ওবামা ক্ষমতা ছাড়ার আগেই গুয়ান্তানামো বন্ধ করতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, কিউবার গুয়ান্তানামো বে সামরিক কারাগারের বন্দীদের পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রের ভেতরে ও অন্যান্য দেশে স্থানান্তর করা হবে। নিজের ক্ষমতার মেয়াদকাল শেষ হওয়ার আগেই তিনি এই কারাগার বন্ধ করে দিতে আগ্রহী। ওবামার মতে, অনির্দিষ্টকাল বিচারের প্রক্রিয়া ছাড়া বন্দীদের আটকে রাখা মার্কিন মূল্যবোধবিরোধী। এই কারাগার অনির্দিষ্টকাল খোলা থাকলে বিশ্বে যুক্তরাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ন হবে।
গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এক ভাষণে ওবামা এই কারাগার বন্ধের উদ্দেশ্যে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করেন। পরিকল্পনাটি ইতিমধ্যে মার্কিন কংগ্রেসের বিবেচনার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তবে আইন পরিষদে সেই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উত্থাপনের আগেই তা বাতিল করে দিয়েছেন একাধিক রিপাবলিকান কংগ্রেস সদস্য।
গুয়ান্তানামো কারাগারে এখন মোট ৯১ জন আটক রয়েছে। ওবামার পরিকল্পনা অনুযায়ী, এদের মধ্যে ৩০ থেকে ৬০ জনকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হবে। অবশিষ্ট বন্দীদের বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে।
২০০৯ সালে ক্ষমতা গ্রহণের শুরুতেই ওবামা গুয়ান্তানামো বে কারাগার বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সে সময় এই কারাগারে বন্দীর সংখ্যা ছিল ২৪২। রিপাবলিকান প্রতিরোধের মুখে অবশ্য তাদের বিচারকাজ শেষ করা বা অন্যত্র স্থানান্তর করার কাজে কোনো অগ্রগতি হয়নি। এসব বন্দীকে ছেড়ে দেওয়া হলে অথবা বিদেশে স্থানান্তর করা হলে তারা পুনরায় সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হবে—এই যুক্তিতে রিপাবলিকান নেতৃত্ব ওবামার প্রস্তাবের বিরোধিতা করে আসছেন।
আফগানিস্তানে মার্কিন অভিযানের পর প্রায় ৮০০ আল-কায়েদা সদস্যকে গুয়ান্তানামোয় পাঠানো হয়। ওবামা তাঁর ভাষণে স্মরণ করিয়ে দেন, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়েই প্রায় ৫০০ বন্দীকে এই কারাগার থেকে বিভিন্ন দেশে পাঠানো হয়। ওবামার সময়ে বিদেশে পাঠানো হয়েছে ১৪৭ জনকে। অবশিষ্ট যে ৯১ জন বন্দী রয়েছে, ওবামা আগামী বছরের ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের আগেই তাদের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে আগ্রহী। হয় তাদের যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পাঠানো হবে অথবা দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
গুয়ান্তানামো বে চালু রাখতে যে মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে, এই কারাগার বন্ধের পেছনে যুক্তি হিসেবে ওবামা সে কথাও উল্লেখ করেন। এসব বন্দীকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অত্যন্ত সুরক্ষিত ও বিশেষভাবে নির্মিত বন্দিশালায় রাখা হলে আগামী ১০ বছরে প্রায় ৩৩৫ মিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে।
ওবামা চাইলেও চলতি কংগ্রেসের অনুমোদন ছাড়া গুয়ান্তানামো বে বন্ধ করা সম্ভব হবে না। যেসব রিপাবলিকান আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন, তাঁদের সবাই একবাক্যে এই কারাগার বন্ধ করা অথবা কোনো বন্দীকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পাঠানোর বিরোধিতা করেছেন।