ঐক্যের পথেই মূলধারায় জায়গা করে নিতে হবে

নিউইয়র্কে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের বিজয় দিবস উদ্যাপন ও অভিষেক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর রাতে নিউইয়র্কে গুলশান টেরেস মিলনায়তনে এই আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সাইদুর রহমান ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জর্জিয়া অঙ্গরাজ্য সিনেটর কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান।
স্টেট সিনেটর শেখ রহমান বলেন, ‘বাংলাদেশি-আমেরিকানরা সংখ্যাগতভাবে অনেক। এ দেশে জন্ম নেওয়া প্রজন্মের সংখ্যাও বাড়ছে। তাই আমাদের সাইডলাইনে থাকার অবকাশ নেই। আমেরিকান স্বপ্ন পূরণের পথ সুগম করতে মূলধারায় একাকার হতে হবে।’
শেখ রহমান বলেন, ‘আমাদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের পথ বেয়েই মূলধারায় নিজেদের জায়গা করে নিতে হবে। এর বিকল্প নেই। এভাবেই নতুন প্রজন্মকেও উৎসাহিত করতে হবে, নিজেদের বাঙালি সংস্কৃতির পরিমণ্ডলেই বহুজাতিক সমাজে মিশে যেতে হবে। সবাইকে আপন করার মধ্যেই মার্কিন রাজনীতিতে জায়গা করা সহজ হবে।’
ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটিতে প্রথম মুসলমান এবং প্রথম দক্ষিণ এশিয়ান সিনেটর শেখ রহমান বলেন, ‘১৯৮১ সাল থেকে আমেরিকায়। এই ৩৮ বছরের মধ্যে ৩৬ বছর ধরেই ডেমোক্রেটিক পার্টির সঙ্গে জড়িয়ে রয়েছি। ঘণ্টায় সাড়ে তিন ডলারের মজুরিতে রেস্টুরেন্টে ডিশ ওয়াশার কাজের মধ্য দিয়ে আমেরিকায় উচ্চশিক্ষা লাভের জীবন শুরু। কখনো হতাশ হইনি। অনেক আশা নিয়ে উচ্চশিক্ষা মেষে পর পেশাগত জীবনে মনোনিবেশ করেছি।’ তিনি বলেন, জর্জিয়ায় আমার নির্বাচনী এলাকায় দুই লাখ ভোটারের মধ্যে হাজার খানেক বাংলাদেশি রয়েছেন। জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে গত বছরের ৬ নভেম্বরের নির্বাচনে জয়ী হয়েছি ৩৪ হাজার ৪২৯ ভোট পেয়ে। সামনের বছরের নভেম্বরে আবারও লড়ার ইচ্ছা আছে একই আসন থেকে। দীর্ঘ এই প্রবাস জীবনে এই প্রথম আমেরিকায় কিশোরগঞ্জবাসীর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ হলো। এ কারণে আমন্ত্রণ পেয়ে সব কাজ দূরে ঠেলে আটলান্টা থেকে ছুটে এসেছি নিউইয়র্কে। পরিচিত অনেকের সান্নিধ্য পেলাম। তাঁরা আমাকে যে সম্মান দিলেন তা সামনে এগোতে উৎসাহ জোগাবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—ভজন সরকার, এ বি এম ওসমান গণি, মাহফুজুল হাসান, আইনুল ইসলাম, আলমগীর হোসাইন, মঞ্জুর হোসেন, আকতার হোসেন প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন—সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের পর ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর সিনেটর শেখ রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনেটর শেখ রহমান।