এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের জরুরি অবতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইঞ্জিনে গুরুতর সমস্যা দেখা দেওয়ায় এয়ার ইন্ডিয়ার মুম্বাইগামী একটি উড়োজাহাজ আবার যুক্তরাষ্ট্রের নেওয়ার্ক বিমানবন্দরে ফিরে জরুরি অবতরণ করেছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। উড়োজাহাজটিতে আড়াই শ আরোহী ছিল। খবর এনডিটিভির।
এয়ার ইন্ডিয়া সূত্র জানায়, বোয়িং ৭৭৭০-৩০০ ইআর উড়োজাহাজটি স্থানীয় সময় গত শনিবার বিকেলে নিউজার্সি অঙ্গরাজ্যের নেওয়ার্কের লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে ওড়ে। এর প্রায় দুই ঘণ্টা পর একটি ইঞ্জিনে ব্যাপক কম্পন শুরু হয়। উড়োজাহাজটি তখন ২৯ হাজার ফুট ওপরে ছিল। অবতরণের পর পরীক্ষা করে দেখা যায়, ইঞ্জিনটির একটি ব্লেড অতি চাপের কারণে ভেঙে গেছে।
জার্মানউইংসের বিমানে তেল ঝরার সমস্যা: শনিবার সকালে জার্মানউইংস বিমান সংস্থার একটি উড়োজাহাজ জার্মানির কোলন থেকে ইতালির ভেনিস যাওয়ার পথে তেল ঝরার সমস্যা ধরা পড়ায় তা স্টুটগার্টে অবতরণ করে।