এবার বেয়াইকে ক্ষমা করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক নিজের লোকজনকে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। ট্রাম্পঘোষিত সাধারণ ক্ষমার সবশেষ তালিকায় তাঁর বেয়াইও আছেন। এদিকে ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছেন।
৪৮ ঘণ্টার ব্যবধানে গতকাল বুধবার ট্রাম্প আরও ২৬ জনকে সাধারণ ক্ষমা করে তাঁদের দণ্ড মওকুফ করেছেন। কাউকে কাউকে ভবিষ্যৎ বিচার থেকেও দায়মুক্তি দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক পল ম্যানাফোর্ট, দীর্ঘদিনের উপদেষ্টা রোজার স্টোন, জামাতা জ্যারেড কুশনারের বাবা চার্লস কুশনার প্রমুখ।
মার্কিন সংবিধানে প্রেসিডেন্টকে সাধারণ ক্ষমা ঘোষণা এবং কোনো অপরাধের দায়মুক্তি দেওয়ার অবাধ ক্ষমতা দেওয়া আছে। বিচার বিভাগে এমন সাধারণ ক্ষমা ঘোষণার জন্য আলাদা বিভাগ রয়েছে। সেখান থেকেই এসবের সুপারিশ করা হয়ে থাকে। গতকালের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সাধারণ ক্ষমা পাওয়া ৬৫ জনের মধ্যে মাত্র পাঁচজনের ক্ষেত্রে বিচার বিভাগের এমন সুপারিশ রয়েছে বলে জানিয়েছেন হার্ভার্ডের আইনের অধ্যাপক জ্যাক গোল্ডস্মিথ।
ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, ইরাকে হামলায় একজন আমেরিকানও নিহত হলে ইরানকে মূল্য দিতে হবে।
ট্রাম্প ইরানে হামলা করার উপায় খুঁজছেন বলে আগেই নিউইয়র্ক টাইমস সংবাদ পরিবেশন করেছে।
নির্বাচনে এখন পর্যন্ত পরাজয় না–মানা প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ক্ষমতার শেষ মুহূর্তে এসে আর কী কী করতে পারেন, তা নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে।
আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতা গ্রহণ করবেন। তার আগপর্যন্ত ট্রাম্প নানা ঘটন-অঘটনের জন্ম দিতে পারেন বলে আমেরিকার রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে।
২৩ ডিসেম্বর রাতে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর টুইটারে তিনটি রকেট লাঞ্চারের ছবি প্রকাশ করেন। ছবির সঙ্গে যুক্ত বক্তব্যে ট্রাম্প বলেছেন, গত রোববার রাতে ইরাকে মার্কিন দূতাবাসের ওপর তিনটি ব্যর্থ রকেট হামলা চালানো হয়েছে। এসব হামলা ইরান থেকে হয়েছে বলে তিনি জেনেছেন। তিনি আরও জেনেছেন, ইরাকে আমেরিকানদের ওপর আরও হামলার পরিকল্পনা করা হচ্ছে ইরান থেকে।
ট্রাম্প তাঁর টুইট বার্তায় হুমকি দিয়ে বলেছেন, তিনি ইরানকে একটা উপদেশ দিতে চান। একজন আমেরিকানও এমন হামলায় নিহত হলে ইরানকে দায়ী করা হবে। হামলা নিয়ে পুনরায় ভাবনা করার জন্য তিনি ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইরানকে হুমকি দিয়ে টুইট করার পরপরই ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে তাঁর পুরোনো দাবি নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন।
গতকাল রাতে দেওয়া টুইট বার্তায় ট্রাম্প আবারও বলেছেন, ৩ নভেম্বরের নির্বাচনে বিশাল ভোট জালিয়াতি দেখেছেন তিনি। এ নিয়ে অবিলম্বে তদন্তের জন্য বিশেষ কাউন্সেলর নিয়োগের বিরোধিতা যাঁরা করছেন, তাঁদের সঙ্গে তিনি একমত নন। ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতির নির্বাচন হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, এ নিয়ে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।