
সংবাদমাধ্যমের ওপর প্রথম থেকেই খাপ্পা ট্রাম্প প্রশাসন। সেই রাগের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটল শুক্রবার। ট্রাম্পের সমালোচনা করে থাকে এমন প্রভাবশালী বেশ কয়েকটি দেশি-বিদেশি সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের কর্মীদের এদিন হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে ঢুকতে দেওয়া হয়নি। সাংবাদিকেরা একে ‘ভয়ানক’ এবং ‘মার্কিন ইতিহাসের নজিরবিহীন’ ঘটনা বলে উল্লেখ করে এর জোর প্রতিবাদ জানিয়েছেন।
বেছে বেছে কিছু গণমাধ্যমকর্মীকে হোয়াইট হাউসে প্রবেশ করতে না দেওয়ার এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটনে রক্ষণশীল রাজনীতিকদের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যমকে আবারও ‘অসৎ’ ও ‘গণশত্রু’ বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে বলেন, তিনি মার্কিন সেনাবাহিনীকে দেশের এযাবৎকালের সবচেয়ে শক্তিধর ‘আক্রমণাত্মক ও রক্ষণাত্মক’ বাহিনী হিসেবে গড়ে তুলবেন। এর জন্য তহবিল সরবরাহে কোনো রকম আপস করবেন না।
শুক্রবার হোয়াইট হাউসের ব্রিফিং রুমে টিভিতে সরাসরি সম্প্রচার হবে এমন একটি নিয়মিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসারের সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার কথা ছিল সেখানে। তবে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত পরিবর্তন করে সেটিকে ক্যামেরাবিহীন ব্রিফিং হিসেবে ঘোষণা করা হয়। সেখানে সিএনএন, বিবিসি, গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস, লস অ্যাঞ্জেলেস টাইমস ও পলিটিকোর কোনো সাংবাদিক ঢুকতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে এপি, টাইম ম্যাগাজিন ও ইউএসএ টুডের সাংবাদিকেরা ব্রিফিং বয়কট করে সেখান থেকে চলে যান।
ওই প্রতিষ্ঠানগুলোর সাংবাদিকদের কেন ঢুকতে দেওয়া হলো না—এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, হোয়াইট হাউসে সাংবাদিকদের জন্য তথ্যকেন্দ্র আছে। সেখান থেকে যেকোনো প্রতিবেদক হালনাগাদ সংবাদ পেতে পারেন।
এ ঘটনায় জ্যেষ্ঠ সাংবাদিকেরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সিএনএন এক বিবৃতিতে বলেছে, ‘ট্রাম্পের হোয়াইট হাউসের এই আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। বোঝা যাচ্ছে, আপনি তাদের অপছন্দের প্রতিবেদন করলেই তারা এভাবেই পাল্টা প্রতিক্রিয়া দেখায়। তবে আমরা প্রতিবেদন প্রকাশে অনড় থাকব।’
নিউইয়র্ক টাইমস-এর নির্বাহী সম্পাদক ডিন ব্যাকুয়িট লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের দীর্ঘ ইতিহাসে এমন ঘটনা কোনো দিন ঘটেনি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ ওয়ালস্ট্রিট জার্নাল-এর পক্ষ থেকেও প্রতিবাদ এসেছে। ওয়াশিংটন পোস্ট-এর নির্বাহী সম্পাদক মার্টি ব্যারোন এটিকে ‘ভয়ানক’ বলে উল্লেখ করেছেন। হোয়াইট হাউসের খবর সংগ্রাহক সাংবাদিকদের সংগঠনও এর কড়া নিন্দা জানিয়েছে।
এর আগে রক্ষণশীল রাজনীতিকদের অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অনেক সংবাদমাধ্যম মিথ্যা খবর প্রচার করে। তারা গণশত্রু। কারণ তারা খবরের সূত্র উল্লেখ করে না। এসব সূত্রবিহীন সংবাদ সহ্য করা হবে না। ওই অনুষ্ঠানে ট্রাম্প আরও বলেন, তিনি মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় ও শক্তিধর সামরিক বাহিনী গড়ে তোলার জন্য একটি বিশাল বরাদ্দ চেয়ে আবেদন জানাবেন। ট্রাম্প বলেন, ‘আশা করি, এই বিশাল বাহিনী কখনো ব্যবহার করতে হবে না; কিন্তু কেউ আমাদের সঙ্গে ঝামেলা করতে পারবে না, কেউ না।’