ওজন কমাতে শর্করা নয় চর্বি বাদ দেওয়াই ভালো
বাড়তি মেদ বা ওজনের সমস্যা এড়াতে চর্বিজাতীয় খাবার কমাতে হবে। এটা শর্করাজাতীয় খাবারের পরিমাণ নিয়ন্ত্রণের চেয়েও বেশি কার্যকর। যুক্তরাষ্ট্রে এক গবেষণার ভিত্তিতে একদল বিজ্ঞানী এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।
নিয়ন্ত্রিত খাদ্যতালিকা মেনে চলা একদল লোকের ওপর ওই গবেষণা চালানো হয়। কার্যত তাঁদের প্রতিটি গ্রাসের আকার ও সংখ্যা, শরীরচর্চার সময় এবং নিশ্বাস-প্রশ্বাসের তথ্য নেওয়া হয়। এতে দেখা যায়, তাঁরা খাদ্যতালিকা থেকে চর্বিজাতীয় খাবার কমিয়ে বা একেবারে বাদ দিয়ে উল্লেখযোগ্য পরিমাণে মেদ ঝরাতে পারেন। সেটা কেবল কম মিষ্টিসহ শর্করা খাওয়ার মাধ্যমে কমানো মেদ বা ওজনের চেয়ে বেশি কাজে আসবে।
বাড়তি ওজন কমানোর কার্যকর পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। তাঁদের কেউ কেউ মনে করেন, শর্করাজাতীয় খাবারের পরিমাণ নিয়ন্ত্রণই এ ক্ষেত্রে সবচেয়ে ফলপ্রসূ। কারণ, এতে শরীরের বিপাক-প্রক্রিয়া বদলে যায়। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেসের গবেষক কেভিন হল বলেন, চর্বিজাতীয় খাবার খাওয়া বাদ দিলে ওজন কমানোর চেষ্টায় আরও বেশি সাফল্য পাওয়া যায়।
প্রতিবেদনটিতে বলা হয়, খাদ্যাভ্যাসের ওপর কঠোর নিয়ন্ত্রণ তুলনামূলক কম হলে শর্করাজাতীয় খাবার কমিয়ে ওজন কমানোর চেষ্টা চালানো যেতে পারে। তবে চর্বিজাতীয় খাদ্য কম খাওয়ার অভ্যাস করাই ভালো।