ওদের নিজের করে নিল আমেরিকা

নিউইয়র্কের ম্যানহাটনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ১০২ তলায় আয়োজিত এক অনুষ্ঠানে নাগরিকত্ব দানের মধ্য দিয়ে ১৫ আগস্ট বরণ করে নেওয়া হয়েছে ৩০ অভিবাসীকে। এর মধ্যে ছিলেন ২৯ বছর বয়সী বাংলাদেশি নাগরিক খাদিজাতুল রহমান। সুউচ্চ ওই ভবনের পর্যবেক্ষণ ডেকে আয়োজিত ওই অনুষ্ঠানে উঠে এসেছে অভিবাসীদের জীবনসংগ্রাম থেকে শুরু করে সমতাবিষয়ক মার্কিন মূল্যবোধের বিষয়গুলোও।
নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পর্যবেক্ষণ ডেকে এটিই প্রথম নাগরিকত্ব প্রদান ও নতুন নাগরিকদের শপথানুষ্ঠান। শার্লটসভিলে শ্বেতাঙ্গ উগ্রপন্থীদের নজিরবিহীন সহিংসতার কয়েক দিনের মধ্যেই এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, যা সৃষ্ট সংশয়ের মধ্যে একটু আশার আলো হয়ে এসেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেল আপিল আদালতের বিচারক রবার্ট ক্যাটজম্যান, যাঁর বাবাও ছিলেন জার্মানি থেকে আসা অভিবাসী। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক প্রিত ভারারা, মার্কিন সরকারি কৌঁশুলীর পদ থেকে যাঁকে গত মার্চে বরখাস্ত করেন ট্রাম্প। অনুষ্ঠানে আলোচকেরা স্বাধীনতা, সমতা ও অভিবাসীদের বিভিন্ন অভিজ্ঞতার ওপর আলোকপাত করেন। এতে বাংলাদেশ, ভারত, আর্জেন্টিনা, সুদান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোসহ মোট ১৯টি দেশের ৩০ জনকে মার্কিন নাগরিকত্ব প্রদান করা হয়। দীর্ঘ অভিবাসী জীবন কাটানো এসব মানুষের অভিজ্ঞতা বর্ণনার সময় অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বাংলাদেশি নাগরিক খাদিজাতুল রহমান উপস্থিত ছিলেন তাঁর ছয় বছরের মেয়ে লাবিবা ও দুই সপ্তাহ বয়সী ছেলে জাভিয়ানকে সঙ্গে নিয়ে। দীর্ঘ অনিশ্চয়তার পর তাঁদের চোখে এদিন কিছুটা আশার আলো দেখা গিয়েছিল। নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, কিন্তু সুউচ্চ ভবনের পর্যবেক্ষণ কেন্দ্রে জমায়েতে নতুন মার্কিন নাগরিকেরা খুব বেশি উচ্ছ্বাসে মেতে উঠতে পারেননি। কারণ তাঁদের চোখের সামনেই জ্বলজ্বল করছিল শার্লটসভিলে। আর পর্যবেক্ষণ ডেকের জাোলা দিয়ে মেঘ ফুঁড়ে স্ট্যাচু অব লিবার্টি দেখা গেলেও তা ছিল অস্পষ্ট। এ যেন ছিল নাগরিকত্ব পাওয়া এসব অভিবাসীর মনের প্রকৃত অবস্থার সার্থক দৃশ্যায়ন। যদিও তাঁদের বরণ করে নেওয়া রবার্ট ক্যাটজম্যান শুনিয়েছেন আশার কথা।
অনুষ্ঠানে বিচারপতি ক্যাটজম্যান বলেন, ‘আপনাদের এখানে একসঙ্গে পাওয়াটা ভীষণ সৌভাগ্যের বিষয় আমাদের জন্য। আমরা এখানে আপনাদের আশা ও নিবেদন, দায় ও দক্ষতা, সংগীত ও সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য এসব কিছুকেই একসঙ্গে পেয়েছি। আমরা এখন এসব কিছুরই অংশীদার। আজ থেকে আমেরিকান গল্প, আপনাদেরও গল্প।’
অভিবাসীদের আইনি সহায়তা প্রদানের জন্য আইনজীবীদের বিশেষ প্রশিক্ষণের উদ্দেশ্যে একটি সংগঠন গড়ে তুলেছেন বিচারপতি ক্যাটজম্যান। অনুষ্ঠানে ইমিগ্রান্ট জাস্টিস করপোরেশন নামের এ সংগঠনের বিষয়েও কথা বলেন ক্যাটজম্যান। একই সঙ্গে তিনি তাঁর বাবার অভিজ্ঞতাও তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকায় এসে আমার বাবা একধরনের স্বাধীনতার স্বাদ পান। এখানে আসার পর নিজের ধর্মবিশ্বাসের কারণে পথেঘাটে চলাফেরায় শঙ্কায় ভুগতে হয়নি তাঁকে।’
প্রিত ভারারার বক্তব্যেও উঠে আসে তাঁর অভিবাসী বাবার কথা। ৪০ বছরেরও বেশি সময় আগে ভারারার বাবা এসেছিলেন ভারতের প্রত্যন্ত অঞ্চলের এক গ্রাম থেকে। পরে আমেরিকায় থাকতে শুরু করেন তাঁরা। পরে ভারারা নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব ল-এ যোগ দেন। মার্চে মার্কিন সরকারি কৌশলী পদ হারানো ভারারা জানান, ‘আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট (বারাক ওবামা) আমাকে ম্যানহাটনের অ্যাটর্নি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। প্রথম এশিয়ান-আমেরিকান হিসেবে এ পদে যোগদানই ছিল এ দেশে আমার সবচেয়ে বড় সাফল্য। কিন্তু এখন যে অভিবাসীরা নাগরিকত্ব পাচ্ছেন, তাঁদের জন্য এর চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে।’ তিনি এ সময় তার অনুজ ভিনি ভারারার কথা উল্লেখ করেন, যিনি আমাজনের কাছে নিজের অনলাইন কোম্পানি বিক্রি করেছেন ৫৪৫ মিলিয়ন ডলারের বিনিময়ে।
এ অনুষ্ঠানে নাগরিকত্ব পেয়েছেন ভারতের জয়দীপ রায়। কলাম্বিয়াস টিচারস কলেজের শিক্ষক জয়দীপ অর্থনীতিবিদ হিসেবে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছেন। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সাম্য ও স্বাধীনতার চেতনার ওপর গুরুত্বারোপ করেন। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হওয়ায় জয়দীপের কাছে দিনটি হয়ে উঠেছিল আরও বিশেষ কিছু। তিনি এ সময় তাঁর পরিবারের সদস্যদের কথা স্মরণ করেন। কিন্তু এ বরণানুষ্ঠানে তাঁর পরিবারের কেউই উপস্থিত ছিলেন না। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে কর্মরত তাঁর স্ত্রী বিশেষ সভার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। জয়দীপের বক্তব্যে উঠে আসে তাঁর অভিবাসী জীবনের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা।
সুদান থেকে আসা হিসাববিদ হানি আলীর কাছে অনুষ্ঠানটি ছিল মার্কিন স্বপ্নে জারিত হওয়ার সুযোগ। তিনি বলেন, ‘মার্কিন স্বপ্ন আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। অসম্ভব বলে কিছু নেই, এ বিশ্বাস স্থায়ী হয়ে ওঠে মনের ভেতরে। পাঁচ ভাইবোনের মধ্যে হানি আলীই একমাত্র আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন। আর শেষ পর্যন্ত এখানেই স্থায়ী হন। কানেকটিকাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্নের পর তিনি বর্তমানে একটি প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।’ তিনি বলেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নাগরিকদের ওপর মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্পের নির্বাহী আদেশ আমাকে ব্যথিত করেছিল। কিন্তু প্রেসিডেন্টের চিন্তা বা কথাই শুধু আমেরিকা নয়। আমেরিকা এর চেয়েও বড় কিছু।’