এরপর কী করবেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর গত বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ l ছবি: রয়টার্স
এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর গত বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ l ছবি: রয়টার্স

দেশের প্রধান গোয়েন্দা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন তোপের মুখে। ওয়াশিংটনের আকাশে কালো মেঘ আরও ঘনীভূত হচ্ছে। কারণ বরখাস্ত হওয়ার আগের দিনই প্রেসিডেন্ট নির্বাচনে রুশ ষড়যন্ত্রের তদন্তে আরও লোকবল চেয়েছিলেন এফবিআই পরিচালক জেমস বি কোমি। এখন প্রশ্ন উঠেছে, এই ঘটনা ধামাচাপা দিতে এরপর কী করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প গত মঙ্গলবার কোমিকে চাকরিচ্যুত করেন। রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসূত্র নিয়ে এফবিআই তদন্ত করছিল। এমন সময়ে জেমস কোমির নাটকীয় বরখাস্ত নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে আমেরিকার রাজনীতি। প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের  প্রতিবাদে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রসেনস্টেইন পদত্যাগের হুমকি দেন। এই রসেনস্টেইনের কাছে রিপোর্ট করতেন কোমি। আর প্রেসিডেন্টের এই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তাঁকে অন্ধকারে রেখে।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে জেমস কোমি  l ফাইল ছবি: রয়টার্স
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে জেমস কোমি l ফাইল ছবি: রয়টার্স

এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার যোগাযোগ নিয়ে স্বাধীন তদন্তের দাবি উঠেছে। গত মঙ্গলবার বিকেল থেকে মার্কিন সংবাদমাধ্যম থেকে শুরু করে সর্বত্র একই আলোচনা। কি হচ্ছে, কি হবে? অনভিজ্ঞ লোক পরিবেষ্টিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি আমেরিকায় কোনো সাংবিধানিক সংকট ডেকে আনছেন? ওয়াশিংটনের এ অস্থিরতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, এ নিয়ে চলছে নানামুখী আলোচনা।

আমেরিকার গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কোনো হস্তক্ষেপ ছিল কিনা এবং ট্রাম্পের সহযোগীদের সঙ্গে রুশ সরকারের কোনো যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখার জন্য এফবিআই তদন্ত শুরু করেছিল। বরখাস্ত হওয়ার আগে এফবিআই-এর পরিচালক তদন্তের জন্য আইন মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত অর্থ ও জনবল বরাদ্দেরও আবেদন করেন।

প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার ষড়যন্ত্রের ব্যাপারে একজন স্বাধীন প্রসিকিউটর নিয়োগের মাধ্যমে পুরো বিষয়ের তদন্ত করার দাবি আগে থেকেই ছিল। তবে সে দাবি অনেকটাই রাজনৈতিক প্রতিপক্ষের কাছে সীমাবদ্ধ ছিল। দেশের প্রধান গোয়েন্দা কর্মকর্তা হিসেবে জেমস কোমি রাশিয়ার ব্যাপারে তদন্ত করার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছিলেন। তিনি সত্যিই ঘটনার গভীরে যেতে প্রস্তুত ছিলেন বলেই একটা বিশ্বাস জন্মেছিল সব মহলে। এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরাগভাজন হন জেমস কোমি। প্রেসিডেন্ট দাবি করে আসছিলেন নির্বাচনে রাশিয়ার জড়িত থাকার অভিযোগ ‘ভুয়া’।

জেমস কোমিকে বরখাস্তের জের ধরে আমেরিকার রাজনীতিতে তুলকালাম শুরু হয়েছে। এমনকি এখন রিপাবলিকানরা রাশিয়া সংযোগ নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে শামিল হয়েছেন। অ্যারিজোনা থেকে নির্বাচিত রিপাবলিকান দলীয় সিনেটর জন ম্যাককেইন প্রেসিডেন্টের সিদ্ধান্তে নিজের হতাশার কথা ব্যক্ত করেছেন। তাঁর মতে, এ সিদ্ধান্ত ২০১৬ সনের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে বিশেষ কংগ্রেসনাল কমিটির দাবিকে জোরদার করেছে।

এ ব্যাপারে সিনেটর জন ম্যাককেইন, সিনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান রিচার্ড এম বার রাশিয়ার ব্যাপারে কংগ্রেসনাল তদন্তে রিপাবলিকানের সক্রিয় সমর্থন পেয়েছেন। রিচার্ড এম বার বলেন, কোমির বরখাস্তে তিনি অস্বস্তিবোধ করছেন। সিনেট প্যানেলের ডেমোক্র্যাট দলীয় ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেন, কোমির পদচ্যুতির মানে সিনেট ইন্টেলিজেন্সের তদন্তের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে। কোমিকে বরখাস্তের আগেই কমিটি তদন্তকে এগিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল।

গত মাসের শেষ দিকে ট্রাম্পের নির্বাচনী সহযোগীদের রাশিয়ার সঙ্গে যোগাযোগের ই-মেইল এবং অন্যান্য রেকর্ড চাওয়া হয়। তদন্তের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা জানান, এসব রেকর্ড পাওয়ার জন্য কমিটি সমন জারির জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়ার্নার বলতে পারেননি, কখন সমন জারি হবে কিংবা আদৌ জারি হবে কিনা। তিনি সিএনএনকে বলেন, ট্রাম্প ও তাঁর সহযোগীদের আর্থিক লেনদেনের রেকর্ড কমিটিকে দেওয়ার জন্য ট্রেজারি ডিপার্টমেন্টের কাছে অনুরোধ জানানো হয়েছে।

জাস্টিস ডিপার্টমেন্ট মনে করে, কোমির বরখাস্ত রাশিয়ার তদন্তের কিছু আসে যায় না। কোমি কীভাবে হিলারির তদন্ত চালাচ্ছিলেন তারই প্রতিক্রিয়ায় এ বরখাস্তের ঘটনা ঘটেছে বলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। গত গ্রীষ্মে জেমস কোমি ঘোষণা দিয়েছিলেন, ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহারের জন্য হিলারির বিরুদ্ধে অভিযোগ আনার কোনো যৌক্তিক কারণ নেই। এরপর নির্বাচনের ঠিক আগে আরেক দফা বক্তব্যে জেমস কোমি তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে তদন্তে কিছু পাওয়া যাচ্ছে, এমন আভাস দেন। পরে আবার খোলাসা করে বলেন, অভিযোগ আনার মতো কিছু হিলারি ক্লিনটনের বিরুদ্ধে পাওয়া যায়নি। ততক্ষণে হিলারির জন্য নির্বাচনে যা ক্ষতি হওয়ার, তা হয়ে গেছে। নির্বাচনে হারার জন্য এফবিআই প্রধানের অসময়োচিত বক্তব্যকে এখনো দায়ী করা হয় হিলারি শিবির থেকে। সে সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা প্রধান জেমস কোমির প্রশংসা করেছেন। কিছুদিন আগেও বলেছেন, এফবিআই প্রধান হিসেবে জেমস কোমির ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে।

গত মঙ্গলবার বিকেলে জেমস কোমি ছিলেন ক্যালিফোর্নিয়ায়। সেখানে তাঁর কাছে বরখাস্তের চিঠি পৌঁছানো হয়। ট্রাম্প লিখেছেন, ‘আমি এ জন্য আপনাকে সাধুবাদ জানাই যে, তিনটি ভিন্ন ভিন্ন উপলক্ষে আপনি রাশিয়া নিয়ে আমি তদন্তের আওতায় নেই বলে জানিয়েছেন। তথাপি আমি বিচার বিভাগের সঙ্গে একমত। আপনি কার্যকরভাবে ব্যুরোর নেতৃত্ব দিতে পারছেন না।’ বেশ কিছু সপ্তাহ থেকে ট্রাম্প তাঁর টুইট বার্তায় তদন্তকে প্রত্যাখ্যান করে আসছিলেন। এটা করদাতাদের অর্থের অপচয় বলে তিনি উল্লেখ করেন। এমন টুইট বার্তা এফবিআইর প্রতি সরাসরি চ্যালেঞ্জ, যা প্রেসিডেন্টরা ঐতিহ্যগতভাবে জনসমক্ষে প্রচার করা থেকে বিরত থেকেছেন সব সময়।

হোয়াইট হাউসের ভয় হচ্ছে, কোমির তদন্তে কোনো অভিযোগ না পেলেও তা প্রেসিডেন্টের ক্ষতির কারণ হবে। ট্রাম্পের মতলব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, কোমিকে তাড়ানোর উদ্যোগের মাধ্যমে হোয়াইট হাউস কি তদন্তে বিলম্ব ঘটাতে চায়, নাকি তদন্তকে বিভ্রান্ত করতে চায়-এ নিয়ে শুরু হয়েছে এখন নানামুখী আলোচনা। ট্রাম্পের সাবেক উপদেষ্টাদের মধ্যে নির্বাচনী প্রচারাভিযানের চেয়ারম্যান পল ম্যানাফোর্ট এবং তার দীর্ঘদিনের বন্ধু রজার স্টোন তদন্তের আওতায় রয়েছেন।

মার্চ মাসে কোমি এফবিআই-এর তদন্তকে প্রতি গোয়েন্দা তদন্ত হিসেবে অভিহিত করে ইঙ্গিত দিয়েছেন, ট্রাম্পের সহযোগীদের কাউকে রুশ সরকার নিয়োগ করার চেষ্টা করেছিল কিনা তা দেখা হচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, ট্রাম্পের সহযোগী ও রুশ কর্মকর্তাদের মধ্যে নির্বাচনে হস্তক্ষেপের চক্রান্ত ছিল কিনা, তা খতিয়ে দেখাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ধরনের তদন্ত বছরের পর বছর চলে এবং কিছু রিপাবলিকান ক্রমাগতভাবে উদ্বিগ্ন ছিলেন যে, এ তদন্ত প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের মধ্যে এমন কালো মেঘের সৃষ্টি করছে যা দুর করা যাবে না। হাউস ইন্টেলিজেন্স কমিটি সম্পর্কে ডেমোক্র্যাট দলীয় প্রতিনিধি অ্যাডাম বি স্পিফ বলেছেন, কোমির বরখাস্ত বিরাট প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, হোয়াইট হাউস কি নির্লজ্জভাবে ফৌজদারি অপরাধের ব্যাপারে হস্তক্ষেপ করবে?

এ পদচ্যুতি ট্রাম্পের সাবেক সমর্থক, অ্যাটর্নি জেনারেল জেফ সেশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। তিনি রুশ রাষ্ট্রদূত সাগ্রে আই কিসলেয়াকের সঙ্গে বৈঠকের ব্যাপারে ভুল তথ্য কংগ্রেসকে দেন। তিনি কোমিকে বরখাস্ত করার জন্য গত মঙ্গলবার ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন বলে জানানো হয়েছে।

গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, জেমস কোমি বিভাগটিকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। যদিও মঙ্গলবার রাত থেকে হোয়াইট হাইসের মুখপত্রসহ অন্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। এ ক্ষেত্রে মিডিয়ার প্রশ্ন কখনো এড়িয়ে চলা, কখনো ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এ অস্থিরতা ঢাকার জন্য ট্রাম্প প্রশাসনের নানামুখী চেষ্টাও লক্ষ্য করা গেছে।

ওয়াশিংটন পোস্ট পরদিন বুধবার এ সংক্রান্ত প্রতিবেদনে বলেছে, হোয়াইট হাউসের ওপরে কালো মেঘ আরও ঘনীভূত হচ্ছে। একঝাঁক বিকারগ্রস্ত লোক দ্বারা পরিবেষ্টিত প্রেসিডেন্ট ট্রাম্প। এসব লোকজন প্রেসিডেন্ট ট্রাম্পকে হয় না বলতে পারে না অথবা না বলতেই অনিচ্ছুক।