এবিসিসিআইয়ের ব্যাংকিং সেমিনার শুক্রবার সন্ধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশে অর্থ প্রেরণে প্রবাসীদের ভূমিকা শীর্ষক’ সেমিনার ৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটসের ব্যালেজিনো পার্টি হলে আমেরিকান বাংলাদেশি চেম্বার (এবিসিসিআই) আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি থাকবেন যুক্তরাষ্ট্র সফররত রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঞ্জুর হোসেন। বিশেষ অতিথি থাকবেন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আতাউর রহমান প্রধান।
এবিসিসিআইয়ের নির্বাহী প্রেসিডেন্ট হাসানুজ্জামান হাসান জানান, জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীদের রেমিট্যান্স। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত রেমিট্যান্স। প্রবাসীদের পাঠানো অর্থের ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৯ বিলিয়ন বা ২ হাজার ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ বিশ্বের মানচিত্রে অতি ক্ষুদ্র একটি দেশ হলেও তার অর্থনীতির গতিপ্রবাহ দিন দিন বিশ্বকে হতবাক করছে।
সেমিনারে দেশে রেমিট্যান্স পাঠানোয় প্রবাসীদের সমস্যা এবং উত্তরণের উপায় বিষয়ে আলোচনা হবে বলে জানান হাসানুজ্জামান হাসান। সেমিনারে কমিউনিটির সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ব্যাংক কর্মকর্তারা বাংলাদেশি বিভিন্ন রেমিট্যান্স হাউস পরিদর্শন করবেন। রূপালী ব্যাংক নিউইয়র্কে রেমিট্যান্স হাউস খোলার চেষ্টা করছে। এ ছাড়া প্রবাসীদের বাংলাদেশে অ্যাপার্টমেন্ট কেনা এবং নিজ জমিতে বাসভবন তোলার জন্য ঋণ দেওয়ার চিন্তাভাবনা করছে।
রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেনের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধানের বাড়ি উত্তরবঙ্গের লালমনিরহাটে। যে কোনো তথ্যের জন্য ৯১৭-৫২৮-৭৫৯২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।