এলিয়েনদের সঙ্গে যোগাযোগে সতর্ক থাকতে বললেন হকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিফেন হকিং
স্টিফেন হকিং

জগদ্বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মহাকাশের অন্য কোনো গ্রহে বাস করা বুদ্ধিসম্পন্ন প্রাণী বা এলিয়েনদের সভ্যতায় মানুষের উপস্থিতি ঘোষণার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বিশেষ করে মানুষের চেয়ে প্রযুক্তিতে অগ্রসর কোনো এলিয়েন সভ্যতায় পা রাখলে তা মানুষের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে।
স্টিফেন হকিংস ফেবারিট প্লেসেস শিরোনামের নতুন একটি অনলাইন চলচ্চিত্রে হকিং এই হুঁশিয়ারি দেন। সেখানে হকিং বলেন, শ্বেতাঙ্গ ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার মাটিতে পা রাখার পর আদিবাসী কৃষ্ণাঙ্গদের সঙ্গে তাঁর যে অপ্রত্যাশিত প্রথম সাক্ষাৎ হয়েছিল, মানুষের সঙ্গে এলিয়েনদের প্রথম যোগাযোগের পর সে রকম কিছু ঘটতে পারে।
নতুন চলচ্চিত্রটিতে দেখা যায়, হকিং মহাকাশযান এসএসে করে দর্শক-শ্রোতাদের নিয়ে যান মহাবিশ্বের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে। এতে তিনি ১৬ আলোকবর্ষ দূরের সৌরজগতের বাইরের গ্রহ গ্লিস ৮৩২সি-এর পাশ দিয়ে কাল্পনিক সফর করেন।
স্টিফেন হকিং বলেন, ‘একদিন আমরা গ্লিস ৮৩২সি-এর মতো গ্রহ থেকে সংকেত পেতে পারি, তবে এতে সাড়া দেওয়ার ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে। তারা মহাশক্তিধর হতে পারে এবং আমাদের কাছে ব্যাকটেরিয়ার জীবনের যতটা দাম আছে এলিয়েনদের কাছে আমাদের জীবনের দাম ততটা না-ও থাকতে পারে।’
হকিং বলেন, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি আগের চেয়ে আরও বেশি নিশ্চিত যে মহাবিশ্বে কেবল আমরাই থাকি না।’
ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনের অস্তিত্বের সম্ভাবনা সম্পর্কে স্টিফেন হকিং এবারই প্রথম বলেননি। এলিয়েনের সন্ধানে কাছের নক্ষত্ররাজি স্ক্যানের উদ্দেশ্যে গত বছর ‘ব্রেকথ্রু লিসেন’ নামের একটি প্রকল্প উদ্বোধন করে হকিং বলেছিলেন, ‘আমাদের বার্তা পাওয়া কোনো সভ্যতা আমাদের চেয়ে লাখ কোটি বছর এগোনো হতে পারে।’