মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক দিন আগে আবার নাটকীয় ঘটনা। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের নতুন পাওয়া ই-মেইলগুলোর বিষয়ে তদন্ত করে অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)। কয়েক দিন আগে এই তদন্তের আকস্মিক ঘোষণা জনমত জরিপে বরাবর এগিয়ে থাকা হিলারির প্রচারণায় ব্যাপক ধাক্কা দিয়েছিল। অন্যদিকে চাঙা হয়ে ওঠে ডোনাল্ড ট্রাম্প শিবির।
এখন শেষ মুহূর্তে এফবিআই হিলারিকে নির্দোষ বলে রায় দিলেও নির্বাচনের ফলের ওপর বিষয়টির প্রভাব কী হবে তা নিয়ে সরগরম আলোচনা চলে। আগাম ভোটসহ বিভিন্ন কারণে ইতিমধ্যেই হিলারির যে ক্ষতি হয়ে গেছে তা কতটা পূরণ করা সম্ভব হবে সেটা ছিল অনেকের কাছেই প্রশ্ন।
এফবিআইয়ের পরিচালক জেমস কোমি বলেছেন, হিলারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় ব্যক্তিগত সার্ভার দিয়ে সরকারি ই-মেইল আদানপ্রদান করা নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছিল, তা নিয়ে তদন্তের পর দেখা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনার ভিত্তি নেই।
এক চিঠিতে এফবিআইয়ের পরিচালক বলেছেন, ঘটনার পর্যালোচনা শেষ করেছে এফবিআই। তবে সেখানে আপত্তিকর কিছু পাওয়া যায়নি।
একই বিষয় নিয়ে দীর্ঘ তদন্তের পর গত জুলাই মাসেও জেমস কোমি বলেছিলেন, পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে সংবেদনশীল রাষ্ট্রীয় তথ্য বিনিময়ের ক্ষেত্রে হিলারি ক্লিনটন অসতর্ক ছিলেন কিন্তু অপরাধী নয়।
এফবিআই-প্রধানের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণার যোগাযোগ শাখার প্রধান ডেনিফার পালমিয়েরি। তিনি বলেন, ‘কোমির চিঠিটা আমরা দেখেছি। আমরা আনন্দিত যে গত জুলাইয়ে তিনি যে উপসংহারে পৌঁছেছিলেন এবারও সেটিই পাওয়া গেছে। আমরা অবশ্য আত্মবিশ্বাসী ছিলাম যে এটাই পাওয়া যাবে। আমরা অত্যন্ত আনন্দিত যে এই ব্যাপারটার একটা সমাধান হলো।’
তবে, এখন শেষ মুহূর্তে দেওয়া কোমির বক্তব্যকেও রাজনৈতিকভাবে ব্যাখ্যা করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, ‘হিলারি নিজে ঠিকই জানেন তিনি দোষী। কোমিও তা জানেন। আট দিনে এত ই-মেইল কীভাবে যাচাই করা সম্ভব হলো?’
বিবিসির ওয়াশিংটন বিশ্লেষক অ্যান্টনি জুরখার বলেছেন, ট্রাম্প এই নির্বাচনে জিতে গেলে জেমস কোমিকে বহু মানুষই দোষ দেবে। আর যদি হিলারি জেতেন তাহলে তিনি নিশ্চয়ই এই বিষয়ে মনের মধ্যে একটা ক্ষোভ পুষে রাখবেন।