ওঁলাদের ওপর নজরদারি করিনি: যুক্তরাষ্ট্র
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদের যোগাযোগের ওপর নজরদারি করা হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও এমন কিছু করা হবে না বলে দেশটির ভাষ্য।
ওঁলাদসহ ফ্রান্সের তিন প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) গোয়েন্দাগিরি করেছে বলে উইকিলিকসের প্রকাশ করা নথির প্রতিক্রিয়ায় গতকাল মঙ্গলবার এ কথা বলেছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র নেড প্রিস দাবি করেন, ‘প্রেসিডেন্ট ওঁলাদের যোগাযোগের বিষয়ে আমরা নজরদারি করছি না, ভবিষ্যতেও করব না।’
তবে অতীতে কী ধরনের নজরদারি হয়েছে, তা উল্লেখ করেননি এই মার্কিন কর্মকর্তা। তাঁর ভাষ্য, জাতীয় নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট ও যৌক্তিক কোনো উদ্দেশ্য না থাকলে বিদেশিদের ওপর নজরদারি করা হয় না।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বলেন, ‘আন্তর্জাতিক উদ্বেগের সব বিষয় নিয়ে আমরা ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করি। ফ্রান্স আমাদের অপরিহার্য সহযোগী।’
গতকাল প্রকাশিত এক বিবৃতিতে উইকিলিকস দাবি করে, ২০০৬-১২ সাল পর্যন্ত জ্যাক শিরাক, নিকোলা সারকোজি ও ফ্রাসোয়া ওঁলাদের ওপর গোয়েন্দাগিরি করেছে এনএসএ। এ বিষয়ে আলোচনা করতে আজ প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ওঁলাদ।
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ওঁলাদ ২০১২ সাল থেকে ক্ষমতায় আছেন। সারকোজি ২০০৭-১২ এবং শিরাক ১৯৯৫-২০০৭ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন।
উইকিলিকসের দাবি, ওই তিন প্রেসিডেন্ট ছাড়াও ফরাসি মন্ত্রিসভার সদস্য ও যুক্তরাষ্ট্রে ফরাসি রাষ্ট্রদূতের যোগাযোগের ওপর এনএসএর সরাসরি নজরদারি থেকে ওই সব নথি পাওয়া গেছে।
উইকিলিকসের প্রকাশ করা এ-সংক্রান্ত নথি ফ্রান্সের পত্রিকা লিবারেশন ও অনুসন্ধানী ওয়েবসাইট মিডিয়াপার্ট প্রকাশ করছে।
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এক বিবৃতিতে বলেন, ‘ফরাসি জনগণের জানার অধিকার আছে, তাদের নির্বাচিত সরকার কথিত এক মিত্রের বৈরি নজরদারির শিকার।’
এ বিষয়ে শিগগিরই আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ হবে বলে জানিয়েছেন অ্যাসাঞ্জ।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ওপর এনএসএ নজরদারি করেছে বলে ২০১৩ সালে অভিযোগ ওঠে। তখন এ নিয়ে তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র।