বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও বাংলাদেশ বাণিজ্যমেলা ২৭ সেপ্টেম্বর

বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও বাংলাদেশ বাণিজ্যমেলা শুরু হবে ২৭ সেপ্টেম্বর। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মুক্তধারা ফাউন্ডেশনের প্রস্তাবে ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ স্বীকৃতি দিয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। এ জন্য নিউইয়র্ক অঙ্গরাজ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে ফাউন্ডেশন। একই সঙ্গে ২৭ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড ইনক আয়োজন করেছে ‘বঙ্গবন্ধুর দূরদর্শিতা ও বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ শীর্ষক আলোচনার। ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ আলোচনায় মূল বক্তব্য রাখবেন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া বাংলাদেশ ও আমেরিকার মূলধারার গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিত্ব এতে অংশ নেবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন। সেই দিনটিকে ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ হিসেবে ঘোষণার জন্য এ বছরের ফেব্রুয়ারি মাসে নিউইয়র্ক স্টেট সিনেটে প্রস্তাব (রেজুলেশন নম্বর ৩২২) উত্থাপন করেন সিনেটর টবি অ্যান স্ট্যাভেস্কি। গত তিন বছর ধরে প্রস্তাবটি উত্থাপনের জন্য চেষ্টা করে যাচ্ছিল মুক্তধারা ফাউন্ডেশন। অবশেষে প্রস্তাবটি উত্থাপনের পর গত ২৭ ফেব্রুয়ারি তা সিনেটে পাস হয়।
গত বছরের মতো এ বছরও এনআরবি তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বাণিজ্য মেলা’র আয়োজন করছে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী ২৭ সেপ্টেম্বর এ মেলা উদ্বোধন করবেন। ইতিমধ্যে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফাহিম, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের
প্রেসিডেন্ট ও সিইও মার্ক জ্যাফি, বিজিএমইএর সহসভাপতি আরশাদ জামাল, ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি ওসামা তাসির অংশ নেবেন বলে জানা গেছে। একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক ও লেখক সুভাষ সিংহ রায় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন।
তিন দিনব্যাপী এ মেলায় বাংলাদেশের বিভিন্ন পণ্যের স্টল ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ও তাঁর ওপর লিখিত বইগুলোর প্রদর্শনী হবে। বঙ্গবন্ধু সম্পর্কে প্রকাশিত বই ছাড়াও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ে প্রকাশিত কিছু নির্বাচিত ও দুর্লভ বইও প্রত্যক্ষ করতে পারবেন দর্শকেরা।
তিন দিনের অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন বাংলাদেশের শিল্পী রফিকুল ইসলাম, শমী কায়সার, মাহফুজ আহমেদ, মীর সাব্বির, তনিমা হাদী ও উদীপ্ত সাহা। অনুষ্ঠানে কোনো প্রবেশ মূল্য ছাড়াই যোগ দেওয়া যাবে। প্রথম দিন ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। পরের দু দিন ২৮ ও ২৯ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত বাণিজ্যমেলার সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।