এলমিরায় প্লাস্টিক ব্যাগে জীবন্ত শিশু!

নিউইয়র্কের এলমিরা এলাকার একটি বাড়ির সামনে রাখা প্লাস্টিক ব্যাগ থেকে আট মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৮ আগস্ট শিশুটিকে উদ্ধার করে শহর কর্তৃপক্ষ। তিন দিন আগে শিশুটির মা তাকে ফেলে রেখে গিয়েছিলেন। ১৭ বছর বয়সী ওই মায়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
এলমিরা পুলিশ জানায়, ৮ আগস্ট বিকেলে একটি শিশুর চিৎকার শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও জরুরি সেবাদানকারী একটি দল শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা এখন ভালো বলে জানিয়েছে হাসপাতালটির কর্তৃপক্ষ।
প্রাথমিক অনুসন্ধানের পর শিশুটির মা হ্যারিয়েট হয়টের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। এ নারী এলমিরার থেকে ২০ মাইল দক্ষিণপূর্বে পেনসিলভানিয়া সীমান্তের সায়ের এলাকার বাসিন্দা। ৬ আগস্ট একটি প্লাস্টিক ব্যাগে ভরে এলমিরার একটি ঝোপে শিশুটিকে রেখে চলে যান তিনি। ৯ আগস্ট হয়টকে চেমুং কাউন্টি জেলে পাঠানো হয়েছে।
নিউইয়র্ক পোস্টের তথ্যমতে, একটি ‘অদ্ভুত শব্দের’ উৎস সন্ধান করে ৮ আগস্ট শিশুটির অস্তিত্ব টের পান কায়লা ও কারেন সিলস। এ দুই বোন তখন ওই ঝোপের কাছে গিয়ে একটি প্লাস্টিক ব্যাগ থেকে শিশুর পা বেরিয়ে থাকতে দেখেন। এলমিরার স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে কায়লা সিলস বলেন, আমরা ভেবেছিলাম কোনো কুকুর হবে। কিন্তু কাছে গিয়ে আমরা একটি প্লাস্টিক ব্যাগ থেকে একটি পা বেরিয়ে থাকতে দেখি। ছোট্ট ওই পা নড়ছিল। তার মাথা প্লাস্টিক ব্যাগের মধ্যে ছিল।
এলমিরা পুলিশ সার্জেন্ট উইলিয়াম সল্ট বলেন, এ দুই বোন সত্যিই অসাধারণ কাজ করেছে। কারও অপেক্ষা না করেই তারা শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক সেবার ব্যবস্থা করেছেন।