এল চাপোকে নিয়ে শঙ্কা মার্কিন প্রশাসনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর মাদক ব্যবসায়ী এল চাপো গুজমান জেল ভেঙে পালাতে পারেন বলে শঙ্কা বিরাজ করছে মার্কিন প্রশাসনে। বর্তমানে নিউইয়র্কের ফেডারেল কারাগারে বন্দী গুজমান তাঁকে আরও বেশি মুক্ত আবহে রাখার আহ্বান জানান। আর এ থেকেই এ শঙ্কার সৃষ্টি হয়েছে।
এল চাপো গুজমান নামে সমধিক পরিচিত মেক্সিকোর এ কুখ্যাত ‘মাদক সম্রাটের’ পুরো নাম হোয়াকিন আর্চিভালদো গুজমান লোয়েরা। ২০০৫ সাল থেকেই তিনি আমেরিকার শিকাগো, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন ডিসি, ডেট্রয়েটসহ বিভিন্ন অঞ্চলে হাজার হাজার কিলোগ্রাম কোকেন পাচার করতেন। ২০১৬ সালের জানুয়ারিতে গুজমানকে ম্যাক্সিকান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমেরিকান ডিইএ (ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি) এজেন্টদের সহায়তায় গ্রেপ্তার করে। এর আগে তিনি অনেকবার মেক্সিকো পুলিশের হাতে গ্রেপ্তার হলেও প্রতিবারই তিনি মেক্সিকোর জেল ভেঙে পালিয়ে যান।
নিউইয়র্কের কারাগারে বন্দী গুজমানের আইনজীবী সম্প্রতি আদালতে আরজি জানিয়েছেন, গুজমানের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। তাঁকে গত দুই বছর ধরে অন্ধকার একটি কক্ষে আটকে রাখা হচ্ছে। চারপাশের হল্লা থেকে বাঁচতে তাকে এমনকি টয়লেট পেপার কানে গুঁজে রাখতে হয়। এ অবস্থায় গুজমান কারকক্ষের বাইরে আরও বেশি সময় দাবি করতে পারেন। মুক্ত হাওয়ায় আরও বেশি সময় চেয়ে আবেদন করেন গুজমানের আইনজীবী।
এই আবেদনকে পলায়ন পরিকল্পনার অংশ হিসেবে মনে করছে ফেডারেল কর্তৃপক্ষ। তাঁদের মতে, এর আগেও একাধিক কারাগার থেকে গুজমান পালিয়েছে। তাই তাকে বিশ্বাস করা যায় না।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এল চাপোর অবাধ মাদক চালানের কারণে আমেরিকায় মাদকের উপদ্রব বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অকাল মৃত্যুর সংখ্যা। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) তথ্যানুযায়ী, ২০০৫ সালে অতিরিক্ত মাদকসেবন করে প্রায় ২৫ হাজার আমেরিকান মারা যায়। ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ অ্যাবিউজের তথ্যও একই কথা বলছে। সিডিসির তথ্যমতে, অতিরিক্ত মাদকসেবন করে ২০০৬ সালে প্রায় ৩০ হাজার, ২০০৭ সালে প্রায় ৩৬ হাজার মানুষ মারা যায়। ২০০৮-১০ সময়ে এ সংখ্যা বেড়ে প্রায় ৪০ হাজার হয়। ২০১৫ সালে মারা যায় প্রায় ৬০ হাজার আমেরিকান। ২০১৬ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হয় গুজমান।
এল চাপো গুজমান একজন দুর্ধর্ষ ঠান্ডা মাথার খুনি। ২০১৪ সালে গুজমান মেক্সিকো পুলিশকে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি প্রায় দু-তিন হাজার মানুষকে হত্যা করেছেন। মাদক পাচার থেকে তাঁর বার্ষিক আয় ছিল ৩০০ কোটি ডলারেরও বেশি। তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা
করা গুজমান ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় ২০০৯ সালে স্থান করে নেন। ২০০৪ সালে তাঁকে ধরার জন্য মার্কিন সরকার ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করে।
গত বছর থেকে নিউইয়র্কের ফেডারেল আদালতে হোয়াকিন আর্চিভালদো গুজমান লোয়েরা ওরফে এল চাপোর বিচার কার্যক্রম শুরু হয়। গত ফেব্রুয়ারিতে তিনি আদালতে দোষী প্রমাণিত হলে আদালত তাঁকে আমেরিকার ফেডারেল কারাগারে বন্দী রাখার আদেশ দেন।