ওজোন পার্কে বাংলাদেশির নতুন ফার্মেসির যাত্রা শুরু

নিউইয়র্কের বাংলাদেশি অধুষ্যিত ওজোন পার্কে হালাল উপায়ে ব্যবসা পরিচালনা ও কমিউনিটির সেবা করার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন ফার্মেসি রাইট কেয়ার ফার্মেসি। গত ২৯ প্টেম্বর জুম্মার নামাজের পর দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উন্নতি-সমৃদ্ধি এবং বিশ্ব শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিএমএমসিসির সাবেক ইমাম মাওলানা মোস্তাফা কামাল।
এর আগে ইয়র্ক বাংলা সম্পাদক রশীদ আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন হাফেজ মাহবুবুর রহমান। রাসুল (সা.)-এর শানে দরূদ পাঠ করেন আলফুরকান মসজিদের ইমাম মাওলানা রফিক উদ্দীন। শতাধিক লোকের উপস্থিতিতে স্বাগত বক্তব্য রাখেন রাইট কেয়ার ফার্মেসির অন্যতম পরিচালক সালেহ আহমদ। তরুণ ব্যবসায়ী সালেহ আহমদ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘রাইট কেয়ার ফার্মেসি আজ উদ্বোধন হলেও আমরা কমিউনিটির কল্যাণে দীর্ঘ দিন ধরে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছি। তার-ই আলোকে আমরা কমিউনিটির আরও সেবা করতে চাই।’ তিনি বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
রাইট কেয়ার ফার্মেসিতে ওষুধ, মেডিকেল ও সার্জিকেল যন্ত্রপাতি, ভিটামিন, নিউট্রিশন সামগ্রী ছাড়াও ডিপার্টমেন্টাল জিনিসপত্রের মধ্যে স্টেশনারি গ্রিটিং কার্ডস, গৃহস্থালি সামগ্রী, স্বাস্থ্য ও রূপচর্চা, পারফিউম সামগ্রীর রয়েছে বিপুল সমাহার। উদ্বোধন উপলক্ষে সব পণ্যের আছে বিশেষ ছাড়। বিনা মূল্যে পরামর্শ, বিনা মূল্যে রক্তচাপ পরীক্ষা, ফ্রি পিকআপ অ্যান্ড ডেলিভারি ছাড়াও তাৎক্ষণিক প্রেসক্রিপশন পূরণে দক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করবে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির আরেক পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘ব্যবসা আমাদের মূল উদ্দেশ্য নয়। কমিউনিটির কল্যাণে আমরা এক ও অভিন্ন। ভিন্ন মতের এক পথ পার্টনারশিপ ব্যবসায় সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আপনারা আমাদের সেবা গ্রহণ করুন। আমরা সব সময় স্বচ্ছতা ও জবাবদিহিকে প্রাধান্য দিচ্ছি।’
আমন্ত্রিত অতিথিরা বলেন, রাইট কেয়ার ফার্মেসি একটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং এর লোকেশন খুবই চমৎকার। তাই আমাদের সবার দেশীয় প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করা উচিত। তাঁরা বলেন, এই প্রতিষ্ঠানে যা আয় হবে তার একটি ভাগের অংশীদার হবে কমিউনিটি। দেশীয় প্রতিষ্ঠান হিসেবে সবাইকে রাইট কেয়ার ফার্মেসির সেবা গ্রহণের আহ্বান জানান তাঁরা।
রাইট কেয়ার ফার্মেসিতে ওষুধের পাশাপাশি রয়েছে অত্যাধুনিক চশমা যা ‘লিনসা অপটিক’ নামে পরিচিত। প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞরা সেখানে চেম্বারে বসেন এবং কমিউনিটিকে চক্ষু সেবাও দিতে থাকেন। লিনসায় শুধু রোদ চশমা নয়, গ্রাহকদের চাহিদা অনুযায়ী কর্তৃপক্ষ কালো, সোনালি বা রূপালি রঙের ট্র্যাডিশনাল বিভিন্ন ফ্রেমে সাজিয়েছে প্রতিষ্ঠানটি। চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী হরেক রকম ব্যান্ডের পাশাপাশি হালফ্যাশনের লেটেস্ট চশমার ফ্রেম পাওয়া যাচ্ছে লিনসা অপটিকে।
উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসাইন, বায়তুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের প্রেসিডেন্ট আহমদ আবু উবায়দা, অধ্যাপক জালাল আহমদ, বায়তুন নূর মসজিদের ইমাম ও খতিব মাওলানা বেলাল হোসাইন, বিএ নিউজের সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, মিলেনিয়াম টিভির সাংবাদিক মাহফুজ আদনান, আই টিভির সাংবাদিক লিসানুর রসুল, আল-হক ফার্মেসির পরিচালক গুলজার আলী, সিলেট ফার্মেসির সরওয়ার হোসাইন, মুহাম্মদ জাকির, ওজোন পার্ক ফার্মেসির জুবায়ের আহমদ হিরো, রাইট কেয়ার ফার্মেসির সব পরিচালক ও আল-ফুরকান মসজিদের মাওলানা আলাউদ্দিন প্রমুখ। পরিশেষে রাইট কেয়ার ফার্মেসির পক্ষ থেকে সবাইকে মিষ্টি বিতরণ করা হয়।