ওকাসিওর প্রতিদ্বন্দ্বী খুঁজছে স্বয়ং ডেমোক্র্যাটরা!

আমেরিকার রাজনীতিতে ডেমোক্রেটিক দলের উঠতি তারকা আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের অতি উদার মনোভাব এখন তাঁর ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে কমবয়সী কংগ্রেসউইম্যান নির্বাচিত হয়ে সবাইকে চমকে দেওয়া ২৯ বছর বয়সী এই তরুণীর শত্রু সংখ্যা বাড়ছে। এমনকি তাঁর নিজ দলের মধ্যেই বিরোধী পক্ষ বাড়ছে। ডেমোক্রেটিক দলের উদারনৈতিক অংশটির মধ্যেই তাঁর সমালোচকের সংখ্যা বাড়ছে।
ওকাসিও কর্টেজ সব সমীকরণ উল্টে দিয়ে কংগ্রেস সদস্য হয়ে যাবেন এটা কেউ ভাবেনি। কেউ না। জোসেফ ক্রাউলির মতো মহিরুহকে উপড়ে ফেলবে ব্রঙ্কসের ‘ওয়ার্কিং ক্লাস’ থেকে আসা এক মেয়ে, এমনটি অনেকের কাছেই ছিল কল্পনাতীত। কিন্তু বাস্তবে সেটাই ঘটেছে। তারপর থেকে ঘরে-বাইরে প্রশংসার পাশাপাশি শত্রুও কম জোটেনি তাঁর। এমনকি নিজ দল ডেমোক্রেটিক দলের উদারনৈতিক অংশটি এখন তাঁর বড় সমালোচকে পরিণত হয়েছে। কারণ ওকাসিও বরাবর সোশ্যালিস্ট ডেমোক্র্যাট বার্নি স্যান্ডার্সের ভক্ত। আর কংগ্রেস সদস্য হওয়ার পর থেকে ওকাসিও যে অভিমুখে যাত্রা শুরু করেছেন, তাতে প্রমাদ গুনছেন তাঁর নিজ দলের নেতারাই। কিছু কিছু কংগ্রেসম্যান এখন উল্টো অবস্থান নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওকাসিওর বিরুদ্ধে একজন প্রাথমিক চ্যালেঞ্জার আনার জন্য আলোচনা করছেন তাঁরা। ইতিমধ্যে এক হাউস ডেমোক্র্যাট ব্রঙ্কস বা কুইন্স থেকে ওকাসিওকে চ্যালেঞ্জ করতে পারে এমন কাউকে দাঁড় করানোর জন্য নিউইয়র্কের প্রতিনিধি দলের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয় একটি পত্রিকাকে ডেমোক্রেটিক ওই আইনপ্রণেতা বলেন, ‘আমি নিউইয়র্কের প্রতিনিধিদলকে সুপারিশ করেছি যেন তারা ওকাসিওর একজন প্রতিদ্বন্দ্বী খুঁজে বের করে। সেখানে অসংখ্য কাউন্সিলর ও উপযুক্ত নেতা রয়েছেন, যারা ওই আসনটির জন্য ২০ বছর ধরে অপেক্ষা করছেন। আমি নিশ্চিত যে, তারা চাইলে এমন অসংখ্য মানুষকে খুঁজে বের করতে পারবে, যারা ওই এলাকা থেকে নির্বাচিত হতে চায়।’
গত গ্রীষ্ম থেকে যখন ২৯ বছর বয়সী এ তরুণ রাজনীতিক তাঁর জয়যাত্রা শুরু করেন, তখন থেকেই তিনি ছিলেন আলোচনার তুঙ্গে। বিশেষ করে প্রাথমিক নির্বাচনে তাঁর জয় হতবাক করে দেয় অনেককে। তখন নিউইয়র্কের প্রতিনিধি দল ওকাসিও-কর্টেজের সঙ্গে কথা বলে। কুইন্সের পাওয়ার ব্রোকার জোসেফ ক্রাউলি হাউস ডেমোক্রেটিক ককাস চেয়ারম্যান। একজন সম্ভাব্য স্পিকার হিসেবে বিবেচনা করা হতো তাঁকে। সেই জোসেফ ক্রাউলিকে হারানোয় তারা তাঁকে রীতিমতো অভিনন্দিত করে।
অনেক নিউইয়র্ক ও কংগ্রেসনাল ব্ল্যাক ককাসের কংগ্রেসম্যানরা সম্প্রতি এক রাজনৈতিক প্রতিবেদন প্রকাশের পর থেকেই ওকাসিও-কর্টেজের ওপর ক্ষিপ্ত হন। ওই প্রতিবেদনে বলা হয়, ওকাসিও তৃণমূল পর্যায়ে ডেমোক্র্যাটদের সমর্থন নিয়ে এখানে এসেছেন। ফলে তাঁর জনপ্রিয়তার ভিতে আঘাত করাটা তুলনামূলক কঠিন। একদিকে তাঁর জনকল্যাণবাদী সমাজতন্ত্রী অবস্থান ডেমোক্র্যাট ভিতকে নাড়া দিচ্ছে, অন্যদিকে তৃণমূলে ব্যাপক জনপ্রিয়তা—এই দুই মিলে ওকাসিওর ওপর নাখোশ এখন অনেকে। কারণ এই দুইই অনেক ডেমোক্র্যাট নেতার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। তাই পরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ব্ল্যাক ককাস সদস্য হাকিম জেফরিকে ওকাসিওর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও ওকাসিও-কর্টেজ ও জাস্টিস ডেমোক্র্যাট দলের সদস্যরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন।
জেফরি নিজেও এ ধরনের কোনো কিছুকে স্বীকার করেননি। তিনি ডেমোক্র্যাট দলের মধ্যে সবাই ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন।
মূলত জোসেফ ক্রাউলির ঘনিষ্ঠ কিছু প্রভাবশালী রাজনীতিকই ওকাসিও-কর্টেজের প্রতিদ্বন্দ্বী খোঁজায় সবচেয়ে বেশি তৎপর। মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক নির্বাচনে ক্রাউলির পরাজয় তাঁরা মেনে নিতে পারেননি। তাঁদের কাছে ওকাসিও-কর্টেজ একজন বহিরাগত।