ঐতিহ্য ভেঙে এবার ভার্চ্যুয়াল প্রেসিডেনশিয়াল প্যারেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জো বাইডেন ও কমলা হ্যারিস
ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তাঁর ঘনিষ্ঠদের নির্বাচনের ফল উল্টানোর নানা চেষ্টা–তদবিরের মধ্যে আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটনে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো শপথ নেওয়ার দিন কোনো নতুন প্রেসিডেন্ট ওয়াশিংটনের সড়ক পথে শোভাযাত্রা করবেন না। ভার্চ্যুয়াল প্যারেডে যোগ দেবেন নতুন প্রেসিডেন্ট বাইডেন। অবশ্য আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা দিয়ে তাঁকে ও ফার্স্ট লেডিকে হোয়াইট হাউসে স্বাগত জানানো হবে।

যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুযায়ী, নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর হোয়াইট হাউসের সামনের সড়ক পথ পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী প্যারেডে অংশ নেওয়ার কথা। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে নতুন বাস্তবতায় এমন প্যারেড এবার ভার্চ্যুয়াল মাধ্যমে হবে বলে জানানো হয়েছে। এমন প্যারেডে যোগ দেওয়ার জন্য সাধারণত বেশ আগে থেকে প্রস্তুতি শুরু হয়, যাতে আইনপ্রণেতারা নিজেদের নির্বাচনী এলাকার সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে পারেন। এবারে উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেসম্যান, সিনেটররাই শুধু আমন্ত্রিত হচ্ছেন। তাঁদের সমর্থকেরা এবার আসছে না।

শপথ ও প্যারেড কমিটি ঘোষণা দিয়েছে, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এবারে প্যারেডের আয়োজন করা হচ্ছে না। পরিবর্তে প্রেসিডেন্ট হিসেবে বাইডেন শপথ নেওয়ার পর রাজধানীর ফিফটিন্থ স্ট্রিট থেকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হবে। এতে যুক্তরাষ্ট্রের সেনা ব্যান্ড, একটি যৌথ পরিষেবা অনার গার্ড এবং তৃতীয় মার্কিন পদাতিক ‘ওল্ড গার্ড’–এর সেনাপতি-ইন-চিফের গার্ড এবং ফিফ ও ড্রাম কর্পসসহ সামরিক বাহিনীর প্রতিটি শাখার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে।

উদ্বোধনী কুচকাওয়াজের পরিবর্তে সামাজিক দূরত্বের সব নির্দেশাবলি কঠিনভাবে অনুসরণ করে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপত্তা দিয়ে নেওয়া হবে। সারা বিশ্ব থেকে জড়ো হওয়া বিশাল জনসমাগম নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। আয়োজক কমিটি বলছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম উদ্বোধনী কুচকাওয়াজ দেখতে আসা মানুষ নতুন প্রেসিডেন্ট ও তাঁর পরিবারকে নিরাপত্তা দিয়ে নেওয়ার সময় সরাসরি দেখতে পাবে।

উদ্বোধনী কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা টনি অ্যালেন বলেন, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবার যুক্তরাষ্ট্রের মানুষকে ঐক্যের ডাক দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জনসমাগম নিয়ন্ত্রিত হলেও তাদের প্রতি মানুষের আকর্ষণ প্রকাশ্যে দেখা যাবে বলে তিনি মনে করেন। ভার্চ্যুয়াল প্যারেডের মাধ্যমে আমেরিকার আরও বেশি লোকজনকে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে উদ্বোধনী কমিটি থেকে জানানো হয়েছে।

জো বাইডেন ও কামাল হ্যারিস নির্বাচনী প্রচারকালে সামাজিক দূরত্ব মেনেই নির্বাচনী প্রচার চালিয়েছিলেন।