ওজোনপার্কের মদিনা হালাল রেস্তোরাঁ শূন্য থেকে সাফল্যের শিখরে আতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওজোনপার্কের মদিনা রেস্তোরাঁর মালিক মো. মোর্শেদ আতিক
ওজোনপার্কের মদিনা রেস্তোরাঁর মালিক মো. মোর্শেদ আতিক

৭৬-১৭,১০১ অ্যাভিনিউ, ওজোনপার্কের ‘মদিনা হালাল রেস্তোরাঁ’। রেস্তোরাঁর বাইরে লেখা, ‘Medina Fried Chicken & Pizza’। ছোট্ট রেস্তোরাঁ। কিন্তু বেশ পরিচ্ছন্ন ও গোছানো। ভেতরে-বাইরে খাবারের মেন্যু সাঁটানো। হাসি লেগে আছে সব ‘স্টাফ’-এর চোখে মুখে। ভেতরে ঢুকলেই বোঝা যায়, কেন তাঁদের রেস্তোরাঁ এলাকার সেরা রেস্তোরাঁ। এই রেস্তোরাঁর মালিক বাংলাদেশি। তাঁর নাম মো. মোর্শেদ আতিক। হাসিখুশি এই মানুষটির জীবন খুব সাদামাটা। শূন্য থেকে উঠে আসা এক তরুণ। তিনি সংখ্যায় বিশ্বাসী নন, বিশ্বাস করেন গুণে আর মানে। বড় রেস্তোরাঁ মানেই অনেক বিক্রি হবে, বড় ব্যবসা হবে—এমন মনে করেন না তিনি। ছোট জায়গা, ছোট ব্যবসা থেকেও বড় মুনাফা সম্ভব তা বিশ্বাস করেন। এবং তিনি তা প্রমাণ করেছেন নিজের ছোট্ট রেস্তোরাঁ দিয়েই।

এই তরুণ রেস্তোরাঁ ব্যবসায়ীর গল্পটা শুরু এভাবেই: ১৯৯১ সাল। সবে মাত্র দশম শ্রেণির ছাত্র। নির্বাচনী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার ফল বেরোল। নির্বাচনে যোগ্য হয়েছে। কিন্তু পাড়ার এক বড় ভাই বলছেন, কিশোর ছেলেদের আমেরিকা যাওয়া সহজ! বড় ভাই আমেরিকায় গান করতে এসে থেকে গেছেন। ভালো গাইতেন। বড় ভাই যখন আছেন, দেখেই আসি কেমন আছেন? কী করেন? অনেক আগ্রহ তাঁর।
প্রায় দুই লাখ টাকা খরচ করে ভিসার জন্য দাঁড়িয়েছেন! ভিসা হয়ে গেল। দেশের এক স্কুল ছেলে উড়াল দিল আকাশে। স্বপ্ন তাঁর আকাশছোঁয়া। স্বপ্নের দেশে যাবেন বড় ভাই কেমন আছেন দেখতে!
বাপ-দাদার অনেক জমি ছিল। বাবা ছোটবেলায় লন্ডনে যাওয়ার জন্য ওই জমিগুলো ২০০-৩০০ টাকা শতাংশে বিক্রি করে দেন। কিন্তু তাঁর ভিসা হয়নি। তিনি ঢাকা থেকে বাড়ি ফিরে আসেন। তবে ছেলেদের দেশের বাইরে যাওয়ার জন্য উৎসাহ দিতেন সব সময়।
স্বপ্নের দেশে এসে পাড়ার কিছু বড় ভাই, কিছু বন্ধু-স্বজনকে পেলেন। পড়াশোনা করার ভীষণ ইচ্ছে। কিন্তু সবাই বলল, ‘বাদ দাও’ এসব। আমেরিকা এসেছ আর পড়াশোনার দরকার কী? দেশে ফেরার দরকার কী? আমেরিকায় এসে কেউ ফিরে যায়? এটা হলো স্বপ্নের দেশ। এখানে যে যা চায়, তা-ই পায়। স্বপ্নের দেশ আমেরিকায় এসে আর পড়াশোনা করা হলো না। হাতে টাকাপয়সাও ছিল না খুব একটা। তাই কাজে নেমে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু চাইলেই কি আর ১৮-১৯ বছরের একটা ছেলে কাজ পান? প্রতিদিন এখানে-সেখানে কাজের সন্ধানে যান। কাজ মেলে না। মাসের পর মাস বেকার। মন খারাপ থাকে। কিন্তু থেমে থাকেন না। প্রতিদিন ব্যর্থ হয়ে ফেরেন। তারপরের দিন আবার নতুন উদ্যমে বেরিয়ে পড়েন কাজের সন্ধানে। কাজ মেলে না।
ধার-দেনা শুরু করেন বন্ধু-স্বজনের কাছে। বড় ভাইয়ের অবস্থাও খুব একটা ভালো নয়।
৬ মাস পর 6th Street-এ Indian Gaylord Restaurant কাজ পেয়ে যান। সপ্তাহে ৬ দিন কাজ। বেতন ১৫০ ডলার প্রতি সপ্তাহে। টিপস আসত ১০-২০ ডলার প্রতিদিন। খুব উৎসাহ নিয়ে কাজ শুরু করলেন। বেতন বাকি পড়ে কেবলই। প্রতি সপ্তাহেই। প্রতিদিন ১২-১৪ ঘণ্টা হাড়ভাঙা খাটুনি। মালিক বেতন দেন না ঠিকমতো। লাইন ধরে ক্রেতারা আসেন, খান। খুব ভালো ব্যবসা চলে। কিন্তু মালিকের তাতে মন ভরে না। টিপসের টাকাও ঠিকমতো দেন না, সব নিয়ে নেন মালিক নিজেই। খুব অনটনের মধ্য দিয়ে দিন কাটে আতিকের। দেশের বাড়িতেও বাবা-মায়ের জন্য কিছু টাকা পাঠাতে হয়। অনেক সময় পাঠাতে না পারলে খুব কষ্ট পান আতিক। এই কষ্ট অসহনীয়। চোখে জল আসে। নীরবে চোখ মোছেন। আবার কাজে যান। বলতে বলতে আবেগপ্রবণ হয়ে ওঠেন আতিক। আতিক একদিন কাজ ছেড়ে দিয়ে একটি ইতালিয়ান রেস্তোরাঁয় কাজ নেন। সেখানে সপ্তাহে ৩০০ ডলার পান। টিপসসহ ৪৫০-৫০০ ডলার পাওয়া যায়। তাঁদের ব্যবহারও ভালো। কিছুদিনের মধ্যে ম্যানেজার তাঁকে খুব পছন্দ করতে শুরু করলেন।
আমেরিকার জীবনের শুরুর কথাগুলো বলতে বলতে আতিকের চোখ চিকচিক করে। তিনি বলতে থাকেন, ‘আমাকে পরিশ্রমী এবং সৎ কর্মচারী বলে ম্যানেজার বাড়তি দায়িত্ব দিলেন। যাঁরা চুরি করেন স্টাফদের মধ্যে, তাঁদের তদারক করার দায়িত্বও পড়ল। রেস্তোরাঁয় বার সেকশন ছিল। আমাকে সেখানে দায়িত্ব দিলেন ম্যানেজার। কারণ, অন্যান্য দেশের যাঁরা ছিলেন তাঁরা চুরি করে অনেক বোতল ওয়াইন, লিকার খেয়ে ফেলত। সেগুলো দেখার ভার আমার ওপর পড়ল। বেতনও একটু বাড়ল। সেখানে টিপসও ভালো পেতাম।’

আতিকের দিন শুরু হতো যেভাবে...
প্রতিদিন ৯টায় কাজে যেতেন। রাত ১২-১টার সময় বাসায় ফিরতেন। গোসল করে, খেয়ে ঘুমাতে ঘুমাতে রাত ২-৩টা বেজে যেত। পরের দিন আবার সকাল ৮টায় ঘুম থেকে উঠে কাজে রওনা হতেন।
আতিক বলেন, ‘আমি স্বপ্ন দেখা শুরু করলাম একটা ছোট্ট রেস্তোরাঁর মালিক হওয়ার! ইতালীয় রেস্তোরাঁয় চার বছর কাজ করে ৩২ হাজার টাকা জমালাম। সেই টাকা দিয়েই ১৯৯৫ সালে ম্যানহাটনে “বাঙালকারি” নামে ছোট রেস্তোরাঁ দিলাম। সেটি ছিল চার্চ স্ট্রিট, পার্ক প্লাস গ্রাউন্ড জিরোতে। একসঙ্গে ১৬ জন ক্রেতা খেতে পারতেন। স্টাফ ছিল মাত্র ৫ জন। গত বছরের এপ্রিল মাসে সেটি বন্ধ করে দিয়েছি। কারণ, ভাড়া খুব বেশি হয়ে গিয়েছিল। প্রায় ২২ বছর চালানো রেস্তোরাঁ বন্ধ করতে মন চাইছিল না।’
আতিক বলেন, ‘মদিনা হালাল রেস্তোরাঁয় এক লাখ ডলার বিনিয়োগ করেছি। আমি কোনো ঋণ বা ধার করিনি। ম্যানহাটনে যে রেস্তোরাঁ ছিল, সেখান থেকেই পুঁজিগুলো নিয়েছি। ১০ বছর আগে মদিনা রেস্তোরাঁ জায়গাটি লিজ নিই। পুনঃসংস্কার করেছি রেস্তোরাঁর চারপাশ, কিচেন। তারপর এই রেস্তোরাঁয় শুরু করলাম।’
কেমন চলছে মদিনা রেস্তোরাঁ— এই প্রশ্নে আতিক বলেন, ‘প্রথম প্রথম ব্যবসা খুব ভালো ছিল না। ধীরগতিতে ছিল ব্যবসা। লোকসানও ছিল কিছুদিন। কিন্তু আমি দমে যাইনি। কারণ আমি জানতাম, আমি যদি সৎ আর পরিশ্রমী হই, ভালো কাস্টমার সেবা দিতে পারি, আমি ভালো করবই। আমার ভালো বিজনেস হবেই।’ তিনি বলেন, ‘প্রথম দিকে মাত্র দিনে তিন থেকে চার শ ডলার বিক্রি হতো। তাতে লাভ বলতে কিছুই থাকত না। খাবার মেন্যু বাড়ালাম। ধীরে ধীরে বিক্রি বাড়তে থাকে। এখন প্রতিদিন ১৪-১৫ শ ডলার বিক্রি হয়। মাঝে মাঝে তারও বেশি। অন্যদের মতো বেতন বাকি রাখি না। তারপরেও প্রতিদিন গড়ে ৩০০-৪০০ ডলার লাভ থাকেই।’
মদিনা রেস্তোরাঁয় প্রতিদিন ২৫০-৩৫০ ক্রেতা আসেন। তাঁদের অর্ধেক বাংলাদেশি এবং বাকি অর্ধেক বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষার মানুষ। তাঁদের কেউ ম্যাক্সিকান, কেউ ইতালীয়, কানাডীয়, আমেরিকান, চায়নিজ, ইন্ডিয়ান, গায়ানিজ, নেপালি, জাপানিজ। ক্রেতাদের চাহিদা মেটাতে প্রায় ১০০ পদের রান্না প্রস্তুত রাখতে হয় প্রতিদিন। আর কেউ অভিযোগ করলে সঙ্গে সঙ্গে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

বাবুল নকরেক: অতিথি লেখক, নিউইয়র্ক।