এসথার মাহলাংগুর শিল্পে সাজছে ম্যানহাটনের সড়ক

এসথার মাহলাংগুর সম্মানে তার আঁকা বিভিন্ন শিল্পকর্মের আদলে রাঙানো হচ্ছে নিউইয়র্ক শহরের ম্যানহাটনের সড়ক। বিশেষত তার আঁকা ‘এনডেবেলে’ শীর্ষক শিল্পকর্মের আদলে সাজানো হচ্ছে নিউইয়র্কের সড়ক।
২১ সেপ্টেম্বর টাইমস লাইভে প্রকাশিত এ বিষয়ক এক প্রতিবেদনে জানানো হয়, এসথার মাহলাংগুর এনডেবেলে শিল্পকর্মে বেশ কিছু প্রতীক ঠাঁই পেয়েছে। সময়ের সঙ্গে বিশ্ব নন্দিত এ শিল্পীর নামের সমার্থক হয়ে উঠেছে এসব প্রতীক। দক্ষিণ আফ্রিকার এনডেবেলে গোষ্ঠীর একজন মানুষ হিসেবে এ শিল্পীর কাজে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে স্থানীয় বিভিন্ন প্রতীক। এ প্রতীকায়িত শিল্পকর্মই আবার তাঁকে পরিচিত করেছে বিশ্বমঞ্চে। স্বাভাবিকভাবেই তাঁর সম্মানে লোয়ার ম্যানহাটনের দুই লেনের সড়ক রাঙানোর সময় এ প্রতীককেই করা হয়েছে মুখ্য অবলম্বন।
২৮ বছরের শিল্পী জীবনে বিশ্বের বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করলেও নিউইয়র্ক শহরের এ কাজে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এসথার। এ বিষয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, আমেরিকায় শিল্পকর্মের প্রদর্শনী বরাবরই আমাকে উদ্দীপ্ত করে। এর আগেও নিউইয়র্কে আমার কাজের প্রদর্শন হয়েছে। তবে এবারেরটি বিশেষ কিছু। সারা জীবনই আমি শুধু শিল্পীই হতে চেয়েছি। এটাই আমার সবকিছু।
তবে ম্যানহাটনের ছবিগুলো এসথার আঁকছেন না। তাঁর সম্মানে আয়োজিত প্রকল্পে এসথারের অনুকরণে ছবি আঁকার কাজটি করছেন নিউইয়র্কের শিল্পী ইমানি শ্যাংকলিন রবার্টস। নিজের অনুভূতি সম্পর্কে তিনি বলেন, প্রিয় শহরে প্রিয় শিল্পীর সম্মানে ম্যুরাল করার দায়িত্ব পেয়েছি। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। এটা অভাবনীয়।