এস্টোরিয়া পার্কে গ্রিন টাচের বনভোজন

গ্রিন টাচের বনভোজন ১ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটির এস্টোরিয়া পার্কে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
গ্রিন টাচের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এবারই প্রথমবারের মতো বনভোজনের আয়োজন করা হলো।
গ্রিন টাচের নির্বাহী পরিচালক কমিউনিটি লিডার ভিক্টর লিয়াকত এলাহীর কর্মপরিকল্পনায় আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী হোসেন, উপদেষ্টা দেওয়ান আশরাফুল আলম, ফাইন্যান্স ডিরেক্টর জাকির এইচ বাচ্চু, মোহাম্মদ জামান প্রমুখ।
দুপুর ১২টায় বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বিভিন্ন ইভেন্ট চলে বিকেল পাঁচটা পর্যন্ত।
ঐতিহাসিক ট্রাইবরো ব্রিজের নিচে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পার্কে আগত অতিথিদের অনেকেই সপরিবারে যোগ দিয়ে বনভোজনকে প্রাণবন্ত করে তোলেন।
দেশ ও প্রবাসে সুবিধাবঞ্চিত মা ও শিশুদের নিয়ে কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রিন টাচ’ ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। নিউইয়র্ক ও বাংলাদেশের ঢাকাসহ কয়েকটি জেলায় মা ও শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। মা ও শিশু সংগঠন হিসেবে গ্রিন টাচের ব্যতিক্রম উদ্যোগ প্রশংসনীয়। সুবিধাবঞ্চিত পরিবারের জন্য বিনা মূল্যে শিক্ষাব্যবস্থা চালু করে প্রশংসার দ্বারে পৌঁছে গেছে গ্রিন টাচ।
বনভোজনে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বাংলাদেশি-আমেরিকান ভিক্টর এলাহি বলেন, প্রতিষ্ঠার পর থেকে নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত এলাকার অন্যতম জ্যাকসন হাইটসে গ্রিন টাচ টিউটোরিয়াল সেন্টার বিনা মূল্যে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে আসছে। কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ দিতে আন্তঃক্রীড়া, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করা হয়। ২০১৮ সালে বাংলাদেশে চারজন দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে সাহায্য দিয়েছে এবং বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে গ্রিন টাচের সহযোগিতা অব্যাহত আছে।