এলইডি বাতিতে আলো ঝলমল নিউইয়র্ক নগরী

রাতের আঁধার আসার আগেই সাদা আলোতে ঝলমল করে নিউইয়র্ক নগরী। সড়কে পুরোনো বাল্ব সরিয়ে নতুন এলইডি বাল্ব সংযোজিত হওয়ায় নিউইয়র্ক নগর ভিন্ন রূপ লাভ করেছে।
নিউইয়র্ক নগরের পরিবহন বিভাগের মতে এলইডি বাল্বের আলো সাদা ও উজ্জ্বল। এ কারণে নিউইয়র্ক নগরের সব সড়কের সাবেক সোডিয়াম বাতির পরিবর্তে এলইডি বাল্ব সংযোজিত হওয়ায় রাতের নিউইয়র্ক নগরী এখন সাদা আলোতে ঝলমল করে। ইতিমধ্যে নগরের দুই লাখ ৫০ হাজার সড়ক বাতির ৭২ শতাংশই এলইডি বাল্ব লাগানোর কাজ শেষ হয়েছে।
বাকি ২৮ শতাংশ সাবেক সোডিয়াম বাল্ব পর্যায়ক্রমে সরিয়ে এলইডি বাল্ব লাগানো হবে। নিউইয়র্ক নগরের মহাসড়কগুলো নগরের অন্তর্ভুক্ত না হলেও ২০১৮ সাল শেষ হওয়ার আগেই মহাসড়কেও একই ধরনের বাতি লাগানো হবে।
সাবেক মেয়র ব্লুমবার্গ এ পরিকল্পনা অনুমোদন করেছিলেন। ২০১৩ সাল থেকেই এলইডি বাল্ব লাগানো শুরু হয়। নগরের পরিবহন বিভাগের তথ্যমতে ইতিমধ্যেই নগরের পাঁচটি বোরোর মধ্যে কুইন্স ৮৯ হাজার, ব্রুকলিনে ৬৫ হাজার, ব্রঙ্কসে ১২ হাজার, ম্যানহাটনে ১০ হাজার এবং স্ট্যাটন আইল্যান্ডে তিন হাজার এলইডি বাল্ব লাগানো হয়েছে।
এলইডি বাল্ব সোডিয়াম বাতির চেয়ে টেকসই এবং এই বাতির জ্বালানি খরচও অর্ধেক। ফলে সড়ক আলোকিত করার জন্য নগর কর্তৃপক্ষের লাখ লাখ ডলার সাশ্রয় হবে।
বিশেষজ্ঞরা মনে করেন নগরবাসীর নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যেই মূলত সড়কে এলইডি বাল্ব ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে গভীর রাতের নিউইয়র্ক নগরে আরও বেশি পথচারী ও বাসিন্দা নির্ভয়ে ঘোরাফেরা করতে পারবেন।
ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান ও নগর বিষয়ক অধ্যাপক হ্যার্লড ট্যাকোসিয়ান বলেন, যুক্তরাষ্ট্রে কিছু নগর রয়েছে যেগুলো বিকেল ৫টার মধ্যেই বন্ধ হয়ে যায়। কিন্তু নিউইয়র্ক নগর ভিন্ন, যা রাতে ঘুমায় না। সারা রাতই কর্মজীবী মানুষ যাতায়াত করেন। ফলে তাদের নিরাপত্তার বিষয়টি নগর কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করেছেন।
এলইডি বাতির কারণে নগরীর অপরাধের হারও কমে যাবে। নিউইয়র্ক নগর পুলিশ বিভাগের তথ্যমতে, গত দুই বছরে নগরের অপরাধের হার ৮ শতাংশ কমেছে।
অপরাধের হার হ্রাস পাওয়ার সঙ্গে আলো ঝলমল সড়কের ভূমিকা কতখানি তা নিশ্চিত করে বলা যায় না। তবে ট্যাকোসিয়ান মনে করেন, ঝলমল সড়ক পথচারীদের মনে নিরাপত্তাবোধ জাগায়।
আমেরিকার অন্যান্য নগরীর তুলনায় নিউইয়র্ক নগরের সড়কগুলোতে বাতির সংখ্যা অনেক বেশি। লস অ্যাঞ্জেলেস, ওহাইহো এবং পিনিক্সের মতো নগরগুলোর কর্তৃপক্ষও নিউইয়র্ক নগরের সড়কবাতির মতোই এলইডি বাতি ব্যবহারের পরিকল্পনা হাতে নিয়েছে।