ওবামা-রাউল হাত মেলালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানামা সিটিতে গতকাল শুক্রবার আমেরিকা মহাদেশের সপ্তম শীর্ষ সম্মেলন শুরুর আগে করমর্দন করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। ছবি: রয়টার্স
পানামা সিটিতে গতকাল শুক্রবার আমেরিকা মহাদেশের সপ্তম শীর্ষ সম্মেলন শুরুর আগে করমর্দন করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো পরস্পরের সঙ্গে করমর্দন করেছেন। 
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মধ্য আমেরিকার দেশ পানামায় গতকাল শুক্রবার উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর শীর্ষ সম্মেলনে (এসওএ-সামিট অব দ্য আমেরিকাস) মুখোমুখি হন এই দুই নেতা।
পানামা সিটিতে গতকাল আমেরিকা মহাদেশের সপ্তম এই শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে ৩০টি দেশের প্রেসিডেন্টরা যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে আছেন ওবামা ও রাউল।
স্নায়ুযুদ্ধকালীন দীর্ঘ বৈরিতার ইতি টেনে যুক্তরাষ্ট্র ও কিউবা গত জানুয়ারি থেকে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে ওবামা ও রাউল যে আন্তরিক, এসওএ সম্মেলনে তাঁদের করমর্দন সেই ইঙ্গিত করে। এসওএ সম্মেলনে এবারই প্রথম অংশ নিয়েছে কমিউনিস্ট দেশ কিউবা। 
সম্মেলন শুরু হওয়ার আগে একটি ছবিতে দেখা যায়, ওবামা ও রাউল উভয়ই টাই, সাদা শার্ট এবং কালো রঙের স্যুট পরা। তাঁরা পরস্পরের সঙ্গে হাত মিলিয়েছেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে দুই নেতার করমর্দনের তথ্যের সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে, ওবামা ও রাউলের মধ্যে অনানুষ্ঠানিকভাবে সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছে।

আজ শনিবার দুই নেতার মধ্যে আবার সাক্ষাৎ হবে। সম্মেলনের এক ফাঁকে তাঁদের মধ্যে বৈঠক হতে পারে।
২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে ওবামা ও রাউলের মধ্যে স্বল্প সময়ের জন্য দেখা হয়েছিল। পানামায় তাঁদের সাক্ষাৎ আরও বেশিক্ষণ স্থায়ী ও বেশি তাৎপর্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

গতকাল রাতে হোয়াইট হাউসের মুখপাত্র বেন রোডস বলেন, ‘আমরা নিশ্চিতভাবে প্রত্যাশা করতে পারি, সম্মেলনের দ্বিতীয় দিন কাল (আজ শনিবার) তাঁদের একে অপরের সঙ্গে দেখা হওয়ার সুযোগ রয়েছে। আমরা তাঁদের মধ্যে একটি আলোচনারও প্রত্যাশা করি।’

গত বুধবার এই সম্মেলনে যোগদানের উদ্দেশে ওয়াশিংটন ছাড়ার আগে রাউলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ওবামা।

কিউবা-যুক্তরাষ্ট্র সর্বশেষ উচ্চপর্যায়ের বৈঠক হয়েছিল ১৯৫৯ সালে। কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো এবং তখনকার মার্কিন ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ওই আলোচনায় অংশ নেন। এর দুই বছর পরই দুটি দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। কয়েক দশক পর গত বছর বারাক ওবামা ও রাউল কাস্ত্রোর ঘোষণার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের ‘নতুন অধ্যায়’ শুরু করার প্রক্রিয়া শুরু হয়। ওবামা তখন বলেন, কিউবার সঙ্গে সম্পর্ক ছিন্ন রাখার নীতি অকার্যকর প্রমাণিত হয়েছে।