এয়ারবিএনবির আধিপত্যে বাড়ছে বাসাভাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরে এয়ারবিএনবির জনপ্রিয়তা বাড়ছে ক্রমাগত। সময়ের সঙ্গে প্রতিষ্ঠানটির আবাসনসেবার পরিসর বাড়ছে। আর এর সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে বাসাভাড়া। নিউইয়র্ক নগরের মহাহিসাব নিরীক্ষক স্কট স্ট্রিংগারের দেওয়া সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
স্কট স্ট্রিংগারের প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালের পর থেকে নিউইয়র্ক নগরে আবাসন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারবিএনবির কার্যক্রম বেড়েছে। আগের চেয়ে অনেক বেশি বাসা এখন এয়ারবিএনবির আওতাধীন। প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নিউইয়র্ক নগরে আবাসন খাতে বড় পরিবর্তন এসেছে। ২০১০ সালের পর এখানে বাসা ভাড়া বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।
স্ট্রিংগারের প্রতিবেদনের বরাত দিয়ে নিউজ উইক জানায়, ২০১০ সালে এয়ারবিএনবির সঙ্গে যুক্ত বাসার সংখ্যা ছিল এক হাজার। ২০১৫ সালে এসে এই সংখ্যা দাঁড়ায় ৪৩ হাজারে। ২০১৬ সালে প্রতিষ্ঠানটির ব্যবসা কিছুটা সংকুচিত হলেও পরের বছর তা আবার সম্প্রসারিত হয়। এয়ারবিএনবির এই কার্যক্রমের সঙ্গে তাল মিলিয়ে নিউইয়র্ক নগরের বাসাভাড়ায়ও বড় পরিবর্তন এসেছে।
প্রতিবেদনে নিউইয়র্ক নগরের বিভিন্ন অঞ্চলে বাসাভাড়া বৃদ্ধির সঙ্গে এয়ারবিএনবির কার্যক্রমের পরিসর বাড়ার সম্পর্ক দেখানো হয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের ক্ষেত্রেও বিষয়টি সত্য। এতে বলা হয়, শুধু এয়ারবিএনবির ব্যবসা সম্প্রসারণের কারণেই ২০০৯-১৬ সময়ের মধ্যে নিউইয়র্ক নগরে বাসাভাড়া বেড়েছে গড়ে ৯ দশমিক ২ শতাংশ। এই বৃদ্ধির কারণে শুধু ২০১৬ সালেই নিউইয়র্ক নগরবাসীকে বাড়তি ৬১ কোটি ৬০ লাখ ডলার গুনতে হয়েছে বাড়তি বাসাভাড়া বাবদ।
তবে মহাহিসাব নিরীক্ষকের এই প্রতিবেদনের তথ্য মানতে রাজি নয় এয়ারবিএনবি কর্তৃপক্ষ। তারা এই প্রতিবেদনে জড়ো করা তথ্যগুলোকে ‘ভ্রান্তিমূলক’ আখ্যায়িত করেছে। তাদের মতে, স্কট স্ট্রিংগারের প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। ভুল তথ্যের ওপর দাঁড়িয়ে এই প্রতিবেদনে একটি ভুল উপসংহার টানা হয়েছে।
এয়ারবিএনবির পরিসংখ্যান-সংক্রান্ত ওয়েবসাইট এয়ারডিএনএতে প্রকাশিত তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে ৫ মে জানিয়েছে স্কট স্ট্রিংগারের দপ্তর।