্যারেন উইলসনকে অব্যাহতি দিলে ফার্গুসনসহ সারা দেশে সহিংস বিক্ষোভ হয়।
সেন্ট লুইস কাউন্টি পুলিশের প্রধান জন বেলমার গতকাল বৃহস্পতিবার বলেন, পুলিশের একজন সদস্যের মুখে এবং আরেকজনের কাঁধে গুলি লেগেছে। চেতনা না হারালেও তাঁদের আঘাত গুরুতর। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। জন বেলমার বলেন, তাঁরা ঘটনার সময় দায়িত্ব পালন করছিলেন। কেবল পুলিশ সদস্য হওয়ার কারণেই তাঁদের গুলি করা হয়েছে এটা নিশ্চিত।
রয়টার্সের একজন আলোকচিত্রী বলেন, ফার্গুসন পুলিশ বিভাগের কার্যালয়ের বাইরে বেশ কয়েকজন বিক্ষোভকারী বুধবার রাতে অবস্থান নেন। তাঁরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু করেন। কিন্তু পরে দাঙ্গা পুলিশ তাঁদের বাধা দেয় এবং দুজনকে আটক করে। মধ্যরাতের দিকে আচমকা গুলির ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের অনেকে তখন আতঙ্কিত হয়ে এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন।
পুলিশের ওপর হামলাকারী অজ্ঞাত বন্দুকধারী ভিড়ের মধ্যে মিশে যায় বলে জানিয়েছেন বেলমার। তবে বিক্ষোভকারীদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তাঁদের অবস্থান থেকে কোনো গুলি করা হয়নি। আশপাশের উঁচু কোনো স্থান থেকে গুলি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মার্কাস রয়েরার সিএনএনকে বলেন, বুধবার রাতে বিক্ষোভের সময় সেখানে উত্তেজনা ছিল। প্রথম গুলির শব্দ শুনে তিনি ছোটখাটো কোনো বিস্ফোরণ বলে ভেবেছিলেন। কিন্তু একজন পুলিশকে লুটিয়ে পড়তে দেখে বুঝতে পারেন, ঘটনা আরও গুরুতর। বিক্ষোভকারীদের একটি ছোট দলের মধ্য থেকেই গুলির শব্দ শোনা গিয়েছিল। তবে তাই বলে ঘটনার দায় বিক্ষোভকারীদের ওপর চাপিয়ে দেওয়াটা অন্যায্য হবে।
কেন্দ্রীয় সরকারের বিচার বিভাগের এক প্রতিবেদনে সম্প্রতি ফার্গুসন প্রশাসনের তীব্র সমালোচনা করা হয়। মাইকেল ব্রাউন হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে গত বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ফার্গুসনের পুলিশ ও বিচারব্যবস্থা ব্যাপকভাবে বর্ণবাদী।
ফার্গুসনের পুলিশ কর্মকর্তাদের মধ্যে গত সাত মাসে বরখাস্ত হয়েছেন বা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, এমন পুলিশ কর্মকর্তাদের মধ্যে টমাস জ্যাকসন ষষ্ঠ। মাইকেল ব্রাউন হত্যাকাণ্ডের পর থেকে বিক্ষোভকারীরা তাঁর পদত্যাগ দাবি করছিলেন। বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনেও তাঁর ভূমিকার সমালোচনা করা হয়।
বিচার বিভাগ স্থানীয় পুলিশ ও বিচারব্যবস্থার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলার প্রেক্ষাপটে গত মঙ্গলবার উপশহর পরিষদের প্রধান নির্বাহী এবং সোমবার পৌর বিচারকও পদত্যাগ করেন।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার গত শুক্রবার বলেন, ফার্গুসন পুলিশে সংস্কারের জন্য কর্তৃপক্ষকে পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে হবে। প্রয়োজনে ওই পুলিশ বিভাগ ভেঙে ফেলার মতো পদক্ষেপও নেওয়া যেতে পারে।