এবার বিতাড়নের মুখে 'বিহারি বাংলাদেশি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রসায়নবিদ সৈয়দ জামাল। ছবি: সংগৃহীত
রসায়নবিদ সৈয়দ জামাল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কানসাসে ৩০ বছর ধরে আছেন বাংলাদেশি পাসপোর্টধারী রসায়নবিদ সৈয়দ জামাল। এবার তাঁকেই দেশে ফেরত পাঠাতে আটক করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং শুল্ক পুলিশ-আইস। এই শিক্ষাবিদ তিন সন্তানের জনক। এসব সন্তান এবং তাঁর স্ত্রীও যুক্তরাষ্ট্রের নাগরিক।
কানসাস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী সৈয়দ জামালকে দেশে বিতাড়ন ঠেকাতে স্থানীয় লোকজন বেশ বড় আন্দোলনে নেমেছেন। এরই মধ্যে ১০ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।
গত ২৪ জানুয়ারি সন্তানদের স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় সৈয়দ জামালকে আটক করে আইস-পুলিশ। স্থানীয় একটি পত্রিকা দ্য কানসাস সিটি স্টার জানিয়েছে, সৈয়দ জামালকে দেশে ফেরত পাঠানো হলে তাঁর জীবন হুমকির মুখে পড়তে পারে। কেননা, তিনি বিহারি সম্প্রদায়ের সদস্য। বিহারি সম্প্রদায় এক ঐতিহাসিক কারণে বাংলাদেশে নিগৃহীত জনগোষ্ঠী বলে উল্লেখ করেছে পত্রিকাটি।
কানসাসের লরেন্স থেকে জামালকে আটক করে ১৬০ মাইল দূরে মিজৌরি কারাগারে রাখা হয়েছে বলে জানিয়েছে পরিবার। গত ২৪ জানুয়ারি সৈয়দ জামালকে যখন আটক করা হয়, তখন তাঁর স্ত্রী তাঁকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলে আইন প্রয়োগকারী সংস্থার কাজে বাধা দেওয়ার দায়ে তাঁরও সাজা হতে পারে বলে সতর্ক করেন আইস-পুলিশ সদস্যরা। সৈয়দ জামালের বড় ছেলে ১৪ বছর বয়সের তাসিন জামাল একটি ভিডিও বার্তায় বাবার দেশে ফেরত পাঠানো ঠেকাতে সবার কাছে আবেগঘন অনুরোধ জানিয়েছে। ভিডিও বার্তায় তাসিন বলে, ‘বাবাকে ছাড়া এই বাসায় আমরা নিঃস্ব। যুক্তরাষ্ট্রের আইন তাঁকে নাগরিকত্ব গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত রেখেছিল। আমার ছোট ভাইটি সারাক্ষণ কাঁদে। আমার মা একটি কিডনি নিয়ে বেঁচে আছেন। তিনিও মারা যেতে পারেন তাঁকে দেশে ফেরত পাঠানো হলে। ভাইবোন আমরা এখনো অসহায় বাবাকে ছাড়া। এ অবস্থায় আমি সকলের কাছে অনুরোধ করছি, আমার বাবাকে আমাদের পরিবারে ফিরিয়ে আনার জন্য।’
এই অনুরোধে মাঠে নেমেছে কানসাসের লরেন্সের মানুষ। তারা সভা করে, প্লাকার্ড নিয়ে সৈয়দ জামালের মতো বাবা, শিক্ষাবিদ এবং বিজ্ঞানীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের বিরুদ্ধে আন্দোলন জোরদার করেছে। চেনজ নামের একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ১৫ হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহের অভিযানে নেমেছে তারা।
৫৫ বছর বয়সী সৈয়দ জামাল ১৯৮৭ সালে কানসাস বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আসেন। পড়াশোনা শেষে দেশে ফেরত যাওয়ার পর আবার এইচ ওয়ান-বি ভিসায় তিনি যুক্তরাষ্ট্রে আসেন। তবে তার গ্রিন কার্ড বা নাগরিকত্ব ছিল না। ২ ফেব্রুয়ারি আইস দপ্তরের কাছে চিঠি লিখে জামালের আইনজীবী বারনেট অন্তত তিন সপ্তাহের সময় চেয়েছেন। এর মধ্যে তাঁর দেশে ফেরত পাঠানো ঠেকাতে নতুন করে কাগজপত্র জমা দেবেন বলে জানিয়েছেন। ইমিগ্রেশন পুলিশ অবশ্য দাবি করছে, তাঁর বিরুদ্ধে একাধিকবার ডিপোর্টেশন আদেশ ছিল এবং তিনি সেই আদেশ মান্য করতে ব্যর্থ হয়েছেন।

এবিসি টেলিভিশনের কাছে দেওয়া এক প্রতিক্রিয়া আইস দপ্তর জানিয়েছেন, সৈয়দ জামাল ১৯৯৮ সালে একবার বৈধভাবে অস্থায়ী নন-ইমিগ্রান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন। দুই দফায় তাঁর বিরুদ্ধে ডিপোর্টেশন আদেশ (ফেরত পাঠানোর আদেশ) ছিল আদালতের। সর্বশেষ ২০১২ সালে তাঁকে একবার পুলিশ গ্রেপ্তার করে তাঁর স্থায়ী বসবাসের অনুমতিসংক্রান্ত জটিলতা খুঁজে পেলেও তাঁকে সে সময় ফেরত পাঠানো হয়নি। ২০১৩ সালে আমেরিকার ইমিগ্রেশন আপিল বোর্ড তাঁর আবেদন নাকচ করে দেয়। আদালতের সেই আদেশ কেবল পালন করছে তারা।

সৈয়দ জামালের বিতাড়ন ঠেকাতে তাঁর পরিবারের সদস্যদের প্রচার। ছবি: সংগৃহীত
সৈয়দ জামালের বিতাড়ন ঠেকাতে তাঁর পরিবারের সদস্যদের প্রচার। ছবি: সংগৃহীত

সৈয়দ জামালের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁকে দেশে ফেরত পাঠালে তাঁর প্রাণহানি হতে পারে। চিন্তা আর মননে অসাম্প্রদায়িক বিজ্ঞানমনস্ক ব্যক্তিদের হত্যা করার ঘটনা ঘটেছে বাংলাদেশে। সে কারণে সৈয়দ জামালের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তাঁর পরিবার।

সৈয়দ জামালের ভাগ্য কী হতে পারে? এমন প্রশ্নের জবাবে ইমিগ্রেশন অ্যাটর্নি নাজমুল আলম প্রথম আলোকে বলেছেন, এ ধরনের ইমিগ্রেশন সমস্যায় দুভাবে নিষ্কৃতি পাওয়ার সুযোগ আছে। কংগ্রেসনাল উদ্যোগের মাধ্যমে কোনো কংগ্রেসম্যান বিষয়টি হাউসে উপস্থাপন করে প্রস্তাব পাস করে নিয়ে আসতে পারেন। অন্য ক্ষেত্রে ডিসট্রিক্ট জাজ আটক ব্যক্তির ফেরত পাঠানোর আদেশ স্থগিত করে শুনানি করতে বা প্রত্যাহার করার আদেশ দিতে পারেন।

নাজমুল আলম বলেন, ইমিগ্রেশন বিভাগ কোনো প্রতিকারের অপেক্ষা না করেই আটক ব্যক্তিকে দ্রুত স্বদেশে পাঠানোর উদ্যোগ নিতে পারে।