
অ্যারিস্টটল বলেছিলেন, ‘সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা।’ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, ‘শিক্ষা হলো তাই, যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না, বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।’
শিক্ষা হলো মানুষের ভেতরে ভালো ও মন্দের ফারাক বোঝার বোধ জাগ্রত করা। আমেরিকায় হাইস্কুল পর্যন্ত শিক্ষা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে দেওয়া হয়। এলাকা অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীদের পাবলিক স্কুলে যাওয়ার অধিকার নিশ্চিত করা হয়। পাবলিক স্কুলগুলোতে নিম্ন আয়ের শিক্ষার্থীদের তিন বার ফ্রি খাবার দেওয়া হয়। প্রথমে সকালে প্রাতরাশ, দুপুরে লাঞ্চ আর বিকেলে যারা আফটার স্কুল প্রোগ্রামে থাকে তাদের খাবার দেওয়া হয়। এখন এই খাবার হালাল।
এসএটির (SAT) জন্য নিম্নআয়ের শিক্ষার্থীদের দুবার ফি ওয়েভার দেওয়া হয়। প্রি এসএটি টেস্ট নেওয়া হয়, দুর্বল শিক্ষার্থীদের প্রশিক্ষণও দেওয়া হয়।
এসএটি স্কোর
আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে স্নাতক পর্যায়ে এসএটি স্কোরকে প্রাধান্য দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন ভিন্ন স্কোর গ্রহণ করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘আবেদন’–এর লিংক থেকে যোগ্যতার মাপকাঠি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
সামাজিক কার্যক্রম
বিভিন্ন পর্যায়ে ভর্তির আবেদনে শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা ও নেতৃত্ব বিকাশের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। এ জন্য স্কুল ও কলেজে পড়ার সময়ে বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত হওয়া জরুরি। বিভিন্ন মেধা প্রকাশ পায় বা ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা ভর্তি কার্যক্রমে দারুণ সহায়তা করে। স্কাউটিং, ভলান্টিয়ার সামাজিক বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজের সনদও এসব ক্ষেত্রে আপনার সন্তানকে এগিয়ে রাখবে।
সুপারিশপত্র
বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে সুপারিশপত্র (রিকমেন্ডেশন লেটার) জমা দিতে হয়। আলোচিত কোনো ব্যক্তিত্ব, স্কুল বা কলেজের শিক্ষক, প্রভাবশালী কোনো ব্যক্তিত্ব যিনি শিক্ষার্থীকে চেনেন, তাঁর কাছ থেকে সুপারিশপত্র নিয়ে জমা দিতে হয়। যিনি সুপারিশপত্র লিখবেন তিনি শিক্ষার্থীদের মেধাভিত্তিক দক্ষতার পাশাপাশি জ্ঞান অন্বেষণের আগ্রহসহ সামাজিক দক্ষতা ও নেতৃত্বের প্রকৃতি সম্পর্কে উল্লেখ করবেন।
ভাষা দক্ষতার প্রমাণ
সাধারণভাবে যেকোনো দেশেই ইংরেজি ভাষার কোনো বিষয়ে পড়তে গেলে আইইএলটিএস ও টোয়েফল স্কোরকে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীর ভাষাভিত্তিক দক্ষতা প্রমাণের জন্য এসব সনদ গ্রহণ করা হয়।
ভবিষ্যতের লক্ষ্য নিয়ে রচনা
কোন কোন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে পড়তে শিক্ষার্থীর কাছ থেকে কেন পড়াশোনা করতে চায়, পড়াশোনার মূল লক্ষ্য কী, ভবিষ্যতে কোন বিষয়ে কাজ করতে চায়—এসব নানা বিষয়ে জানার জন্য আবেদনের সঙ্গে আগ্রহের কথা লিখতে হয়। অন্য কারও আবেদনপত্র থেকে হুবহু অনুকরণ করে অনেকেই নিজের কথা লিখে জমা দেয়, যেটি কোনোভাবেই করা যাবে না। এ ক্ষেত্রে নিজের আগ্রহের কথা বুঝে ব্যাখ্যা করে লিখতে হবে, অনুকরণ করা যাবে না।
অনেকের ধারণা, বিশেষায়িত স্কুলে না পড়লে আইভি লীগ কলেজগুলোতে সুযোগ পাওয়া সম্ভব না। সেটিড মোটেই ঠিক নয়।
সায়ান নিবিড় শারমিন
এসএটি স্কোর ছিল ১৪৯০। মিডউড হাইস্কুলে পড়েছেন। তিনি দুটি ইন্টার্নশিপ, বিপা অর্থাৎ বাংলাদেশ কমিউনিটির নৃত্য ও শিল্পকলায় এবং ডিরেক্টর অব স্কুল প্লে তিন বছর করেছেন। এক্সট্রা কারিকুলারে সব সময় অংশ নিয়েছেন। তিনি তাঁর স্বপ্নের বিশ্ববিদ্যালয় এনওয়াইইউ (NYU) নিউইয়র্ক ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়েছেন। এখন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে তৃতীয় বর্ষে পড়ছেন।
আবার আবিবা দ্যুতি
এসএটিতে ১৪৬০ পেয়েছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন আবিবা দ্যুতি। বাবা–মায়ের সঙ্গে মাত্র দুবছর আগে নিউইয়র্ক এসেছেন। শুরু থেকে চমৎকার ফলাফল করে শিক্ষকদের চমকে দেন। তিনি ভেলিডেক্টোরিয়ান হয়ে গ্র্যাজুয়েশন করবেন। আবিবা স্কুল সকার (ফুটবল) দলের ক্যাপ্টেনও। প্রাথমিক সিদ্ধান্ত বা তাড়াতাড়ি গ্রহণযোগ্যতা হল স্নাতক প্রোগ্রামগুলোতে নতুনদের ভর্তি করার জন্য আমেরিকার কলেজ ভর্তিতে ব্যবহৃত একটি সাধারণ নীতি। বিশ্ববিদ্যালয় বা কলেজের কাছে এটি বোঝাতে ব্যবহৃত হয়, প্রার্থী সেই প্রতিষ্ঠানটিকে তার একমাত্র পছন্দ হিসেবে বিবেচনা করে। আর্লি ডিসিশনে সাধারণত একটি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া যায়। দ্যুতি এটি নিয়ে হার্ভার্ডে সুযোগ পান। আগামী সেপ্টেম্বরে দ্যুতি তার শিক্ষাবর্ষ শুরু করবেন হার্ভার্ডের আঙিনায়।
ফাতিমা যাহরা
বাংলাদেশ থেকে এসেছেন দুই বছর আগে। এ বছর এসএটিতে স্কোর করেছে ১৪৭০। ওর এক্সট্রা কারিকুলারে অংশগ্রহণ করা হয়নি বেশি, যার কারণে আবিবার চেয়ে বেশি নম্বর পেয়েও এখন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অপেক্ষমাণ তালিকায় আছে।
নিউইয়র্কের কোচিং প্রতিষ্ঠান খানস টিউটোরিয়াল, ববি তারেক ও মামুন টিউটোরিয়ালের প্রচুর শিক্ষার্থী কলেজ-ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে থাকে। এদেরই একজন আশরাফুর রহমান সিদ্দিকী। আমেরিকার নামী কর্নেল ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপসহ কম্পিউটার সায়েন্সে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। বাবা আনিসুর রহমান ও মা স্বপ্না আক্তারের আমেরিকান ড্রিম বা স্বপ্ন পূরণ হতে চলেছে। ছেলে আশরাফুর কর্নেল ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাওয়ার সুখবর জানাতে ছেলেকে সঙ্গে নিয়ে তাঁরা সম্প্রতি এসেছিলেন মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস শাখায়। ছেলের অসাধারণ সাফল্যে আবেগাআপ্লুত বাবা–মা, চোখে আনন্দ অশ্রু তাদের। ছেলের এই সাফল্যের জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান এর নেপথ্য কারিগর প্রফেসর শেখ আল–মামুনকে। আমেরিকার অন্যতম সেরা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাইয়ে দিতে মামুন টিউটোরিয়ালের শেখ মামুনের অবদান অনস্বীকার্য।
আনিসুর দম্পতি জানালেন, তাঁদের ছেলে আশরাফুর কঠোর অধ্যবসায়ী। পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। ফলো করেছে আমাদের সব গাইড লাইন। তাই আশানুরূপ সাফল্য পেয়েছে। বাংলাদেশ থেকে যারা এ দেশে আসেন, সবাই প্রায় বড় বড় স্বপ্ন নিয়েই এ দেশে আসেন। সন্তানের সাফল্য মানেই নিজের অর্জন ‘বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়।’