ওবামা-মিশেলের সঙ্গে নাচলেন ১০৬ বছরের বৃদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার সঙ্গে নাচলেন ১০৬ বছরের বৃদ্ধা ভার্জিনিয়া ম্যাকলরিন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার সঙ্গে নাচলেন ১০৬ বছরের বৃদ্ধা ভার্জিনিয়া ম্যাকলরিন।

বয়স ১০৬ বছর। তাতে কী! স্বপ্নের হোয়াইট হাউসে ঢুকে প্রিয় প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামাকে দেখলে কী আর চুপচাপ থাকা যায়? স্বপ্নপূরণ বলে কথা। তাই নেচে উঠলেন বৃদ্ধা ভার্জিনিয়া ম্যাকলরিন, সঙ্গে নাচালেন ওবামা-মিশেলকেও।
কৃষ্ণাঙ্গ ইতিহাসের মাস পালিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। এ উপলক্ষে হোয়াইট হাউসে যাওয়ার সুযোগ পান ভার্জিনিয়া। চোখের সামনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে দেখতে পেয়ে শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। মন ছুঁয়ে যাওয়া সেই ভিডিওটি প্রকাশ করেছে হোয়াইট হাউস।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এই বয়সেও এমন প্রাণবন্ত ভার্জিনিয়াকে দেখে প্রেসিডেন্ট ওবামা জিজ্ঞেসই করে ফেললেন, ‘রহস্যটা কী?’ আর মিশেল বললেন, ওই বয়সে তিনিও ভার্জিনিয়ার মতো হতে চান।
ভার্জিনিয়ার জন্ম সাউথ ক্যারোলাইনায়, ১৯০৯ সালে। ওবামা প​রিবারের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করার আগ্রহ জানিয়ে ২০১৪ সালে তিনি আবেদন করেন। ওই বছরের ডিসেম্বরে তিনি ইউটিউবের মাধ্যমে ইচ্ছার কথাটি জানান। চলমান ‘কৃষ্ণাঙ্গ ইতিহাস মাস’ উপলক্ষে এই বৃদ্ধার স্বপ্নপূরণ হলো।

হোয়াইট হাউস তাদের ফেসবুক পেজ ও টুইটারে ভিডিওটি প্রকাশ করেছে। ফেসবুকে একটি মন্তব্য এমন-‘তিনি দুটি বিশ্বযুদ্ধ দেখেছেন। বর্ণবাদের চূড়ান্ত রূপ দেখেছেন। শেষ পর্যন্ত দেখছেন একজন নির্বাচিত কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে।’