এমটিএর ট্রেন-বাসে বিজ্ঞাপনের জন্য বসছে ডিজিটাল পর্দা

অদূর ভবিষ্যতে নিউইয়র্ক নগরের সাবওয়ে স্টেশনগুলোর প্ল্যাটফর্ম, রেলগাড়ির বগি, বাস, যাত্রীবাহী রেলসড়ক হাজার হাজার ডিজিটাল পর্দায় ভরে যাবে যাতে বিজ্ঞাপন দেখানো হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে একটি কোম্পানির সঙ্গে চুক্তি সই করা হয়েছে।
জানা গেছে, মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথোরিটি (এমটিএ) নেটওয়ার্কের আওতাধীন নিউইয়র্ক নগরের সাবওয়ে স্টেশনগুলোর প্ল্যাটফর্ম, রেলগাড়ির বগি, বাস, যাত্রীবাহী রেলসড়কে ডিজিটাল পর্দায় বিজ্ঞাপন প্রদর্শনের জন্য আউট ফ্রন্ট মিডিয়ার সঙ্গে ১০ বছর মেয়াদি একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী মিডিয়া কোম্পানি অদূর ভবিষ্যতে এমটিএর এসব স্থাপনা ও যানবাহনে এমনকি রেলসড়কে হাজার হাজার ডিজিটাল পর্দায় বিজ্ঞাপনের ভিডিও প্রদর্শন করা হবে।
প্রচলিত ও ডিজিটাল উভয় উপায়ে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য আউট ফ্রন্ট মিডিয়া ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনা অনুযায়ী আউট ফ্রন্ট কেবল নিউইয়র্ক নগরের পাতাল রেলস্টেশন ও প্ল্যাটফর্মে, লং আইল্যান্ড রেলরোডে এবং মেট্টোনর্থ রেলরোডে ১৪ হাজার ডিজিটাল পর্দা বসাবে।
এসব পর্দা বসানোর জন্য বর্তমানে কাগজে মুদ্রিত কিছু বিজ্ঞাপন ও যাত্রীদের রেল চলাচল জানানো সংক্রান্ত প্রচারপত্র সরিয়ে ফেলা হবে। এ ছাড়া আউট ফ্রন্ট নিউইয়র্ক নগরের সড়কে, লং আইল্যান্ডে রেলরোডে এবং মেট্টোনর্থ রেলরোডে ৩৫ হাজারের বেশি পর্দা লাগাবে। ফলে সচল নয় এমন সনাতনী বিজ্ঞাপন ব্যাপকভাবে কমে যাবে।
এমটিএ নিশ্চিত করেছে, এসব বিজ্ঞাপনে কেবল ছবি দেখা যাবে, কিন্তু কোনো শব্দ শোনা যাবে না। যাত্রীদের জ্ঞাতার্থে রেল বগিতে বর্তমানে যেসব তথ্য পরিবেশনের ব্যবস্থা রয়েছে সেগুলো অব্যাহত থাকবে।
চুক্তি এমটিএর জন্য একেবারেই নতুন বিষয়। এর ফলে যাত্রীদের সঙ্গে এমটিএর যোগাযোগ ব্যবস্থা নাটকীয়ভাবে আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এমটিএর হিসাব মতো, ডিজিটাল পর্দা বসাতে প্রায় ৮০ কোটি মার্কিন ডলার ব্যয় হবে। সব অর্থের জোগান দেবে আউট ফ্রন্ট।
অন্যদিকে ডিজিটাল পর্দা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সব দায়িত্ব আউট ফ্রন্ট বহন করবে। চুক্তি অনুযায়ী আউট ফ্রন্ট ২০১৯ সাল শেষ হওয়ার আগে ১৭ হাজারের বেশি পর্দা বসানোর কাজ শেষ করবে। আর ২০২২ সালের মধ্যে ৮০ শতাংশের বেশি পর্দা বাসানের কাজ সম্পন্ন হবে। কিন্তু এই চুক্তির মাধ্যমে এমটিএ আউট ফ্রন্ট মিডিয়া থেকে কী পরিমাণ অর্থ পাবে তা জানা যায়নি।