যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ জারি করে মুসলিমপ্রধান সাত দেশের নাগরিকদের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছেন, তার সমালোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এবার এই কাতারে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশে কর্মরত মার্কিন কূটনীতিকেরাও।
এবিসি নিউজ এবং বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, বিভিন্ন দেশে কর্মরত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কূটনীতিক মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠানোর জন্য ‘ভিন্নমত পত্রের’ খসড়া তৈরি করেছেন। খসড়ায় বলা হয়েছে, সাত মুসলিম দেশের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা যুক্তরাষ্ট্রকে নিরাপদ করতে পারবে না এবং এই নির্বাহী আদেশ আমেরিকাসুলভ নয়।
কূটনীতিকদের এই খসড়ায় আরও বলা হয়েছে, এই ‘হঠকারী’ সিদ্ধান্তের কারণে মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘তিক্ত’ হয়ে উঠবে এবং সন্ত্রাসের বিরুদ্ধে সহযোগী দেশগুলোর সঙ্গে মার্কিন সম্পর্কে ফাটলের সৃষ্টি হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান-আমেরিকার মধ্যকার নিষেধাজ্ঞার সঙ্গে ট্রাম্পের এই নিষেধাজ্ঞাকে তুলনা করে খসড়ায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বেশির ভাগ সন্ত্রাসী হামলার ঘটনা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বা মার্কিন বংশোদ্ভূত নাগরিকেরাই ঘটিয়েছেন।
গত শুক্রবার ট্রাম্প ওই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে নিষিদ্ধের তালিকায় থাকা সাত দেশ হলো ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন।