ওবামা আমেরিকায় জন্মেছেন বলে স্বীকার পেন্সের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট বারাক ওবামা যে যুক্তরাষ্ট্রের মাটিতেই জন্মেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বলে স্বীকার করেছেন মাইক পেন্স। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এই রানিংমেট গতকাল বুধবার স্যান ডিয়েগোতে নির্বাচনী প্রচারণার সময় এমন স্বীকারোক্তি দেন।

দায়িত্ব গ্রহণের আগে থেকেই ওবামাকে একটি ‘ষড়যন্ত্র তত্ত্ব’ শুনতে হয়েছে। তা হলো তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি। এ কারণে তিনি বৈধভাবে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন না।

ওবামাবিরোধী এই ষড়যন্ত্র তত্ত্বে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মধ্যে ট্রাম্প অন্যতম। ওবামা হাওয়াইয়ে জন্মগ্রহণ করেননি—এমনটা প্রমাণে সেখানে অনুসন্ধানকারী পাঠানোর কথাও একাধিকবার উচ্চারণ করেছিলেন ট্রাম্প। তবে আদৌ সেখানে কাউকে ট্রাম্প পাঠিয়েছেন বলে প্রমাণ মেলে না।

ট্রাম্পের অব্যাহত আক্রমণের মুখে ২০১১ সালে ওবামা তাঁর জন্মসনদের মূল কপি হোয়াইট হাউসের ওয়েবসাইটে তুলে দেন।

সাম্প্রতিক সময়ে ট্রাম্পকে এ নিয়ে আর হইচই করতে দেখা যায়নি। তবে ওবামার জন্মস্থান নিয়ে সন্দেহ পুরোপুরি যায়নি বলে বার কয়েক জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের রানিংমেট পেন্স অবশ্য বলেছেন, ওবামা যে যুক্তরাষ্ট্রের মাটিতেই জন্মেছেন, এ ব্যাপারে তাঁর নিজের কোনো সন্দেহ নেই।

গতকাল স্যান ডিয়েগোতে নির্বাচনী প্রচারণার সময়ে পেন্সের সফরসঙ্গী এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ওবামার জন্মের ব্যাপারে মিথ্যা সন্দেহ তোলার জন্য ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত কি না।

প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পেন্স বলেন, ওবামা হাওয়াইয়ে জন্মেছেন, এ কথা তিনি নিজে বিশ্বাস করেন। এ ব্যাপারে অনেক গবেষণা হয়েছে। নানা প্রমাণপত্র মিলেছে।

ওবামার প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আফ্রিকান-আমেরিকানদের কাছে ট্রাম্প নিন্দিত হয়েছেন।

ভোট-রাজনীতির অংশ হিসেবে সম্প্রতি ট্রাম্প নিজেকে কৃষ্ণাঙ্গদের বন্ধু হিসেবে প্রতিপন্ন করার নানা চেষ্টা চালাচ্ছেন। তবে তাঁর সেই চেষ্টা খুব একটা কাজে আসছে বলে মনে হয় না। এই মুহূর্তে আফ্রিকান-আমেরিকানদের মধ্যে ট্রাম্পের সমর্থন ২ থেকে ৪ শতাংশের বেশি নয়।

এ ব্যাপারে প্রশ্ন করা হলে পেন্স জোর দিয়ে বলেন, আমেরিকার সব মানুষের কল্যাণ হয়, এমন নীতির বাস্তবায়ন করবেন ট্রাম্প।

পেন্স দাবি করেন, ট্রাম্পের কারণে রিপাবলিকান পার্টির সমর্থকদের সংখ্যা বহুগুণে বেড়েছে।