
এল সালভাদরে সমবর্তী দায়িত্বে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।
২২ আগস্ট এল সালভাদরের রাজধানী স্যান সালভাদরে দেশটির রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট অধ্যাপক স্যালভাদর স্যানচেজ সিরেনের কাছে বাংলাদেশের প্রথম অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে তিনি পরিচয়পত্র পেশ করেন।
রাষ্ট্রদূত মাসুদ নিউইয়র্ক থেকে এল সালভাদরে বাংলাদেশের সমবর্তী রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। পরিচয়পত্র পেশের আগে রাষ্ট্রদূত মাসুদকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়। পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুগো মার্টিনেজ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মাসুদ তাঁর পরিচয়পত্র গ্রহণের জন্য এল সালভাদরের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং তাঁর কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় রাষ্ট্রদূত মাসুদ বলেন, গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে এল সালভাদরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ আগ্রহী। রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, পারস্পরিক বন্ধুত্ব ও বাণিজ্য সম্পর্কের ক্রমোন্নয়নের ক্ষেত্রে দুই দেশের ভৌগোলিক দূরত্ব কখনই বাধা হয়ে দাঁড়াবে না। দেশটির সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নে সাফল্য অর্জনের জন্য তিনি এল সালভেদরের রাষ্ট্রপতির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে এল সালভাদরের প্রেসিডেন্টের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। তিনি প্রেসিডেন্ট সিরেনকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের সঙ্গে এল সালভাদরের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। পরিচয়পত্র পেশের পর পারস্পরিক নিয়মিত দ্বিপক্ষীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য বাংলাদেশ ও এল সালভাদরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একই দিনে বাংলাদেশ
ছাড়াও ভারত, রাশিয়া, পর্তুগাল, নেদারল্যান্ডস, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনাবাসিক রাষ্ট্রদূতসহ ১৮টি দেশের রাষ্ট্রদূত প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেন।