এলইডি সাইন জানাচ্ছে ট্রেনের সঠিক সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনের সময় জানান দেওয়া এমন ঘড়ি এখন দেখা যাচ্ছে নিউইয়র্কের বিভিন্ন এলাকায়
ট্রেনের সময় জানান দেওয়া এমন ঘড়ি এখন দেখা যাচ্ছে নিউইয়র্কের বিভিন্ন এলাকায়

নিউইয়র্ক শহরের সাবওয়ে ব্যবস্থা নানা সংকটে জর্জরিত। সাবওয়ের বিড়ম্বনা দীর্ঘদিন ধরেই শহরটির অন্যতম আলোচ্য বিষয়। এ নিয়ে হয়েছে বিস্তর সমালোচনা। কিন্তু এই সাবওয়ের বিলম্বকে পুঁজি করেই ব্রুকলিনে গড়ে উঠেছে একটি স্টার্টআপ প্রতিষ্ঠান।
নিউইয়র্ক শহরের ট্রেন সাইন কোম্পানি হুবহু সাবওয়ের বৈশিষ্ট্যমণ্ডিত ঘড়ির আদলে একটি ক্ষণগণনা তৈরি করেছে। এ বিশেষ সাইন ও ঘড়িটি তারা সরবরাহ করছে বিভিন্ন দোকানে। এমনকি বাসাবাড়িতেও এই বিশেষ ঘড়িটি সরবরাহ করা হচ্ছে। কী আছে এ ঘড়িতে? সাবওয়ের বিলম্বের হিসাব বিবেচনায় নিয়ে বিভিন্ন ট্রেনের আসার সময়সূচি সঠিকভাবে তুলে ধরা হয় এ সাইনটিতে। গত বছরের মার্চে অভিনব এই আইডিয়া নিয়ে কাজ শুরু করেন টিমোথি উ। ৩০ বছর বয়সী এই উদ্যোক্তা ওই মাসেরই শেষ নাগাদ প্রথম প্রোটোটাইপটি তৈরি করেন। নিউইয়র্ক ডেইলিকে তিনি বলেন, একটি ওয়েবসাইট থেকে এই ধারণা পেয়েছেন তিনি। ওই ওয়েবসাইটে বিভিন্ন ট্রেন ঠিকমতো চলছে কি না, কোনো ধরনের বিলম্ব আছে কি না, তা সম্পর্কে তথ্য দেওয়া হয়। এ ছাড়া নিজের বাসার কাছেই একটি সাবওয়ে স্টপে কোনো সেলফোন নেটওয়ার্ক ও ওয়াই-ফাই সংযোগ না থাকাটাও তাঁকে উদ্দীপ্ত করেছে।
এনওয়াইসি ট্রেন সাইনের সহ-উদ্যোক্তা ও প্রধান বিক্রয় কর্মকর্তা ডারা ডেনি বলেন, ‘এমটিএর দুর্বলতা তুলে ধরাটা আমাদের উদ্দেশ্য নয়। নিউইয়র্কবাসীর জীবনমানের উন্নয়নে (সাবওয়ের) সংকটের মীমাংসা হওয়া খুবই প্রয়োজন। কিন্তু তা হওয়ার আগ পর্যন্ত মানুষের জীবনকে কিছুটা সহজ করতে আমরা কাজ করছি। ট্রেনের বিলম্ব থেকে শুরু করে সাবওয়ের ব্যবস্থায় ঘটা বিভিন্ন সমস্যা মানুষের কাছে সংক্ষেপে তুলে ধরতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। সাবওয়ের বাজে অবস্থার কারণেই আমাদের প্রতিষ্ঠানের পরিচিতি সব মহলে ছড়িয়ে পড়ছে।’
এখন পর্যন্ত নিউইয়র্ক শহরের ১৫টি দোকানে এলইডি ম্যাট্রিকস সাইন কিনেছে। গত অক্টোবর পর্যন্ত অনলাইনে বিক্রি হয়েছে কয়েক শ সাইন। আকারভেদে প্রতিটি সাইনের দাম ২০০ থেকে ৫০০ ডলারের মধ্যে।
ব্রুকলিনের বুশউইকে পিৎজা পার্টি নামের একটি দোকানের মালিক ক্রিস্টেন নর্থ। গত আগস্টেই নিজের রেস্তোরাঁয় একটি সাইন ঝুলিয়েছেন তিনি। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘হাতে সময় আছে জানতে পারলে রেস্তোরাঁয় আসা মানুষেরা হয়তো আরেকটু সময়ের জন্য বসবেন। আর আমার বিক্রিও বাড়বে।’
একই কারণে এনওয়াইসি ট্রেন সাইন থেকে এলইডি সাইন কিনেছেন কুইন্সের আরেক রেস্তোরাঁর মালিক ম্যাসিমিলিয়ানো বার্টোলি। বিশেষত শীতের সময়ের কথা বিবেচনা করে তিনি এ সাইন কিনেছেন। তিনি বলেন, ‘শীতের সময় আমরা সাবওয়ের নিকটবর্তী কোনো রেস্তোরাঁ বা বারে একেবারে শেষ মুহূর্তটি পর্যন্ত অপেক্ষা করতে চাই। কিন্তু সাম্প্রতিক ট্রেন বিলম্ব এ ক্ষেত্রে বড় সমস্যার সৃষ্টি করছে। এ কারণে আমি এ সাইনটি কিনেছি। এতে ক্রেতারা জানতে পারেন, তাঁর হাতে কতটা সময় আছে। শেষ মুহূর্তে হয়তো একটি খাবার কিনে নিলেন। এতে আর আমারও ব্যবসা ভালো হয়।’
এনওয়াইসি ট্রেন সাইনের প্রচারে সবচেয়ে বেশি বিলম্ব হয় এমন সাবওয়ে লাইনগুলোকে বেছে নিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে জি লাইন। ডারা ডেনির মতে, ‘সাবওয়ের মধ্যে জি লাইনটির অবস্থা সবচেয়ে ভয়াবহ। এমনকি সবকিছু ঠিক হয়ে গেলেও এতে কিছু না কিছু সমস্যা থাকবেই। এ কারণে আমরা এটিকেই নিজেদের বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছি। এতে সাড়াও পেয়েছি ব্যাপক।’ নিউইয়র্কের ব্রুকলিন থেকে যাত্রা করে প্রতিষ্ঠানটি এরই মধ্যে পুরো শহরে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ জনপ্রিয়তাকে পুঁজি করে প্রতিষ্ঠানটি এখন সানফ্রান্সিসকো, শিকাগোর মতো শহরের দিকে নজর দিচ্ছে। এরই মধ্যে লন্ডনের জন্যও একটি সাইন তৈরি করেছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে মন্ট্রিল, প্যারিসসহ ব্যস্ত শহরগুলোয় নিজেদের ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছে এনওয়াইসি ট্রেন সাইন।