এস-৪০০ কেনা নিয়ে মার্কিন নিষেধাজ্ঞার হুমকির সামনে নত হবে না তুরস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনছে তুরস্ক। ছবি: রয়টার্স
রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনছে তুরস্ক। ছবি: রয়টার্স

রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার বিষয়ে চুক্তি করেছে তুরস্ক। এই চুক্তি বাতিলের চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি চুক্তিটি বাতিল না করলে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়ে আসছে ওয়াশিংটন। কিন্তু যুক্তরাষ্ট্রের এই হুমকির কাছে নত হবে না বলে জানিয়েছে তুরস্ক। রোববার দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে এ কথা বলেন।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মূল ভয়টি হচ্ছে তাদের এফ-৩৫ যুদ্ধবিমানের গোপনীয়তা নষ্ট হওয়া। এ জন্য এমনকি রাশিয়ার সঙ্গে এস-৪০০ কেনার বিষয়ে তুরস্কের সঙ্গে চুক্তিটি প্রত্যাহার না করা হলে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলেও হুমকি দিয়েছে মার্কিন প্রশাসন। কিন্তু যুক্তরাষ্ট্রের এই আপত্তি ও হুমকিকে মানছে না তুরস্ক। তাদের বক্তব্য, এস-৪০০ ও এফ-৩৫ একটি আরেকটির সঙ্গে সাংঘর্ষিক নয়। ন্যাটো মিত্র হিসেবে এফ-৩৫ যুদ্ধবিমানের উৎপাদন অংশীদার তুরস্ক রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি কেনার চুক্তি প্রত্যাহার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এস-৪০০ এর প্রভাব কী হতে পারে তা নিরূপণের জন্য যুক্তরাষ্ট্রকে তুরস্ক একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ওই প্রস্তাবে ওয়াশিংটন কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে আঙ্কারা।
এ বিষয়ে সম্প্রচারমাধ্যম ক্যানাল ৭-এর সঙ্গে আলাপকালে ফুয়াত ওকতে বলেন, যুক্তরাষ্ট্র যে আপত্তি জানিয়েছে, তা অযৌক্তিক। এস-৪০০ এর প্রথম চালানটি আগামী জুলাই মাসে আসার কথা রয়েছে। ওই সম্ভাব্য সরবরাহ তারিখ অপরিবর্তিতই রয়েছে। তিনি বলেন, ‘যখন তুরস্ক কোনো চুক্তি করে, তখন তুরস্ক তা রক্ষা করে। আমরা এই চুক্তিটি করেছি এবং নির্দিষ্ট পরিমাণ অর্থও পরিশোধ করেছি। এ ক্ষেত্রে যে বিতর্ক ও উদ্বেগের উপস্থাপন করা হচ্ছে, তার কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না।’

এদিকে রাশিয়া থেকে এস-৪০০ কেনার বদলে তুরস্ককে যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। প্রস্তাবটি তুরস্ক পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার।

যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে চলমান এ বিতর্কে কিছুটা নিরাপদ দূরত্ব অবলম্বন করছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। রোববার ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ তুরস্কের আনাদলু নিউজ এজেন্সিকে বলেছেন, ‘কোনো একটি দেশের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়টি একান্তই সেই দেশের সিদ্ধান্ত। তবে ন্যাটোর মতো একটি সামরিক জোটের জন্য একসঙ্গে কাজ করতে পারা না পারার প্রসঙ্গটিই মুখ্য।’