সরে গেলেন স্কারামুচি

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের তথ্য অফিসের পরিচালক পদ থেকে সরে গেছেন অ্যান্থনি স্কারামুচি। কাজে যোগ দেওয়ার মাত্র ১০ দিনের মাথায় গতকাল সোমবার এমন সিদ্ধান্ত নেওয়া হলো। মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন চিফ অব স্টাফ জন কেলি এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, হোয়াইট হাউস থেকে তিন লাইনের একটি বিবৃতি পাওয়া গেছে। এতে বলা হয়েছে, ‘হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর পদ থেকে সরে যাবেন অ্যান্থনি স্কারামুচি। তিনি মনে করেছেন, নিজের দল তৈরির জন্য চিফ অব স্টাফ জন কেলিকে উপযুক্ত পরিবেশ দিতে এটিই সর্বোত্তম উপায়। আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।’
স্কারামুচিকে কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়ার কারণে পদত্যাগ করেছিলেন রেইন্স প্রিবাস ও শন স্পাইসার। কিন্তু স্কারামুচি নিজেও খুব বেশি দিন হোয়াইট হাউসে টিকতে পারলেন না।
সিএনএনের খবরে হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, স্কারামুচিকে সরিয়ে দেওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছেন জন কেলি। তিনি মনে করেন, কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে কাজ করার মতো যথেষ্ট শৃঙ্খলাপরায়ন নন স্কারামুচি এবং তিনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন।
ট্রাম্প কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে তাঁর ব্যবসায়ী বন্ধু স্কারামুচিকে নিয়োগ দেওয়ার সঙ্গে সঙ্গে গত ২১ জুলাই পদত্যাগ করেন হোয়াইট হাউসের সাবেক মুখপাত্র শন স্পাইসার। এর এক সপ্তাহ পর বাদ পড়েন প্রিবাস।
বিতর্কিত ব্যক্তিত্ব অ্যান্থনি স্কারামুচি নিউইয়র্কের হেজ ফান্ড ম্যানেজার ও ফিনানশিয়ার। টেলিভিশনে ট্রাম্পের পক্ষে কঠোর ভাষায় বক্তব্য দেওয়ার জন্য রক্ষণশীল মহলে তাঁর ব্যাপক জনপ্রিয়তা আছে। সমালোচকদের মতে, প্রেস অফিস চালানোর কোনো অভিজ্ঞতা স্কারামুচির ছিল না।