এবার ফিলিস্তিনিদের খাদ্য সহায়তাও বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য এবার প্রতিশ্রুত খাদ্য সহায়তা বন্ধের কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবারের এ ঘোষণার মাত্র দুই দিন আগেই দেশটি ঘোষণা দিয়েছে, জাতিসংঘের যে সংস্থা ফিলিস্তিনে সহায়তা দিয়ে থাকে, সেটির প্রতিশ্রুত আর্থিক অনুদান অর্ধেকে নামিয়ে আনা হবে।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে একের পর এক এসব আক্রোশমূলক পদক্ষেপ নেওয়ার দুই সপ্তাহ আগে তাদের জন্য অর্থ বরাদ্দ কমানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরও আগে গত ৬ ডিসেম্বর পবিত্র জেরুজালেমকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের রাজধানী হিসেবে একতরফা স্বীকৃতি দিয়েছেন তিনি। বিশ্বজনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ট্রাম্পের এই স্বীকৃতিতে ফিলিস্তিনবাসী ক্ষোভে ফুঁসে উঠেছে। প্রতিবাদে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছে তারা।  

মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার বলেছে, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য সাড়ে চার কোটি ডলার খাদ্য সহায়তার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা রাখবে না। ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকার অভুক্ত বাসিন্দাদের জরুরি খাদ্য সহায়তায় এগিয়ে আসতে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডব্লিউএ) আহ্বানে সাড়াদানের অংশ হিসেবে গত মাসে ওই প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র।

১৫ ডিসেম্বর ইউএনআরডব্লিউএর কমিশনার-জেনারেল পিয়েরে কেআর হেনবকে লেখা একটি চিঠিতে পররাষ্ট্র দপ্তরের কম্পট্রোলার এরিক হেমব্রি পশ্চিম তীর ও গাজায় জরুরি খাদ্য সহায়তার আহ্বানে সাড়া দিয়ে সাড়ে চার কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। চিঠিটি গতকাল রয়টার্সের নজরে আসে। তাতে বলা হয়, যুক্তরাষ্ট্র এই খাদ্য সহায়তার অর্থ ২০১৮ সালের শুরুতেই ইউএনআরডব্লিউএর জন্য বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে। আরেকটি চিঠি ও সহায়তা প্যাকেজেও এই প্রতিশ্রুতির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। সে অনুযায়ী চলতি জানুয়ারির আগেই বা এ মাসের শুরুর দিকে এ খাদ্য সহায়তা পাঠানোর কথা ছিল। অথচ গতকাল যুক্তরাষ্ট্র সুর পাল্টে ইউএনআরডব্লিউএকে সাফ জানিয়ে দিয়েছে, সাড়ে চার কোটি ডলার খাদ্য সহায়তার প্রতিশ্রুতির লক্ষ্য ছিল, ‘পূর্বাভাসের’ ভিত্তিতে সংস্থাটিকে সহায়তা করা। সেটা কোনো গ্যারান্টি তথা নিশ্চয়তা নয়।

পররাষ্ট্র দপ্তরের এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র হিদার নুয়ার্ট সাংবাদিকদের বলেন, ‘এ মুহূর্তে আমরা এ খাদ্য সহায়তা দিচ্ছি না। তবে এর অর্থ এ নয়, ভবিষ্যতে তা দেওয়া হবে না।’ ইউএনআরডব্লিউএর সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ওই সহায়তা কর্মসূচিতে এখন আগের চেয়ে অনেক বেশি শরণার্থী অন্তর্ভুক্ত হয়েছে। অন্য দেশগুলো এ কর্মসূচিতে যে অর্থ সহায়তা দিচ্ছে, তা বাড়ানো দরকার।

নুয়ার্ট বলেন, ‘তাই আমরা ওই দেশগুলোকে আরও কিছু করার অনুরোধ জানাচ্ছি। বস্তুত, আমরা এটি মনে করি না, বিশ্বজুড়ে প্রতিটি সংগঠনে আমাদের প্রধান দাতা দেশ হওয়ার প্রয়োজন রয়েছে।’ তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনিদের জন্য খাদ্য সহায়তা বন্ধের সিদ্ধান্তের পরও এ ধরণিতে যুক্তরাষ্ট্রই সবার চেয়ে বেশি উদার রাষ্ট্র।’

ইতিমধে্য গত মঙ্গলবার পররাষ্ট্র দপ্তর পশ্চিম তীর, গাজা, জর্ডান, সিরিয়া ও লেবাননে বসবাসকারী ফিলিস্তিনি শরণার্থীদের শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তার জন্য চলতি বছর ওই সংস্থাকে সাড়ে ১২ কোটি মার্কিন ডলার অনুদানের অর্ধেক না দেওয়ার কথা জানায়।

এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইউএনআরডব্লিউএর মুখপাত্র সামি এম শাশা বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। এতে ৫ লাখ ২৫ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থী এবং লাখ লাখ ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হবে।

২ জানুয়ারি এক টুইটে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বছর বছর ফিলিস্তিনিদের কোটি কোটি ডলার দেয়, কিন্তু এর জন্য কোনো প্রশংসা বা সম্মান পায় না।

এদিকে বিশ্লেষকদের মতে, ফিলিস্তিনিদের সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রের এসব সিদ্ধান্ত ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার জটিলতাকে আরও বাড়াতে পারে। সেই সঙ্গে বিচার-সালিসে নিরপেক্ষ ভূমিকা রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের ওপর আরবদের যে আস্থাহীনতা, তা-ও বাড়াতে পারে।