এবার বিচারপতি নিয়োগের লড়াইয়ে জিততে মরিয়া ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্প ৭০ দিন পার করেছেন। তবে এখন পর্যন্ত এমন একটি ক্ষেত্রও নেই যা দেখিয়ে সমর্থকদের বলবেন, তিনি সফল হয়েছেন। উল্টো একের পর এক উদ্যোগে ব্যর্থতায় দেশ শাসনে তাঁর প্রস্তুতি ও যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে রাশিয়ার সঙ্গে তাঁর নির্বাচনী প্রচার দলের সদস্যদের যোগসাজশের অভিযোগ নিয়ে গোয়েন্দা সংস্থা এফবিআই ও কংগ্রেসের তদন্ত সৃষ্টি করেছে বাড়তি চাপ।
এমন অবস্থায় ট্রাম্প অন্তত একটা সাফল্য পেতে মরিয়া হয়ে উঠেছেন। সুপ্রিম কোর্টের পরবর্তী বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তাঁর সে রকম সাফল্যের সম্ভাবনা আছে। তবে সেটা একদম বিনা মূল্যে আসবে না। ট্রাম্প ইতিমধ্যে কলোরাডো অঙ্গরাজ্যের ফেডারেল আপিল আদালতের জ্যেষ্ঠ বিচারক নিল গরসাচকে মনোনয়ন দিয়েছেন। তাঁর যোগ্যতা নিয়ে কোনো পক্ষই তেমন প্রশ্ন তোলেনি। রক্ষণশীলরা তাঁর ব্যাপারে বিশেষ আগ্রহী। কারণ, বিচারক হিসেবে তিনি সাবেক বিচারপতি স্কালিয়ার মতোই কঠোর নিয়মতান্ত্রিক। তিনি শাসনতন্ত্র আক্ষরিকভাবে অনুসরণের পক্ষে। এই স্কালিয়ার আকস্মিক মৃত্যুতে সুপ্রিম কোর্টে যে শূন্যপদের সৃষ্টি হয়, সেখানেই গরসাচকে বসাতে চাইছেন ট্রাম্প। তবে ডেমোক্র্যাটদের মধ্যে অনেকের অভিযোগ, আপিল আদালতে গরসাচের অধিকাংশ রায় ক্ষমতাবানদের পক্ষে গেছে। গর্ভপাতের প্রশ্নেও তিনি ট্রাম্প ও রিপাবলিকান পার্টির মতো নারীদের হাতে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা ছেড়ে দেওয়ার বদলে সরকারি নিয়ম করে তা নিয়ন্ত্রণের পক্ষপাতী। নির্বাচনে অবাধ অর্থের প্রবেশেও তাঁর সমর্থন রয়েছে। 
বিচারপতি হিসেবে গরসাচের মনোনয়ন নিশ্চিত করতে মার্কিন সিনেটের কমপক্ষে ৬০ জন সদস্যের সমর্থন লাগবে। সুপ্রিম কোর্টের বিচারপতিসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ প্রশ্নে এই নিয়ম এখন পর্যন্ত চালু আছে। নিম্নতম আদালতে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় (৫১টি ভোটে) এই মনোনয়ন নিশ্চিত করা যায়। প্রেসিডেন্ট ওবামার আমলে রিপাবলিকানদের বিরোধিতা এড়াতে ডেমোক্র্যাটরাই ৬০ জনের সমর্থনের নিয়ম পাল্টে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার নিয়ম চালু করেছিলেন। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টের জন্য এই নিয়ম তাঁরা বদলাননি। 
মার্কিন সিনেট এই মুহূর্তে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকলেও তাঁদের হাতে ভোট আছে মোট ৫২টি। ৬০ ভোটের বেড়া ডিঙোতে তাঁদের ডেমোক্র্যাটদের ওপর নির্ভর করতে হবে। 
এ পর্যন্ত ডেমোক্র্যাট সিনেটরদের মাত্র দুজন (ওয়েস্ট ভার্জিনিয়ার জো মানশিন ও নর্থ ডাকোটার হাইডি হাইটক্যাম্প) বলেছেন, তাঁরা গরসাচের মনোনয়নে সমথর্ন দেবেন। আরও দু-একজন ডেমোক্রেটিক সিনেটর তাঁদের মনোভাব পাল্টে গরসাচের পক্ষে ভোট দিতে পারেন। কিন্তু ৬০ সংখ্যায় পৌঁছাতে হলে ট্রাম্পের দরকার মোট ৮ জন ডেমোক্রেটিক সিনেটরের সমর্থন। 
এ অবস্থায় রিপাবলিকানরা ন্যূনতম ৬০ ভোটের নিয়ম পাল্টে সাধারণ সংখ্যাগরিষ্ঠ নিয়মে প্রত্যাবর্তন করতে পারেন। সিনেটের নিয়ম বদলানোর জন্য প্রয়োজনীয় ভোট বা আসন তাঁদের আছে। কিন্তু এতে গরসাচের নিয়োগ প্রশ্নবিদ্ধ হবে। 
সিনেটে রিপাবলিকানদের নেতা মিচম্যাককনেল বলেছেন, প্রয়োজনে তিনি সিনেটের বিধি পাল্টাবেন। প্রেসিডেন্ট ট্রাম্পও এই পরিবর্তনের পক্ষে। কিন্তু ম্যাককনেল জানেন, তাঁর পূর্বসূরি সিনেটর হ্যারি রিড সুযোগ থাকা সত্ত্বেও সেই পরিবর্তন করেননি। প্রতিপক্ষের ওপর বিজয় অর্জন করাটাই শেষ কথা নয়। আইন প্রণয়নের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সমর্থন থাকুক, অধিকাংশ মার্কিন নাগরিকই তা চান। পুরোনো আইনপ্রণেতা ম্যাককনেল তাঁর সময়ে এই গুরুত্বপূর্ণ আইনটির পরিবর্তন ঘটলে ইতিহাস তাঁকে হয়তো ক্ষমা করবে না। আগামী সপ্তাহের কোনো এক সময়ে গরসাচের নিয়োগের প্রশ্নে ভোট গ্রহণের কথা।