ওজনপার্ক যেন আরেক বিয়ানীবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের কুইন্সের ব্যস্ততম ওজনপার্ক l ছবি: সংগৃহীত
নিউইয়র্কের কুইন্সের ব্যস্ততম ওজনপার্ক l ছবি: সংগৃহীত

নিউইয়র্কে বাংলাদেশি-অধ্যুষিত এলাকার মধ্যে কুইন্সের ওজনপার্ক উল্লেখযোগ্য। ১৮৮২ সালে ওজনপার্কের নামকরণ। কুইন্স কাউন্টির উডহ্যাভেন বুলেভার্ড, রিচমন্ড হিল, সাউথ ওজনপার্ক, হাওয়ার্ড বিচ আর সিটি লাইন ও ব্রুকলীন বরোর আটলান্টিক অ্যাভিনিউ, সাউথ কন্ডুইট অ্যাভিনিউ আর ১০৮ স্ট্রিট এলাকাই ওজনপার্ক। সেখানে দিনে দিনে বাড়ছে অভিবাসী বাংলাদেশিদের বসতি।
ব্যবসা ও বাণিজ্যে দ্রুত ছড়াচ্ছেন ওজনপার্কের বাংলাদেশিরা। এই এলাকা একসময় ছিল গাইনিজ ও ভারতীয়দের দখলে। ১০১ অ্যাভিনিউর ক্রিসেন্ট স্ট্রিট থেকে ১০৪ স্ট্রিট ঘিরে গড়ে উঠেছে বাংলাদেশিদের গর্ব করার মতো ব্যবসা-বাণিজ্যিক প্রতিষ্ঠান। পিটকিন অ্যাভিনিউতেও ভালো করছেন বাংলাদেশিরা। সেখানেও তাঁরা গড়ে তুলেছেন বাণিজ্যিক প্রতিষ্ঠান। ওজনপার্কে মসজিদ আল আমানসহ বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে আল ফুরকান মসজিদ, আল মামুর জামে মসজিদ। রকমারী শতাধিক স্টোর, সোনালি এক্সচেঞ্জসহ প্লাসিড, স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইঙ্ক নামের মানি ট্রান্সমিটার প্রতিষ্ঠানও রয়েছে বাংলাদেশিদের। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মতিন গ্রোসারি অ্যান্ড রেস্টুরেন্ট, মান্নান গ্রোসারি, বিসমিল্লাহ রেস্টুরেন্ট উল্লেখ করার মতো। সম্প্রতি যাত্রা শুরু করেছে দাওয়াত রেস্টুরেন্ট।
বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ছাড়াও বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক কাউন্সিল অব নিউইয়র্ক (বিএডিসি), বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইয়্যুথ সার্ভিসেসের (বাকডাইস) মতো মূলধারার সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশি সংগঠন কাজ করছে সুনামের সঙ্গে। হায়াত ফার্মেসি ছড়াচ্ছে অন্য রকম আলো। এই ফার্মেসির মালিক সৈয়দ টিপু সুলতান ১৯৭৭ সাল থেকে আমেরিকায়। ফার্মেসির অঙ্গনে রয়েছে এক আশ্চর্য উদ্যান ও ঝুলন্ত বাগান। হায়াত ফার্মেসি ও সৈয়দ টিপু সুলতান এলাকাকে ভিন্ন পরিচয়ে পরিচিত করেছেন।গ্রীষ্মকালে ১২০ ধরনের ফল-ফুলের গাছ থাকে ঝুলন্ত বাগানে। এর মধ্যে লাউ, শিম, মরিচ, বেগুন, পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, নিম, কচু, পাটশাক, ডাঁটা, আলু, মিষ্টি কুমড়া, ডুমুর, লেবু, থানকুনি পাতা, পুঁইশাক, লালশাক, গন্ধরাজ, চেরি, আপেলসহ কী না আছে এখানে?
ওজনপার্কে প্রথম বসবাস শুরু করেন বাংলাদেশিদের মধ্যে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার লোকজন। এলাকায় ৪-৫ হাজারের মতো বাংলাদেশি পরিবার রয়েছে। সিটি লাইনে বসবাসকারী শতকরা ৬৫ জনই বিয়ানীবাজারবাসী। বিয়ানীবাজার সমিতির সভাপতি মাসুদুল হক বলেন, অনেক ঘাত-প্রতিঘাত, ভয়ভীতি পেরিয়ে বাংলাদেশিরা ওজনপার্কে কমিউনিটির অবস্থান সুদৃঢ় করেছেন। ১৯৮২ সাল থেকে এ পর্যন্ত ফটো সাংবাদিক মিজানুর রহমান মিজান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি নজমুল ইসলামসহ অন্তত ১০ জন বাংলাদেশি এই এলাকায় খুন হয়েছেন। সাংবাদিক মিজান খুন হন ২০০২ সালের ১১ আগস্ট। সর্বশেষ গত বছর ওজনপার্কে মন্ত্রাসী হামলায় নিহত হন মাওলানা আলা উদ্দিন আকঞ্জি ও মুসল্লি তারা মিয়া।
বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বোরহান বলেন, ওজনপার্ক ও সাউথ ওজনপার্ক এলাকার বিপুলসংখ্যক বাংলাদেশি-আমেরিকান এখন মূলধারার রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্থানীয় ইউএস কংগ্রেসম্যান, স্টেট অ্যাসেম্বলিম্যান, সিটি কাউন্সিলম্যানদের কাছে প্রবাসী বাংলাদেশিরা বেশ জনপ্রিয়। একাধিক বাংলাদেশি এখন সিটির বোর্ড মেম্বারও হয়েছেন। স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন বলেন, সিটি লাইনে তাঁর বাবাই প্রথম বাংলাদেশি হিসেবে বসবাস ও ব্যবসা শুরু করেন। স্থানীয় ফরবেল স্ট্রিটে (বর্তমানে এই স্ট্রিটের নাম মিজানুর রহমান ওয়ে) কেনেন নিজস্ব বাড়ি। একেক করে এখন তাঁদের পরিবারের সবাই আমেরিকাবাসী। ওজনপার্কে তাঁদের রয়েছে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান। ক্রমবর্ধমান বাংলাদেশি সম্পর্কে বাংলাদেশ সোসাইটির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রহিম হাওলাদার বলেন, ওজনপার্ক যেন আরেকটি সিলেট। এখানে গেলে পুরো বাংলাদেশি আতিথিয়তা পাওয়া যায়।