এস্টোরিয়ায় জীবাশ্ম জ্বালানি উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রতিবাদে সমাবেশ
নিউইয়র্ক নগরের এস্টোরিয়া এলাকায় জীবাশ্ম থেকে জ্বালানি উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রতিবাদে আন্দোলনে নেমেছে স্থানীয় লোকজন, পরিবেশবাদী ও জনপ্রতিনিধিরা।
এস্টোরিয়া এলাকার ডিটমার্স স্টেনওয়ে এলাকায় অবস্থিত ৫০ বছরের পুরোনো এনআরজি জ্বালানি উৎপাদন কেন্দ্র হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রতিবাদে এলাকাবাসী ২৬ আগস্ট এস্টোরিয়া পার্ক এলাকায় সমাবেশ করেছে।
নতুন প্রযুক্তির জীবাশ্ম-ভিত্তিক জ্বালানি উৎপাদন কেন্দ্র প্রতিস্থাপনের কারণে পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটবে বলে আন্দোলনকারীরা বলছেন।
বক্তারা বলেন, এর মধ্যেই এস্টোরিয়া এলাকা নগরের দূষিত এলাকা হয়ে উঠেছে। লোকজনের মধ্যে নানা অসুখের তথ্য উপস্থাপন করে বক্তারা বলেন, জীবাশ্মভিত্তিক এ জ্বালানি উৎপাদন কেন্দ্র স্থাপিত হলে এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে জনস্বাস্থ্যের ওপর।
নিউইয়র্কভিত্তিক উদারনৈতিক রাজনীতিকেরা জীবাশ্মভিত্তিক জ্বালানি উৎপাদন কেন্দ্র স্থাপনের বিরোধিতা করে আসছেন। এ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধি পরিষদের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ পরিবেশবান্ধব নয়, এমন জ্বালানি উৎপাদন কেন্দ্র স্থাপন না করার পক্ষে অবস্থান নিয়েছেন।
অ্যান্ড্রু কুমোর পদত্যাগের পর নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ক্যাথি হকুল। জীবাশ্মভিত্তিক জ্বালানি উৎপাদন কেন্দ্র স্থাপন নিয়ে তাঁর মনোভাব এখনো জানা যায়নি। এস্টোরিয়া পার্কের প্রতিবাদ সভা থেকে নতুন গভর্নরকে এলাকাবাসীর পক্ষে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
এস্টোরিয়া থেকে নির্বাচিত অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি সমাবেশে দেওয়া বক্তব্যে গভর্নর ক্যাথি হকুলকে জীবাশ্মভিত্তিক জ্বালানি উৎপাদন কেন্দ্র স্থাপন বন্ধ রাখার আহ্বান জানান। তিনি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কেন্দ্র স্থাপন করে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
এস্টোরিয়া এলাকায় ১৫ একর জমিজুড়ে এনআরজি কোম্পানির জ্বালানি উৎপাদন কেন্দ্র। নিউইয়র্ক নগরের মূল জ্বালানি সরবরাহে ত্রুটি দেখা দিলে বিকল্প হিসেবে এ উৎপাদন কেন্দ্র কৌশলগত সরবরাহ ব্যবস্থার জন্য খুবই গুরুত্বের বলে মনে করা হয়।
এনআরজি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট টম আরকিন্স বলেছেন, নতুন প্রযুক্তির মাধ্যমে উৎপাদন কেন্দ্র হালনাগাদ করা হলে, তার আগের অবস্থার চেয়ে এমনিতেই পরিবেশবান্ধব হয়ে উঠবে। এ ছাড়া এ প্রকল্প বাস্তবায়িত হলে নির্মাণের সময়ে ৫০০ জনের ইউনিয়ন-ভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত হবে। নিউইয়র্ক রাজ্য কর হিসেবে ১৫৬ মিলিয়ন ডলার পাবে বলে তিনি জানিয়েছেন।