এরপরও ট্রাম্পের পাশে থাকবেন রিপাবলিকানরা?

‘ই-মেইলে কোনো কথা বলো না’—এটাই আধুনিক ষড়যন্ত্র তত্ত্বের আপ্তবাক্য। আর ক্রেমলিনের সঙ্গে কোনো যোগসাজশে যুক্ত হওয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সহযোগীরা এ ভুলটি করবেন না এমনটিই ধারণা ছিল। অন্তত গত ১১ জুলাই পর্যন্তও এ ধারণার শক্ত ভিত ছিল। কিন্তু ওই দিন ২০১৬ সালে রুশ আইনজীবী ও ট্রাম্প জুনিয়রের মধ্যে বিনিময়কৃত ই-মেইলগুলো সামনে চলে আসে। আর অবধারিতভাবেই ভেঙে যায় ধারণাটি। এ ই-মেইলগুলো নিশ্চিতভাবেই ট্রাম্প ও রুশদের যোগসাজশের বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ হওয়া সবচেয়ে নাটকীয় অংশ।
এসব ই-মেইলে ট্রাম্প জুনিয়রকে ‘অতি উচ্চ পর্যায়ের ও সংবেদনশীল তথ্য’ সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। একই সঙ্গে প্রতিশ্রুত তথ্যকে বর্ণনা করা হয়েছিল ‘ট্রাম্পের প্রতি রাশিয়া ও এর সরকারের সমর্থনের’ নিদর্শন হিসেবে। নিজেকে রুশ সরকারের আইনজীবী পরিচয় দেওয়া নাতালিয়া ভেসেলনিৎসকায়ার কাছ থেকে এ বার্তা পাওয়ার পর ট্রাম্প জুনিয়র বিধিসম্মতভাবে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেননি। বরং প্রত্যুত্তরে ‘দারুণ’ বলে নাতালিয়ার কাঙ্ক্ষিত বৈঠকে সম্মত হয়েছেন তিনি। শুধু তাই নয়, নিজের সঙ্গে নিয়েছেন বোন জামাই (ইভানকার স্বামী) জ্যারেড কুশনার ও সে সময়ে ট্রাম্পের প্রচার শিবিরের প্রধান পল ম্যানাফোর্টকে। এর মধ্যে ম্যানাফোর্ট আবার এ বৈঠকের কিছুদিন পরই রুশ মদদপুষ্ট ইউক্রেনীয় রাজনীতিকদের সঙ্গে সংশ্লেষের অভিযোগে প্রচার প্রধানের দায়িত্ব ছাড়তে বাধ্য হন। যদিও সে সময় ম্যানাফোর্টের বিরুদ্ধে এ অভিযোগকে ‘ডেমোক্র্যাটদের ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দেন ট্রাম্প সমর্থকরা।
রুশ আইনজীবীর সঙ্গে ট্রাম্প-পুত্রের এ বিতর্কিত বৈঠক অনেক কিছুকেই উসকে দিচ্ছে, বিশেষত সেখানে যেহেতু ক্রেমলিনের সাবেক কর্মকর্তা ও ট্রাম্পের পরামর্শকেরা উপস্থিত ছিলেন। অথচ এসব বিষয়ই কংগ্রেসের নেওয়া সাক্ষ্যে বিস্ময়করভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে ট্রাম্প ও আমেরিকা দুইয়ের জন্যই ক্ষতিকর। বিষয়টি কুশনারের করা মস্কোর সঙ্গে পেছন দরজা দিয়ে আলোচনার উদ্ভট প্রস্তাবের চেয়েও ভয়াবহ। এমনকি বিতর্কের মুখে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বাধ্যতামূলক পদত্যাগের চেয়েও এটি বেশি বিপজ্জনক। বলার অপেক্ষা রাখে না যে, রুশ সংশ্লিষ্টতার কারণেই তাকে পদত্যাগ করতে হয়েছিল। রুশ রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিয়ে তিনি মিথ্যাচার করেছিলেন।
এ অবস্থায় ট্রাম্প জুনিয়র নিজে এসব ই-মেইল পাঠাননি এ যুক্তি উপস্থাপনের কোনো সুযোগ ছিল না। কারণ তিনি জানতেন যে, নিউইয়র্ক টাইমস এসব ই-মেইল প্রকাশ করবে। পাশাপাশি জানতে চাইবে এ-বিষয়ক তার ব্যাখ্যাও। এ ক্ষেত্রে শুরুতেই নাতালিয়া নিজেকে ক্রেমলিন ঘনিষ্ঠ নন বলে দাবি করেন। যদিও এ দাবি কোনো কাজেই আসেনি। কারণ যে রুশ শিশু দত্তকের বিষয়ে আলোচনা হয়েছে বলে তারা স্বীকার করেছেন, তা মস্কোর স্বার্থ সংশ্লিষ্টই। ফলে নাতালিয়া হিলারি ক্লিনটন সম্পর্কে কোনো তথ্য শেষ পর্যন্ত দেননি, ট্রাম্প জুনিয়রের এমন দাবি আর ধোপে টেকে না। এ বৈঠকের মধ্য দিয়ে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি প্রমাণ না হলেও, রিপাবলিকান শিবির যে সীমা ছাড়িয়েছিল, তা নিশ্চিত হয়ে যায়। আর এ ধরনের একটি ঘটনা পুরো মার্কিন কাঠামোটি নিয়েই বিদ্যমান সন্দেহের মেঘ ঘনিয়ে তোলে। কারণ এখন পর্যন্ত কংগ্রেসে থাকা কোনো রিপাবলিকানই ট্রাম্পের ওপর থেকে সমর্থন তুলে নেননি। এমনকি এখনো তারা নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন। আর এর মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়কে এড়িয়ে যাচ্ছেন তারা।
চলমান কেলেঙ্কারি মার্কিন গণতন্ত্রের সবচেয়ে ভালো ও সবচেয়ে মন্দের মধ্যে একটি লড়াই। এ দ্বন্দ্ব সংবাদমাধ্যমসহ মার্কিন গণতন্ত্রের অদ্বিতীয় কিছু প্রতিষ্ঠানের সঙ্গে অদূরদর্শিতা ও বোধ বুদ্ধিহীন অংশীদারত্বের। অথচ প্রেসিডেন্ট ট্রাম্প এ দ্বন্দ্বে সংবাদমাধ্যমসহ বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নিরন্তর গালাগাল ও অভিশাপ দিয়ে যাচ্ছেন। আর এতে রিপাবলিকানরা এখনো এক রকম নিশ্চুপই রয়েছেন। চলমান বিতর্কের রাজনৈতিক ও আইনগত সমাধান এখনো স্পষ্ট নয়। যদিও নৈতিক রায়টি ইতিমধ্যে সামনে এসে গেছে। ইকোনমিস্ট অবলম্বনে