এল ঘোরাঘুরির মৌসুম

কথায় আছে, দুঃখ আছে বলে আমরা সুখকে বুঝতে পারি। আর নিউইয়র্কে এসে জানলাম, শীত আছে বলেই বোঝা যায় এখানে গ্রীষ্ম কতটা কাঙ্ক্ষিত।
শীতের বিপরীতে গ্রীষ্ম দেখলে এই সত্য যেন আরও গাঢ়, স্পষ্ট হয়। জীর্ণ-শীর্ণ, শুষ্ক-বিদীর্ণ শীতকালে মনটা কেমন যেন ভার হয়ে থাকে। তুষারে ঢেকে আছে চারদিক। সকাল-সন্ধ্যা ঘরে বন্দী। তদুপরি আছে ব্লিজার্ডের (এক ধরনের তুষার ঝড়) ভয়। খুব প্রয়োজনে বের হলে সূর্যকে মনে হয় চাঁদের চেয়েও ম্যাড়মেড়ে। কোনো তেজই নেই যেন ব্যাটার। ওদিকে গ্রীষ্মকালে সূর্য ঝলসে দেয় চারদিক। সবকিছুই যেন বেশি বেশি, প্রকৃতিতে রং-রূপ যেন উপচে পড়ে।
এত কোলাহল, এত সবুজ, পথে-পার্কে-জঙ্গলে জীবনের এত স্পন্দন...তবু কি বিষণ্ন হয় না মন? থমকে দেয় না দুই মুহূর্ত?
আমার বাসা থেকে কাছের পার্কে যাওয়ার সময় প্রতিদিন একটা গাছের দিকে নজর আটকে যায়। গাঢ় সবুজ পাতার ওপর, হালকা হলুদ রঙের ফুল। এত ভালো লাগে যে বলার নয়! প্লাস পাওয়ারের চশমা খুলে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকি গাছটার দিকে।
বনফুলের বিখ্যাত ছোট গল্প নিমগাছের কথা মনে হয়, যে নিমগাছটা কোথাও যেতে পারে না। কারণ শিকড় চলে গেছে অনেক দূর। পাশের বাড়ির বউটির অবস্থাও অনেকটা ওর মতো। অচেনা গাছটা অনেকটা ফুলে ফুলে ছাওয়া নিমগাছের মতো দেখতে লাগে।
নামকরা, অভিজাত ফুলের তালিকায় নিশ্চয়ই নিমফুলের কোনো ঠাঁই হবে না। তবু কেন যেন ফুলটা আমার খুব প্রিয়। নিমগাছের মতো ওই গাছটা দেখতে দেখতে মনের মধ্যে অচেনা এক কষ্ট দলা পাকায়। চোখের পাতা অকারণে ভিজে ওঠে।
আহারে! আবার জীবনে একটা গ্রীষ্মকাল পেলাম। আবার প্রকৃতির অসামান্য সবুজাভ শোভা উপভোগের সুযোগ ঘটল। কিছুদিন পরে আসবে ‘ফল’। মানে হেমন্তকাল। সবুজ পাতা হলুদ-লাল হবে। তারপর একদিন ঝরে পড়বে। তারপর শীতকালে তুষারপাত এসে গাছটাকে ন্যাড়া করে দেবে। ডালে ডালে ফুটে থাকবে ‘তুষার ফুল’। আর মন কেমন করা দিনে ক্ষণে ক্ষণে একটা ভাবনাই উঁকি দেবে—‘আবার একটা নতুন গ্রীষ্মকাল পাব তো জীবনে? আবার কি দেখতে পাব পথের ধারের সেই গাছটি? গাঢ় সবুজ পাতা যার, ফুলগুলি হালকা হলুদ।’

এমনিতে এই শহরের মানুষ আবহাওয়া নিয়ে কথা বলতে খুব ভালোবাসে। প্রায় প্রত্যেকেই ঘর থেকে বের হওয়ার সময় সেই দিনের আবহাওয়ার পূর্বাভাষ দেখে বের হয়। গ্রীষ্মকাল এলে তো কথাই নেই। চারদিকে যেন উৎসবের আমেজ। সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ততর হতে থাকে পোশাক। সমুদ্র সৈকতে-পার্কে-পথে-ঘাটে দৌড়ে, বসে, হেঁটে, শুয়ে নানাভাবে লোকজন উপভোগ করে এই মৌসুমকে।
গ্রীষ্মকালে বাঙালি সেজেগুজে বনভোজনে মেতে ওঠেন এখানে। অথচ বাংলাদেশে সব বনভোজন হয় শীতকালে। গ্রীষ্মে পার্কে বারবিকিউ পার্টি করে সব দেশের মানুষই। বিশাল গাড়িতে মেরিনেট করা চিকেন, করটিল্লা চিপস, সালসা আর চেয়ারটেবিল, চুলা নিয়ে পরিবারের সদস্যরা দিনভর গাছের তলায় পার্টি করে। কেউ বা বাড়ির সামনে বা পেছনের উঠানেও করে বারবিকিউ পার্টি।
ছেলে-মেয়েদের স্কুল বন্ধ থাকায় নিউইয়র্কের বাইরে বিভিন্ন শহরে বেড়াতে যায় বাঙালি পরিবারগুলো। আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্য, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে আবার নিউইয়র্কে বেড়াতে আসে। অতিথিদের ঘিরে আড্ডা জমে। বাঙালি তো আড্ডা প্রিয় জাতি।
আড্ডা জমে বাড়ির পাশে পার্কে। গ্রীষ্মকালে দিন বড় বলে রাত নয়টা পর্যন্ত পার্কে থাকে সবাই, প্রতিবেশীরা একত্রিত হয়। নানা দেশের, নানা ভাষার, সংস্কৃতির মানুষ। সন্তানদের কারণে তারা এক জায়গায় বসে। কারণ মা-বাবা যে ভাষাতেই কথা বলুক, সন্তানদের ভাষা একটিই—ইংরেজি। বাবা-মায়েরা ভাঙা ভাঙা ইংরেজিতে পরস্পরের খোঁজ নেন। মনে মনে বিস্মিত হয় এই ভেবে—পৃথিবীর সব মানুষেরই দুঃখ-কষ্ট-আনন্দের রং আর সন্তান বাৎসল্য একই।
এভাবে গল্প-আড্ডায়, ঘোরাঘুরিতে চোখের পলকে শেষ হয়ে যায় গ্রীষ্মকাল। আসে দীর্ঘ একঘেয়ে শীত। আগেই যে বলেছিলাম, দুঃখ আছে বলেই আমরা বুঝতে পারি সুখের আনন্দ, তেমনভাবে শীতের তীব্রতা আমাদের জানায় গ্রীষ্মকাল কতটা কাঙ্ক্ষিত, কত মধুর।