ওজোন পার্ক সুপার মার্কেটে আগুন

নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ওজোন পার্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওজোন পার্ক সুপার মার্কেটসহ এর দু পাশের চারটি বাসা পুড়ে গেছে। ৫ জানুয়ারি সকাল ১১টার দিকে হঠাৎ করেই আগুন লেগে যায়। শুরু থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা করলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে।
ওজোন পার্ক সুপার মার্কেটের মালিক মো. জয়নাল আবেদীন বলেন, ‘২২ বছর ধরে একটু একটু করে এ ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছি। যখনই একটু লাভজনক অবস্থানে পৌঁছালাম, তখনই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।’ আগুনে প্রায় মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানান গ্রোসারিটির মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওজোন পার্ক সুপার মার্কেটের পাশের ৯৭-১৭ লটের বাড়ির কিচেন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের প্রায় পুরোটাই ভস্মীভূত হয়। পাশাপাশি গ্রোসারির উভয় পাশের চারটি বাসা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর ১০১ অ্যাভিনিউ ও তার পার্শ্ববর্তী কয়েকটি রাস্তায় প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। কনকনে শীতের মধ্যে এ অগ্নিকাণ্ড সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। দমকল কর্মীরা শুরু থেকেই অনেক চেষ্টা করলেও দোকানের ভেতরে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। তবে তাঁদের চেষ্টার কারণে আশপাশের আবাসিক বাসার তেমন ক্ষতি হয়নি।