এলাকার প্রতি দায় শোধের ব্রত ড. শহীদের

বিয়ানীবাজারের কুশিয়ারা নদীর পার থেকে আমেরিকার দেলাওয়ার নদীর পারে এসেও নিজের উৎসকে ভুলতে পারেন না শিক্ষাবিদ অধ্যাপক ড. আবদুস শহীদ। কলেজ অব নিউজার্সির স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. আবদুস শহীদের জন্ম সিলেটের বিয়ানীবাজার উপজেলার শালেশ্বর গ্রামে। জীবনের নোঙর এখন আমেরিকায়। নিত্য ব্যস্ত এই শিক্ষাবিদ কখনো ভোলেননি, কোথা থেকে তাঁর যাত্রা শুরু হয়েছিল। ব্যস্ততার ফাঁকে দেশের জন্য, দেশবাসীর জন্য এগিয়ে আসেন সহযোগিতার হাত নিয়ে।
প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে ড. আবদুস শহীদ বলেছেন তাঁর নিজের সম্পর্কে, বলেছেন সমাজ ও দেশ নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির কথা। বিয়ানীবাজারের কুড়াবাজার হাইস্কুল ও সিলেটের এমসি কলেজে লেখাপড়া শেষ করে মেধাবী ছাত্র লেখাপড়া শেষ করে ড. আবদুস শহীদ ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে। সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েই যোগ দেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায়। লেকচারার এবং পরে সহকারী অধ্যাপক হিসেবে পাঁচ বছর শিক্ষকতার পর ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে চলে আসেন। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে এমবিএ করার পর ফিলাডেলফিয়ার টেম্পল ইউনিভার্সিটি থেকে তিনি ব্যবসায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. আবদুস শহীদ বিশ্বাস করেন, সমাজ সভ্যতার অগ্রগতির জন্য শিক্ষাই মূল উপাদান হিসেবে কাজ করছে। সমাজের অগ্রযাত্রায় অনগ্রসরদের বিশেষ করে নারী শিক্ষার ওপর জোর দিতে হবে। দেশের কোনো নারী যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে, সে চিন্তাটিকে অগ্রাধিকার দিতে হবে। বাল্যকাল থেকেই নিজের অনগ্রসর এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন ড. শহীদ। নিজের গ্রাম বিয়ানীবাজারের শালেশ্বর গ্রামে কোনো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছিল না। পায়ে হাঁটা পথ আর নদী পেরিয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে যেতে হতো। এর প্রভাবে এলাকায় নারীশিক্ষা বেশ পেছিয়ে ছিল। সুদূর আমেরিকায় থেকেও তিনি ২০১১ সালে কিছু নিকটাত্মীয় এবং গ্রামবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠা করেন শালেশ্বর হাইস্কুল। এ স্কুলে এখন ২০০ শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। ড. আবদুস শহীদ খুশি যে, বৃষ্টি আর কাঁদা মাটি মাড়িয়ে গ্রামের ছেলে-মেয়েদের এখন আর দূরের স্কুলে যেতে হয় না।
আবদুস শহীদের একান্ত চেষ্টায় ১৯৮০ সালে গ্রামে ডাকঘর প্রতিষ্ঠিত হয়। আমেরিকায় থাকলেও মন পড়ে থাকে দেশে। দেশের খরা, বন্যা, শীতের সময়ে বা সড়ক নির্মাণে আমেরিকা থেকে দেশের মানুষের পাশে দাঁড়ান ড. শহীদ। শিক্ষকতা ও গবেষণায় ব্যস্ত থাকার পরও নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ায় বাংলাদেশি কমিউনিটির জন্য সহযোগিতার হাত প্রসারিত করেন শিক্ষাবিদ ড. আবদুস শহীদ।
সমাজসেবা ও দেশ নিয়ে তাঁর এই একাগ্রতা ও ভালোবাসার শিক্ষা পেয়েছেন মা-বাবার কাছ থেকে। ১৯৬৮ সালে আবদুস শহীদের বাবা শালেশ্বর গ্রামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নিজের বাড়ির সামনের জমি দিয়েছিলেন। সেই শৈশব-কৈশোরে বাবা-মা শিক্ষা দিয়েছেন, যে সমাজ থেকে উত্থান, সে সমাজকে পাওনা ফিরিয়ে দিতে হবে। নিজে যখন এমসি কলেজের ছাত্র, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন থেকেই নিজের অঞ্চলের প্রতি আবদুস শহীদ ছিলেন অন্তঃপ্রাণ। ছুটিতে গিয়ে গ্রামের শিক্ষার্থীদের বিনা মূল্যে পড়াতেন তিনি। ড. শহীদ বলেন, ষাটের দশকের সেই সময়ে গ্রামের শিক্ষার্থীদের সামান্য সহযোগিতা দেওয়ার লোকের বেশ অভাব ছিল।
পেশাগত জীবনে আমেরিকায় থাকেন ড. আবদুস শহীদ। পরিবার নিয়ে পেনসিলভানিয়ার এক প্রান্তিক শহরে বসবাস করলেও আজও তাঁর মন পড়ে থাকে স্বদেশে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় উল্লসিত হন তিনি। বাংলাদেশের শিক্ষা খাতকে গুরুত্বের সঙ্গে নেওয়ার তাগিদ অনুভব করেন ড. আবদুস শহীদ। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে নারীশিক্ষার অগ্রগতি ঘটছে দ্রুত। তারপরও আমাদের সমাজের সামগ্রিক উন্নয়নের স্বার্থে নারীশিক্ষার অগ্রগতিতে অধিকতর গুরুত্ব দিতে হবে।