এম্পায়ার স্টেট ভবনের লাল সবুজের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিসেম্বর মাসে এম্পায়ার স্টেট ভবন সেজে ওঠে লালসবুজ রঙের আলোকসজ্জায়।
ডিসেম্বর মাসে এম্পায়ার স্টেট ভবন সেজে ওঠে লালসবুজ রঙের আলোকসজ্জায়।

নিউইয়র্কের সুউচ্চ এম্পায়ার স্টেট ভবনটি একটি আন্তর্জাতিক আইকন হিসেবে সুপরিচিত। ম্যানহাটনের এ ভবনের টাওয়ার লাইট সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠান ও সংস্থাকে স্বীকৃতি জানাতে তার রং পরিবর্তন করে একাত্মতা প্রকাশ করে। এটি একটি পুরোনো ঐতিহ্য। রং পরিবর্তনের এই লেড লাইট ব্যবস্থাটি ১৬ মিলিয়ন রং প্রদর্শন করতে সক্ষম। রাতের নিউইয়র্ককে আরও জৌলুশপূর্ণ ও আবেদনময়ী করে তোলে ঝলমলে এই আলোকসজ্জা।
আলোকসজ্জার মধ্য দিয়েই এম্পায়ার স্টেট বিল্ডিং বিভিন্ন তাৎপর্যপূর্ণ ছুটির দিন ও ইভেন্টগুলো উদ্‌যাপন করে। তবে এম্পায়ার স্টেট বিল্ডিং কারও জন্মদিন, বার্ষিকী বা বিয়ের মতো ব্যক্তিগত ইভেন্ট, বাণিজ্যিক ঘটনা, রাজনৈতিক প্রচার, ধর্মীয় ব্যক্তিত্ব বা ধর্মীয় ঘটনার জন্য আলোকসজ্জা করে না।
ক্রিসমাসের সময় আমেরিকাজুড়েই আলোকসজ্জা হয়। নিউইয়র্ক নগরীও আলোকিত হয়ে ওঠে এ সময়। সেই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসজুড়ে নগরীর বিভিন্ন ভবন, গাছপালায় আলোকসজ্জা করা হয়। ম্যানহাটনের এম্পায়ার স্টেট ভবন ও মেটলাইফ ভবনটিও ডিসেম্বর মাসে লালসবুজ রঙে সাজানো হয়, যা দেখতে অনেকটা আমাদের দেশের লালসবুজ পতাকার মতো লাগে। নিউইয়র্কে বসবাসরত অনেক বাংলাদেশি অভিবাসী বা পর্যটক এই লালসবুজ আলোকসজ্জাকে বাংলাদেশের বিজয় দিবসের সম্মানে বলে ভুল ধারণা করেন। প্রকৃতপক্ষে এই লালসবুজ আলোকসজ্জার সঙ্গে বাংলাদেশের বিজয় দিবস ও লালসবুজ পতাকার রঙের কোনো যোগসূত্র নেই। আমেরিকার হলিডে সিজন ও বড় দিন উৎসবকে উপলক্ষ করেই লালসবুজ রঙে এম্পায়ার স্টেট ভবন সজ্জিত করা হয়। তারপরও লালসবুজ বলে কথা। এই আলোকসজ্জা নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের স্বভাবতই উৎফুল্ল করে তোলে। বাংলাদেশের বিজয়ের লালসবুজ রং, আর আমেরিকার বড় দিনের উৎসবের লালসবুজ যেন মিলেমিশে একাকার হয়ে যায়। চারদিকে আনন্দ উৎসবের জোয়ার আসে।
সেই ১৯৭৬ সালে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের বাতিগুলো প্রথমবারের মত বর্ণিল হয়ে উঠেছিল। সে সময় আমেরিকার স্বাধীনতার দু শ বছর পূর্তি উৎসব উপলক্ষে টাওয়ারটি লাল, সাদা ও নীল রঙে সাজানো হয়েছিল। এরপর থেকে ডিসেম্বরের হলিডে সিজনেও লালসবুজ রঙে ভবনটি সাজানো শুরু হয়।
এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের এই আলোকসজ্জা নানা উপলক্ষে বছরব্যাপী করা হয়। সে জন্য একটি ক্যালেন্ডারও অনুসরণ করা হয়। যেমন ডিসেম্বর মাসের আসন্ন দিনগুলোর টাওয়ার লাইটিংয়ের রুটিন হলো ১৮ ডিসেম্বর ২০১৯ কাতার এয়ারওয়েজ ও কাতার জাতীয় দিবসের সম্মানে মেরুন ও সাদা রঙে সাজবে টাওয়ারটি। ২২ ও ২৩ ডিসেম্বর নীল ও সাদা উজ্জ্বল মোম সদৃশ আলো জ্বলবে জুইশ ধর্মাবলম্বীদের হানুকাহর সম্মানে। ২৪ ডিসেম্বর ক্রিসমাসের আগে স্প্লিট লাইটে সজ্জিত হবে টাওয়ারটি। ২৫ ডিসেম্বর ক্রিসমাস উদ্‌যাপনের জন্য বেতের মতো স্ট্রাইপের লালসবুজ ক্যান্ডি লাইট জ্বলবে টাওয়ারজুড়ে। ৩১ ডিসেম্বর নববর্ষের আগের দিন উদ্‌যাপনের
জন্য উজ্জ্বল বহু রঙের ঝিলিমিলি বাতিতে জ্বলজ্বল করবে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়া।
বাংলাদেশের বিজয় দিবসের স্মরণে না হলেও বাংলাদেশি আমেরিকানদের জন্য এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের এই লালসবুজ আলোকসজ্জা প্রতি বছরই অভূতপূর্ব আনন্দ নিয়ে আসে।