ব্যস্ত নিউইয়র্ক নগরের ব্রুকলিন এলাকা। ইউটিকা সাবওয়ে স্টেশন। একটি বেগল হাতে সপ্তাহের স্বাভাবিক কর্মদিনের সকাল। সারাদিনের করণীয় মনে করতে করতে টার্নস্টাইলের দিকে এগোতেই চোখে পড়ল, ১২-১৩ বছরের এক বালককে ধাওয়া করছে একজন পুলিশ অফিসার। বালকটি টার্নস্টাইলের ওপর দিয়ে লাফ দিয়ে ঢুকে গিয়েছিল। ছেলেটিকে ধাক্কা দিয়ে দেয়ালের সঙ্গে ঠেসে ধরেছেন অফিসার। এরই মধ্যে ভিড় জমে গেছে। ফলে ছবি বা ভিডিও করার চেষ্টা করেও ব্যর্থ হতে হল।
এটিই প্রথম ঘটনা নয়। অশ্বেতাঙ্গ তরুণদের সাবওয়ের ভাড়া এড়ানোর এমন ঘটনা প্রায়শই ঘটে থাকে। অনেক সময় ধরা পড়লে পুলিশের রোষানলের শিকার হতে হয়।
বিশেষজ্ঞরা বলছেন, নিউইয়র্কের নিম্ন আয়ের অনেক পরিবারের সদস্যরা অনেকটা বাধ্য হয়ে ভাড়া এড়ানোর চেষ্টা করে। এজন্য নগরীর সাবওয়ে স্টেশনগুলোতে টার্নস্টাইল স্কিপ করার দৃশ্য প্রতিনিয়তই চোখে পড়ে।
গত কয়েক বছরে এমটিএ দফায় দফায় নিউইয়র্ক নগরের পরিবহন ভাড়া বৃদ্ধি করেছে। অথচ ‘সাবওয়ের ত্রুটি সংশোধন’, ‘প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা’ ইস্যুতে লক্ষণীয় কোনো উন্নতি সাধিত হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, বর্ধিত ভাড়ার অর্থ কি পরিবহন ব্যবস্থার উন্নয়নে আদৌ ব্যয় হচ্ছে? আর তা না হলে এ অর্থ কোন খাতে ব্যয় করা হচ্ছে?
এটি স্পষ্ট, এর একটি অংশ ব্যয় হচ্ছে ভাড়া এড়ানো বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য। ডেইলি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এমটিএ যাত্রী সাধারণকে ভাড়া পরিশোধে উদ্বুদ্ধ করতে ৬০ হাজার ডলারের বিতর্কিত বিজ্ঞাপন প্রচার করেছে। ২৪ কোটি ৯০ লাখ ডলার ব্যয় করে চার বছর মেয়াদে অতিরিক্ত পাঁচ শ পরিবহন পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে।
গোথামিষ্ট নামে একটি নিরপেক্ষ সংবাদ সংস্থার মতে, অতিরিক্ত পুলিশ নিয়োগ করে ভাড়া এড়ানো বন্ধে কঠোর ব্যবস্থা প্রয়োগের ফলে সাশ্রয় হয় ২০ কোটি ডলার।
গত বছরের জুলাইয়ে এমটিএ ২০২০ সালের প্রাথমিক বাজেট পেশ করেছে। ক্রেইন নিউইয়র্ক বিজনেসের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সাল নাগাদ ক্রমবর্ধমান বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৪৪ হাজার তিন শ কোটি ডলার।
‘গৃহহীন’ ও ‘জীবন-মান’ সমস্যা সমাধানে গভর্নর কুমো ও এমটিএর পরিকল্পনা অনুযায়ী অতিরিক্ত পুলিশ নিয়োগের এমন ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে গোথামিস্টের সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে প্রকাশিত উপাত্ত অনুসারে, যাত্রীদের শীর্ষ দশ অভিযোগের নবম স্থানে রয়েছে নগরে গৃহহীন মানুষের উপদ্রব। এর তুলনায় ট্রেনের ‘ত্রুটি’ আর ‘সময় মতো সেবায় ঘাটতি’–এর অভিযোগ রয়েছে সবার শীর্ষে, যা মোট অভিযোগের শতকরা ৬২ ভাগ।
নিউইয়র্ক ইউনিভার্সিটির ওয়াগনার স্কুলের ‘রুবিন পরিবহন গবেষণা কেন্দ্রের’ তথ্য অনুযায়ী, বেকারত্বের উচ্চ হার ও আয়ের অধোগতিই দরিদ্র নিউইয়র্কবাসীর পরিবহন ভাড়া এড়ানোর প্রবণতার জন্য বেশি দায়ী। প্রকৃত সমস্যার সমাধানে উদ্যোগের পরিবর্তে কর্তৃপক্ষ অতিরিক্ত পুলিশ নিয়োগ করে জরিমানা ও গ্রেপ্তারের মাধ্যমে নিম্ন আয়ের নাগরিকদের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছে।
নিম্ন আয়ের পরিবারের যে তরুণটির দুই ডলার পঁচাত্তর সেন্ট এড়িয়ে ১০০ ডলারের জরিমানা হলো, সে তার জরিমানার টাকা যে পরিশোধ করতে পারবে না, সেটি বলাই বাহুল্য। ফলে জরিমানা পরিশোধে ব্যর্থতা আর লাল ফিতার দৌরাত্ম্যের কারণে আদালতে মামলা চলবে। হাজিরা দিতে গেলে দিনের কাজ বন্ধ হবে। হাজির না হলে পরবর্তীতে গ্রেপ্তার। গ্রেপ্তার হলে থাকবে অপরাধমূলক রেকর্ড। জেলে যাওয়ার ঝুঁকি নিয়ে চলতে হয় এসব তরুণ নগরবাসীকে।
আমেরিকার মানবিক রাজ্য বলা হয় নিউইয়র্ককে। কিন্তু এই মানবিক রাজ্যে এমনই ঘটছে নানা অমানবিক জীবনী চক্র। দারিদ্র্য আর অপরাধের অশুভ চক্রে জড়িয়ে পড়ছে নিম্ন আয়ের মানুষ। এদের দেখার কেউ নাই। মানবিক দেশের মানবিক রাজ্য নিউইয়র্কের রাজনীতিবিদরাও আছেন বক্তৃতায়, সভায় আর মঞ্চে। ক্ষতি যা হয়ে হওয়ার, হয়ে যাচ্ছে অলক্ষ্যে, অজান্তেই।