ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারি চাঁদ কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ২৭ সেপ্টেম্বর কলেজের সাবেক শিক্ষার্থীদের এক ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, কুয়েত ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত কলেজের সাবেক শিক্ষার্থীরা এতে যোগ দেন।
বক্তারা তীব্র নিন্দা জানিয়ে বলেন, অপরাধী ও তাদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় এনে কঠিন ও দৃষ্টান্তমূলক সাজা না দিলে সমাজ ও জাতিকে ভবিষ্যতে এর খেসারত দিতে হবে। ১২৮ বছরের এই শিক্ষালয়ে অতীতে ঘটে যাওয়া অনেক ঘটনার বিচার সঠিক না হওয়ায় অপরাধীদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে। এখন থেকে সবাই সম্মিলিতভাবে প্রতিরোধ ও প্রতিবাদ করার অঙ্গীকারও করেন বক্তারা।
বক্তারা বলেন, ১৯৮৮ সালে জামায়াত–শিবিরের হাতে জুয়েল, মুনির ও তপন হত্যার মধ্য দিয়ে সিলেটে রক্তাক্ত অপরাজনীতির শুরু হয়। সেই হত্যারও বিচার হয়নি। তারপর থেকে কলেজগুলোতে চলছে বখাটে ও সন্ত্রাসীদের উৎপাত। রাজনৈতিক দল, সরকার ও জনগণসহ কলেজ কর্তৃপক্ষ কেউই এ দায় এড়াতে পারেন না। সিলেটের প্রশাসন কঠোর না হলে ভবিষ্যতে শাহজালাল (র.), শাহপরান (র.)–এর পুণ্যভূমিতে এসব ঘটনা বাড়বে।
বক্তারা অপরাধীদের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল করার দাবি জানিয়ে রাজনীতি বিবেচনায় না এনে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মিজানুর রহমান, লেখক–সাংবাদিক সুজাত মনসুর, শিল্পপতি সুয়েব আদমজী, মোহাম্মদ শামসুল করিম ও আবৃত্তিকার ফারহানা মনির উদ্যোগে আয়োজিত এই ভার্চুয়াল সভা পরিচালনা করেন কলামিস্ট তওহিদ ফিতরাত হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আইনজীবী ও রাজনীতিবিদ শেখ আখতারুল ইসলাম, যুক্তরাজ্যের রেস্টুরেন্ট ব্যবসায়ী বিসিএ সভাপতি এম এ মুনিম, সাবেক ছাত্রনেতা শাহীন আজমল, রাজনীতিবিদ হরমুজ আলী, জার্মানি থেকে সাকী চৌধুরী, টিপু এমদাদ হোসেন, সেলিম জুবেরী, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, নাজমা খাতুন, অধ্যক্ষ সুজাত আলী, মোহাম্মদ শাহজাহান, মখসুদুর রহমান, সেলিম আহমদ, জাহাঙ্গীর চৌধুরী, সৈয়দ এহসান, জামাল খান, কবি জুয়েল রাজ, মাহবুবুল আলম, আহমদ ছাব্বির, সামসুল ইসলাম, বদরুদ্দোজা, সঞ্জিত দাশ, ফারহানা মনি, সাংবাদিক আজিজুল আম্বিয়া, নাট্যকর্মী তারেক চৌধুরী, মাহবুব আজমল, সৈয়দ ইসলাম শাহেদ, জাহিদ দেওয়ান, তুহিন, রবিউল আলমসহ আরও অনেকে। সভায় যোগ দেশ–বিদেশ থেকে প্রায় এক শ সাবেক শিক্ষার্থী যোগ দেন।