এবার মাটির নিচে সড়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের সুপরিচিত উদ্যোক্তা এলন মাস্ক চমক জাগানো উচ্চাভিলাষী পরিকল্পনার জন্য সুপরিচিত। মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠানো ও উড়ুক্কু গাড়ির পরিকল্পনার পর এবার মাটির নিচে সম্পূর্ণ যোগাযোগব্যবস্থা বা সড়কব্যবস্থা নির্মাণের কথা বলেছেন তিনি।
প্রযুক্তি, বিনোদন ও নকশাবিষয়ক টেড কনফারেন্সে গতকাল শনিবার নিজের এ পরিকল্পনার কথা তুলে ধরেন মাস্ক। প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান টেসলা ও স্পেস এক্স-এর প্রতিষ্ঠাতা এলন মাস্ক বলেন, প্রচলিত যোগাযোগব্যবস্থায় মাটির ওপরের রাস্তায় যানজট মানুষের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে। বিকল্প ব্যবস্থা না থাকায় পথে আটকে থাকে হাজার হাজার গাড়ি। কিন্তু মাটির নিচ দিয়ে সড়ক বানানো হলে যানজটের মাত্রা কমে সময় বাঁচবে।
টেড সম্মেলনে মাটির নিচে তৈরি সড়ক কীভাবে কাজ করবে তার বিস্তারিত জানিয়েছেন মাস্ক। এ সময় তিনি একটি ভিডিও চিত্রও দেখান। মাস্কের পরিকল্পনা অনুযায়ী, গাড়ি মাটির নিচে নামানোর জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম থাকবে। গাড়ি ট্রলির মতো দেখতে এই প্ল্যাটফর্মে উঠলে তা নিচে নেমে ভূগর্ভস্থ সুড়ঙ্গে গাড়িটিকে তুলে দেবে। এই সুড়ঙ্গই হচ্ছে সড়ক। খালি ট্রলি আবার ওপরে উঠে আরেকটি গাড়ি নিচে নামাবে। অর্থাৎ এটি লিফটের মতো কাজ করবে।
মাটির নিচে অনেক সুড়ঙ্গ করতে চান এলন মাস্ক। তবে দ্রুতগতিতে মাটি খোঁড়া এবং খরচ সাধ্যের মধ্যে রাখার জন্য আরও ভাবনাচিন্তা করতে হবে বলে জানিয়েছেন তিনি।
ভূগর্ভস্থ সড়ক তৈরির এ কাজের জন্য খোলা কোম্পানির নাম নিয়েও ভেবেছেন এলন মাস্ক। জানিয়েছেন, কোম্পানির নাম হতে পারে দ্য বোরিং কোম্পানি।
অবশ্য এরই মধ্যে এলন মাস্কের এ নতুন পরিকল্পনা নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। গবেষণা প্রতিষ্ঠান এবিআই রিসার্চের জ্যেষ্ঠ বিশ্লেষক সুজান বিয়ার্ডসলি প্রকল্পটিকে ‘কল্পনাবিলাসী’ আখ্যা দিয়ে বলেছেন, এটি একা করার মতো কাজ নয়। এটি জনগুরুত্বপূর্ণ বিষয়।