এমি অ্যাওয়ার্ড পেলেন গভর্নর কুমো
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো এমি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। ২৩ নভেম্বর ৪৮তম এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গভর্নর কুমোকে এ সম্মান জানানো হয়।
ইন্টারন্যাশনাল একাডেমি প্রেসিডেন্ট ও একাডেমির প্রধান নির্বাহী ব্রুস পেইজনারের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন অ্যান্ড্রু কুমো। এ পদক হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তিনি, যেখানে ছিলেন তাঁর ভাই ক্রিস কুমো। সিএনএনে সাংবাদিকতার সুবাদে ক্রিস কুমোর আলাদা পরিচিত রয়েছে।
অনুষ্ঠানে একাডেমির বেন স্টিলার বলেন, ‘গভর্নর কুমোর ভাই ক্রিস কুমোকে সব সময় টেলিভিশনে দেখা যায়। এখন ক্রিসের বড় ভাইকে এমি অ্যাওয়ার্ড দিচ্ছি।’
গভর্নর কুমো তাঁর বক্তৃতায় বলেন, অতিমারির এ কঠিন সময়ে মানুষের মুখে হাসি ফোটাবার প্রয়াসে একাডেমির নেওয়া এ উদ্যোগ ধন্যবাদ পাওয়ার যোগ্য।
কোভিড-১৯ মহামারিতে সারা বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্কে। গত মার্চ মাস থেকে নিউইয়র্কের গভর্নর প্রতিদিন কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে জনগণের পাশে থেকেছেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে সংকটের সময় জনগণকে আস্থায় নিয়ে একজন নেতা হিসেবে অ্যান্ড্রু কুমো যে পদক্ষেপগুলো নিয়েছেন, তা সব মহলে বেশ প্রশংসিত হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় অ্যান্ড্রু কুমো বেশ কয়েক দফা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন। কিন্তু নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে তিনি কোনো আপস করেননি।